২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার: ঐক্যমত্য কমিশনে মতামত দিল আরও দুটি দল

এ নিয়ে মোট ১৩টি রাজনৈতিক দল মতামত দিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2025, 09:25 PM

Updated : 26 Aug 2026, 12:02 PM

বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশের ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে আরও দুটি দল তাদের মতামত জমা দিয়েছে। 

জাতীয় ঐক্যমত্য কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার মতামত দেওয়া দল দুটি হল–আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও নাগরিক ঐক্য।

এ নিয়ে মোট ১৩টি রাজনৈতিক দল মতামত দিল। 

বিএনপি-জামায়াতসহ ১৬টি রাজনৈতিক দল এখনো তাদের পূর্ণাঙ্গ মতামত দেয়নি। দলগুলো এজন্য আরও কয়েকদিন সময় চেয়েছে।

এর আগে মতামত দেওয়া ১১টি দল হল- লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ও ‘আম জনতার দল’, রাষ্ট্রসংস্কার আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ লেবার পার্টি।

সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে ও ঐকমত্যে পৌঁছাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি কমিশন কাজ শুরু করে।

সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন গত ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে বলে তুলে ধরা হয় বিজ্ঞপ্তিতে।

রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কার কমিশনগুলোর সুপারিশের বিষয়ে মতামত পাওয়ার পরই আলোচনা শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন।

১৩ মার্চের মধ্যে দলগুলোকে সুনির্দিষ্ট মতামত পাঠাতে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। নির্ধারিত তারিখের মধ্যে কেবল ৭টি দল তাদের মতামত জানিয়েছিল।

এর বাইরে সংস্কার কমিশনের অন্যান্য সুপারিশের বিষয়ে দলের মতামত থাকলে কমিশন সেটিও গ্রহণ করবে বলে চিঠিতে বলা হয়েছিল।

গত ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার দেশের গণতান্ত্রিক উত্তরণে রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে দুই ধাপে ১১টি সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে প্রথম ধাপের ছয়টি কমিশনের প্রতিবেদন গেল ফেব্রুয়ারি মাসে প্রকাশ করা হয়েছে। 

সংস্কার: ঐকমত্য কমিশনে মতামত দিল আরও চার দল