Published : 02 Sep 2026, 12:21 AM
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা তানভীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়েছেন।
তিনি বলেন, “জরুরি বিভাগ থেকে ইকবাল হাসান মাহমুদকে সিসিইউতে নেওয়া হয়েছে।”
প্রায় এক ঘণ্টা আগে তিনি হাসপাতালে এসেছেন বলেও জানান এ কর্মকর্তা।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ঠান্ডা, জ্বর ও কাশির সঙ্গে শ্বাসকষ্ট হওয়ায় মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে তার চিকিৎসায় মেডিকেল বোর্ড বসবে। এরপর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকও মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করার তথ্য দিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু গত ১৭ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী হিসেবে শপথ নেন।