Published : 24 Jun 2025, 09:07 PM
আসন্ন এইসএসসি ও সমমানের পরীক্ষার সময় পরীক্ষার্থীদের হাতে ‘যথেষ্ট সময়’ নিয়ে বাসা থেকে বের হতে বলেছে পুলিশ।
যারা ব্যক্তিগত যানবাহনে কেন্দ্রে যাবেন, তাদেরকে ‘নিকটবর্তী’ স্থানে নেমে পায়ে হেঁটে কেন্দ্রে যেতে অনুরোধ করা হয়েছে।
কেন্দ্রের আশেপাশের সড়কে গাড়ি রাখলে আইন অনুযায়ী ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত ‘নির্বিঘ্ন’ করতে এবং ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ‘স্বাভাবিক’ রাখতে এমন একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, এবার ঢাকার ৮৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে।
নগরবাসী ও যানবাহন চালকদের প্রতি দেওয়া নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “যে সকল পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে পরীক্ষা কেন্দ্রে আসবেন তারা পরীক্ষা কেন্দ্রের সম্মুখে নামার পরিবর্তে কম ব্যস্ত নিকটবর্তী স্থানে নেমে পরীক্ষা কেন্দ্রে হেঁটে আসবেন। পরীক্ষা শেষে ফেরার সময়ও কেন্দ্র থেকে হেঁটে গিয়ে নিকটবর্তী কম ব্যস্ত কোন স্থান হতে গাড়িতে উঠবেন।
“কোনো যানবাহন কোনোক্রমেই পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী সড়কে পার্কিং করে রাখা যাবে না। পার্কিং করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিভাবকদেরও পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সড়কে অবস্থান না করার অনুরোধ জানিয়ে ডিএমপি বলেছে, সড়কে অবস্থান করে যান চলাচল বিঘ্ন সৃষ্টি করা সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী অর্থদণ্ডযোগ্য অপরাধ।
পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা যাওয়ার ‘সুবিধার্থে’ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে এবং পরীক্ষা শেষের এক ঘণ্টা পর পরীক্ষার্থী বাদে সবাইকে ‘জরুরি প্রয়োজন ছাড়া’ কেন্দ্র সংলগ্ন সড়ক ‘যথাসম্ভব’ পরিহার করতে বলা হয়েছে।
আগামী ২৬ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ অগাস্ট পর্যন্ত। ১১ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো।