মোহাম্মদপুরে ৯ হত্যা: অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৬ এপ্রিল
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জন আসামি রয়েছেন এ মামলায়।
জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয় দফা পিছিয়েছে।
প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২৬ এপ্রিল শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছে।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এই তারিখ নির্ধারণ করে দেয়।
এদিন অভিযোগ গঠনের শুনানির জন্য কারাগারে থাকা চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
তারা হলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
এ মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জন আসামি রয়েছেন।
আদালতে শুনানিকালে প্রসিকিউশনের পক্ষে এক সপ্তাহের সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
তিনি ট্রাইব্যুনালকে বলেন, "আমরা এক সপ্তাহ সময়ের আবেদন করছি। পরবর্তী তারিখে প্রথমে প্রসিকিউশন, পরে আসামিপক্ষ শুনানি উপস্থাপন করবে।"
এ সময় ট্রাইব্যুনাল আসামিপক্ষের বক্তব্য জানতে চাইলে তারা আসামিদের অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে আবেদন করবেন বলে আদালতকে জানান।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত অভিযোগ গঠন নিয়ে শুনানির জন্য ২৬ এপ্রিল দিন ধার্য করে।
এর আগে গত ৮ এপ্রিল এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।
সেদিন আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে জানিয়েছিলেন, প্রসিকিউশন থেকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হয়নি। এ কারণে তারা সময় চাইলে আদালত ১৫ এপ্রিল দিন ঠিক করে। বুধবার দ্বিতীয়বারের মত এই শুনানি পেছাল।
চলতি বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
তাদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।
পলাতক এই আসামিদের পক্ষে ট্রাইব্যুনাল থেকে রাষ্ট্রীয় আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগ দেওয়া হয়েছে।
প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নৃশংসতা চালায়।
আসামিদের ‘উসকানি, প্ররোচনা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ উপস্থিতিতে’ নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। তাতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন নিহত হন এবং আরও অনেকে গুরুতর আহত হন।
