Published : 23 Oct 2025, 09:29 PM
সামনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অনেকদূর যাবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক সহ-সভাপতি (ভিপি) আমানউল্লাহ আমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠার ১৯ বছর উদযাপন অনুষ্ঠানে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি।
বিএনপি নেতা আমানউল্লাহ আমান বলেন, “সঠিকভাবে সংবাদ প্রচার করায় অনেক বাধার সম্মুখীন হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর। আমি বিশ্বাস করি, সে বাধা পেরিয়ে যেহেতু আজ এতদূর আসতে পেরেছে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অনেকদূর যাবে।”
তিনি বলেন, বিডিনিউজ টোয়েন্টিফোর জনগণের কাছে এমনভাবে সমাদৃত হয়েছে, যে তাৎক্ষণিকভাবে একটা সংবাদ সারা বিশ্বের কাছে পৌঁছে দেয়। তাদের কাজে যেমন বস্তুনিষ্ঠতা আছে, তেমনি বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়েও এগিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন বিএনপির এ নেতা।