Published : 20 Sep 2025, 07:10 PM
‘সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট’ (সিজেডএম) কর্মকর্তাদের সঙ্গে দিনভর বিভিন্ন আলোচনা ও মতবিনিময়সহ করেছেন বাংলাদেশে সফররত আফ্রিকান প্রতিনিধি দলের সদস্যরা।
শনিবার গুলশানের একটি হোটেলে তারা পরস্পর অভিজ্ঞতা বিনিময় করেন।
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যাকাত, ওয়াক্ফ ও ইসলামিক সামাজিক অর্থায়নে সক্ষমতা উন্নয়ন প্রকল্পের আওতায় নাইজেরিয়া, সেনেগাল, ক্যামেরুন ও গাম্বিয়ার ১০ সদস্যের একটি প্রতিনিধি দল গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় এসেছে। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন।
সফরের অংশ হিসেবে দলটি শনিবার সিজেডএম কর্মকর্তাদের সঙ্গে নানা কর্মসূচিতে অংশ নিয়েছে। সকালে অনুষ্ঠান শুরু হয় পরিচয়পর্ব ও বাংলাদেশের উপর একটি উপস্থাপনার মধ্য দিয়ে।
সিজেডএমের করপোরেট অ্যাফেয়ার্স প্রধান জাকারিয়া হোসাইন অতিথিদের সামনে বাংলাদেশ সম্পর্কে সারসংক্ষেপ তুলে ধরেন। পরে সিজেডএমের স্বাস্থ্য, শিক্ষা ও জীবিকাভিত্তিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সিজেডএমের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব মিয়া সিজেডএমের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্রতিনিধি দলটির কাছে। অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন তিনি। এ ছাড়া সিজেডএমের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে প্রতিনিধি দলটি মতবিনিময় করে।
সিজেডএম পরিচালনা বোর্ড, উপদেষ্টা কাউন্সিল, নির্বাহী কমিটি, উইমেনস ফোরাম ও শরিয়া সুপারভাইজরি বোর্ডের সদস্যদের সঙ্গেও প্রতিনিধি দলটি মতবিনিময় সভা করেছে। সেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পশ্চিম আফ্রিকার যাকাত ও ওয়াক্ফ ফোরামের ডেপুটি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ লাওয়াল মাইডকি।
আফ্রিকান প্রতিনিধিদলের প্রধান মাইডকি বলেন, “সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট বাংলাদেশে দরিদ্র ও অসহায় মানুষের জন্য খুবই ফলপ্রসূ কাজ করে যাচ্ছে। আমরা তাদের কিছু কার্যক্রম আমাদের দেশে বাস্তবায়ন করতে চাই। এ লক্ষ্যে আমরা শিগগিরই একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করব।”
সভায় নাইজেরিয়া, গাম্বিয়া, সেনেগাল ও ক্যামেরুনের প্রতিনিধিরা তাদের দেশের যাকাত ও ওয়াক্ফ ভিত্তিক বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আরও পড়ুন-