Published : 08 Jul 2025, 08:21 PM
বাংলাদেশ সচিবালয়ে ক্ষতিকর ‘একবার ব্যবহার্য’ প্লাস্টিক বা ‘সিঙ্গেল ইউজ’ প্লাস্টিকের পণ্যসামগ্রীর ব্যবহার ২ অক্টোবর থেকে বন্ধ করে দেওয়ার কথা বলেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
তিনি বলেছেন, এই সিদ্ধান্ত কার্যকরের জন্য অগাস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতির সময় দেওয়া হবে। সেই সঙ্গে অধীনস্থদের প্লাস্টিকের ব্যবহার কমাতে নির্দেশনা দেওয়া হবে।
মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে মন্ত্রিপরিষদ সচিব বক্তব্য রাখছিলেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ করতে সরকার এরইমধ্যে ১৭ ধরনের সামগ্রীকে একবার ব্যবহার্য প্লাস্টিক হিসেবে চিহ্নিত করেছে।
এর মধ্যে রয়েছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈজসপত্র, চকলেটের মোড়ক, প্লাস্টিকের দাওয়াত কার্ড ও ব্যানার, স্টাইরোফোমের খাবার ধারক, পাতলা প্লাস্টিক মোড়কযুক্ত পণ্য, প্লাস্টিক বোতল ও ক্যাপসহ বিভিন্ন সামগ্রী।
আব্দুর রশীদ বলেন, “মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনতে হবে। শুধু নিজের স্বার্থেই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এই পদক্ষেপ গ্রহণ করতে হবে।
“আমরা যেন তাদের জন্য একটি নিরাপদ ও পরিবেশবান্ধব পৃথিবী রেখে যেতে পারি।”
অর্থ বিভাগের মাল্টিপারপাস হল রুমে ‘সাসটেইনেবল প্লাস্টিক ইউজ ইন দ্য সেক্রেটারিয়েট: আ ফিউচার ফর সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি এনভায়রনমেন্ট’ শীর্ষক এই সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ বলেন, সব মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় সচিবালয়কে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করতে পরিবেশ মন্ত্রণালয় দ্রুত একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেবে বলেও তুলে ধরেন তিনি।
আরও পড়ুন: