ছয় মাসে মন্ত্রিসভার ৬৬% সিদ্ধান্ত বাস্তবায়ন
জানুয়ারি থেকে জুন পর্যন্ত মন্ত্রিসভার ১৪টি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ১২১টি।
এ বছর প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্তের ৬৬ দশমিক ১২ শতাংশ বাস্তবায়ন হয়েছে।
মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিক (এপ্রিল-জুন) প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়।
পরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এসে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, জানুয়ারি থেকে জুন পর্যন্ত মন্ত্রিসভার ১৪টি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ১২১টি। সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে ৮০টি ও বাস্তবায়নাধীন রয়েছে ৪১টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ দশমিক ১২ শতাংশ।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে জুন পর্যন্ত মন্ত্রিসভার সাতটি বৈঠক হয়। সে সময় সিদ্ধান্ত নেওয়া হয় ৬২টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় ৪০টি। আর ২২টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। এই হিসাবে দ্বিতীয় প্রান্তিকে সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৪ দশমিক ৫১ শতাংশ।
গত বছর একই সময়ে মন্ত্রিসভা বৈঠক হয়েছে সাতটি, সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৫৭টি। সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ৩৭টি ও বাস্তবায়নাধীন ছিল ২০টি সিদ্ধান্ত। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিলো প্রায় ৬৫ শতাংশ।
এ বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে চারটি নীতি বা কর্মকৌশল, চারটি চুক্তি বা প্রটোকল অনুমোদিত হয়েছে। একই সময়ে সংসদে আইন পাস হয়েছে ১০টি।
গত বছর একই সময়ে মন্ত্রিসভা বৈঠকে দুটি নীতি বা কর্মকৌশল, একটি চুক্তি বা প্রটোকল অনুমোদিত হয়েছে। ওই সময়ে সংসদে আইন পাস হয়েছে ছয়টি।
করোনাভাইরাস মহামারীর মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নের হার ‘সন্তোষজনক’ ছিল বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
