২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি অভিযোগ

এছাড়া তিন বছর আগের গুমের অভিযোগে র‌্যাবের ছয় সদস্যের বিরুদ্ধেও একটি অভিযোগ জমা পড়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 07:22 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

কোটা সংস্কার আন্দোলনের সময় একটি মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ জমা পড়েছে। 

এছাড়া তিন বছর আগের গুমের অভিযোগে র‌্যাবের ছয় সদস্যের বিরুদ্ধেও একটি অভিযোগ জমা পড়েছে। 

রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ দুই অভিযোগ দায়ের করা হয় বলে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ জানান।

দুই অভিযোগের একটির ঘটনা দেখানো হয়েছে ২০২১ সালের ২৮ জুলাই এবং অপর ঘটনাটি হলো ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ১৮ জুলাই। 

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বিকাল ৫.৫০টার দিকে উত্তরা আজমপুর রাজউক কমার্শিয়াল মার্কেটের সামনে ফুট ব্রিজের নিচে গুলিতে নিহত হন ডাক্তার সজীব সরকার। 

সজীবের বাবা হালিম সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বায়দুল কাদেরসহ ৩০ জনকে আসামি করে মামলা করেন। তার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। 

ঘটনার বিবরণে বলা হয়, সজীব সরকার তার ভাই আব্দুল্লাহকে উত্তরা এলাকার একটি মাদ্রাসা থেকে তাদের নরসিংদীর বাড়িতে আনতে গিয়ে পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আরেকটি অভিযোগ দায়ের করেন ডাক্তার ইসরাত রফিক ঈশিতা। 

অভিযোগে বলা হয়, ইসরাত রফিক ঈশিতাকে ২০২১ সালের ২৮ জুলাই তার ঢাকার কাফরুলের বাসা থেকে র‍্যাব সদস্যরা ধরে নিয়ে যান। পাঁচ দিন ‘গুম’ রাখার পর ওই বছরের ১ অগাস্ট তাকে র‍্যাবের মিডিয়ায় উপস্থাপন করে। একদিন পর তাকে তিনটি মামলাসহ কোর্টে হাজির করে।  

ঈশিতা আরও অভিযোগ করেন, এই পাঁচদিনে তার উপর ‘অমানুষিক নির্যাতন’ করা হয় এবং তাকে ‘ভুয়া ডাক্তার’ হিসেবে উপস্থাপন করে ‘সার্টিফিকেট জাল’ বলে সংবাদ সম্মেলন করা হয়। পরে মাদকসহ তাকে আদালতে তোলা হয়।