জাতীয় মৎস্য সপ্তাহের সব কর্মসূচি স্থগিত
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করার কথা ছিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের।
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনার প্রেক্ষাপটে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধন অনুষ্ঠানসহ সব আয়োজন স্থগিত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার (তথ্য ও জনসংযোগ কর্মকর্তা) মো. মামুন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অর্থাৎ, বুধবার অনুষ্ঠেয় উদ্বোধনী অনুষ্ঠানসহ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর পূর্বনির্ধারিত সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করার কথা ছিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের। তবে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠান একদিন পিছিয়ে বুধবার একই সময়ে একই স্থানে অনুষ্ঠিত হবে।
এখন বুধবারের কর্মসূচিও বাতিল হয়ে যাওয়ায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলছে, পরে সুবিধাজনক সময়ে জাতীয় মৎস্য সপ্তাহের নতুন তারিখ ও কর্মসূচি ঘোষণা করা হবে।
সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে সার্ধশতাধিক হতাহতের ঘটনা ঘটে, যার বেশিরভাগই শিশু।
