উশ্যেপ্রু মারমাকে জাতীয় নাগরিক কমিটি থেকে অব্যাহতি
তিনি তৃণমূল বিএনপির হয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে প্রার্থী হয়েছিলেন, সংবাদ মাধ্যমে সেই তথ্য জেনে এই সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে কমিটি।
আওয়ামী লীগ সরকারের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় উশ্যেপ্রু মারমা নামে এক সদস্যকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
শুক্রবার নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের সই করা এক ‘জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে’ এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, “সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদপত্রের বরাতে আমরা লক্ষ্য করেছি যে, জাতীয় নাগরিক কমিটির বর্ধিত কেন্দ্রীয় কমিটির সদস্য উশ্যেপ্রু মারমা বিগত ২০২৪ সালের ৭ জানুয়ারির ‘ডামি নির্বাচনে’ তৃণমূল বিএনপির হয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে প্রার্থী হয়েছিলেন।
“আওয়ামী ‘ফ্যাসিবাদের’ অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অবৈধ জাতীয় নির্বাচন জাতির সঙ্গে প্রহসনের এক নির্মম চিত্র।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এমন নির্বাচনে প্রার্থিতা করা কেউ জাতীয় নাগরিক কমিটির কোনো পর্যায়েই সদস্য হিসেবে থাকতে পারেন না। কাজেই উশ্যেপ্রু মারমাকে সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হল।”
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের কিছুদিন পর এই জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। উশ্যেপ্রু মারমা গত জানুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পরেও কীভাবে এই কমিটিতে তাকে নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভবিষ্যতে জাতীয় নাগরিক কমিটি এ সংক্রান্ত ব্যাপারে অধিকতর সতর্কতা অবলম্বন করবে।”
