Published : 22 Dec 2025, 11:55 AM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপতথ্য নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং সেল গঠন করতে চলেছে নির্বাচন কমিশন।
এই সেল তৈরিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছ থেকে মেজর/ এসপি/উপসচিব পদমর্যাদার প্রতিনিধির তালিকা চেয়েছে কমিশন।
ইসির উপসচিব মোহাম্মদ মনির স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি পাঠানো হয় সংশ্লিষ্টদের কাছে।
এতে বলা হয়েছে, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন। এ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক 'আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটি' গঠন করা হয়েছে।
“কমিটির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহের প্রতিনিধিগণের সমন্বয়ে 'আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল' গঠন করা হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, “এমতাবস্থায় অভিজ্ঞতাসম্পন্ন প্রতিনিধি (উপ-সচিব/মেজর/পুলিশ সুপার সমমর্যাদার নিচে নয়। মনোয়ন করে জরুরি ভিত্তিতে নাম ও মোবাইল নম্বর সরবরাহের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
“মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন একই সঙ্গে নিজ নিজ বাহিনীর সংগঠন, চেইন অব কমান্ড, মোতায়নের তথা ইত্যাদি বিষয়ে জ্ঞান সম্পন্ন, সদর দপ্তর থেকে মাঠপর্যায়ে মোতায়েনকৃত সকল প্রতিনিধির সাথে যোগাযোগ স্থাপন ও দক্ষতার সাথে তথ্য আদান প্রদানে সক্ষমতা সম্পন্ন হতে হবে। “
ইসির সিদ্ধান্ত অনুযায়ী সোমবারের মধ্যে প্রতিনিধি মনোনয়ন করে নির্বাচন কমিশনকে জানানোর কথাও বলা হয়েছে।
মনোনয়নপত্র জমার শেষ তারিখ, বাছাই, আপলি ও নিষ্পত্তির সময়, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ রেখে গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ভোট হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
নির্বাচন ব্যবস্থাপনা: ইসিতে মাঠ প্রশাসনের 'ব্রিফিং' এগিয়ে আনা হল