অবশেষে মাকে কাছে পেল শিশু প্রণয়
“১২ দিন পর প্রণয় মাকে কাছে পেল। মাকে ছাড়া শুকায় গেছে, ঠান্ডা লেগে গেছে ওর।"
প্রায় ১২ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ধামরাইয়ের গৃহবধূ তপসা বিশ্বাস; আর তার সেই দেড় বছরের ছেলে প্রণয় বিশ্বাস পেয়েছে মায়ের সান্নিধ্য।
রোববার জামিন আদেশের পর সোমবার কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হন তপসা। বিকেলে ছেলেকে কোলে নেওয়ার সুযোগ হয় তার।
প্রণয়ের ফুফাতো ভাই শেখর মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকাল আইনজীবী জানালেন জামিন শুনানি হবে না। আমরা তখন বাসার দিকে রওনা দিলাম। পথিমধ্যে ফোন করে আইনজীবী বললেন জামিন হয়ে গেছে।
"আজ বিকাল ৩টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি দিয়েছে। ১২ দিন পর প্রণয় মাকে কাছে পেল। মাকে ছাড়া শুকায় গেছে, ঠান্ডা লেগে গেছে ওর।"
গাজীপুরের কালিয়াকৈর থানার একটি চুরির মামলায় দণ্ডিত আসামিকে ধরতে ধামরাই থানা এলাকায় অভিযানে গিয়ে গত ২৩ জানুয়ারি হামলার শিকার হয় পুলিশ। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় দুই নারীসহ চারজনকে। পুলিশের কাজে বাধা ও মারধরের অভিযোগে মামলা হয় তাদের বিরুদ্ধে।
তপসা বিশ্বাস তাদেরেই একজন। বাকিরা হলেন কিরণ মালা, বাদল চন্দ্র সরকার ও দুলাল চন্দ্র সরকার।
২৪ জানুয়ারি তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ দুই নারীর রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর দুই আসামিকে একদিনের রিমান্ডে পাঠানো হয়।
পরদিন মায়ের জামিনের আশায় প্রণয়ের দিন কাটে আদালত প্রাঙ্গণে। সকালে খালা সরলা বিশ্বাসের সঙ্গে আদালতে এসে বিকেলে ফিরে যায় শিশু। এরপর গত বৃহস্পতিবারও তারা তপসার জামিনের আশায় আদালতের বারান্দায় দিন পার করেন।
আদালত প্রাঙ্গণে সরলা আর প্রণয়ের সারাদিন অপেক্ষার বিষয়টি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদনও প্রকাশিত হয়।
সরলা সেদিন বলেছিলেন, "বাচ্চাটা মায়ের জন্য কান্নাকাটি করে, কিছু খায় না, ঘুমোয় না। মায়ের কাছে যেতে চায়। অসুস্থ হয়ে পড়েছে, ঠান্ডাও লেগেছে। কি যে ঝামেলায় আছি!”
রোববার তপসার জামিন শুনানির দিন ধার্য ছিল। এজন্য প্রণয়কে নিয়ে খালা সরলা আদালতে আসেন। আসেন আত্মীয়-স্বজনরাও। তবে আইনজীবী তাদের জানান, জামিন শুনানি হবে না। মন খারাপ করে ধামরাইয়ের পথে রওনা হন তারা।
তবে এরই মাঝে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটির আদালতে তপসা এবং কিরণা মালার পক্ষে আইনজীবী ইরশাদুল হক জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
ইরশাদুল হক বলেন, "গতকাল রোববার তপসা বিশ্বাস এবং কিরণ মালার জামিন মঞ্জুর হয়। আজ তারা কারামুক্ত হয়েছেন।"
মামলার বাদী ধামরাই থানার এসআই সুবোধ চন্দ্র বর্মন বলেন, গাজীপুরের কালিয়াকৈর থানার একটি চুরির মামলায় বাবুল আক্তার নামে এক আসামির সাজা হয়। বাবুল ধামরাই থানার বাইশাকান্দা ইউনিয়নের বেরশ গ্রামে হরিলাল বিশ্বাসের বাড়িতে অবস্থান করছে খবর পেয়ে তারা সেখানে অভিযানে যান।
“কিন্তু হরিলালের লোকজন আমাদের ওপর হামলা করে। তাদের সাথে মহিলারাও ছিল। শুক্রবার (২৩ জানুয়ারি) ছিল স্বরস্বতী পূজা। ওই বাড়িতে অনেক লোকজন ছিল।
“হরিলাল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সে ভেবেছিল তাকে ধরতে গেছি। এ কারণে তার নেতৃত্বে আমাদের ওপর হামলা করে। তার স্ত্রী তপসা ও ছেলে সৌরভ বিশ্বাস সবচেয়ে বেশি হামলা চালায়। এ কারণে মামলা করেছি।"
তপসা বিশ্বাসের স্বামী হরিলাল বিশ্বাস এবং ছেলে সৌরভ বিশ্বাসও এ মামলার আসামি। তবে বাবুলকে ওই বাড়িতে পায়নি পুলিশ।
