২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্ক বাড়ানোর ইচ্ছার সঙ্গে এয়ারবাসকে মেলানো ‘ভুল’: ফরাসি রাষ্ট্রদূত

“অনেক বিশেষজ্ঞ ও সাংবাদিক এটাকে শুধু বাণিজ্যিক কারণ হিসাবে চিন্তা করতে চাইছেন, অবশ্যই তারা ভুল,” বলেন রাষ্ট্রদূত।

সম্পর্ক বাড়ানোর ইচ্ছার সঙ্গে এয়ারবাসকে মেলানো ‘ভুল’: ফরাসি রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2024, 12:09 AM

Updated : 26 Aug 2026, 09:59 AM

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে নিতে ফ্রান্সের ইচ্ছার পেছনে পুরোপুরি বাণিজ্যিক বিষয় জড়িত নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।

ফ্রান্সের জাতীয় দিবস ঘিরে দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ফ্রান্স যে কৌশলগত অংশীদারত্বের উন্নয়ন ঘটাতে চায়, তার সঙ্গে এয়ারবাস উড়োজাহাজ ক্রয়চুক্তির বিষয়টিকে মেলানো ‘ভুল’।

দুই দেশের সম্পর্ক বর্তমান সময়ের মত করে আগে কখনও ‘বলিষ্ঠ হয়নি’ মন্তব্য করে রাষ্ট্রদূত বলেন, “বিগত মাসগুলোতে আমার কাছে অনেকবার জানতে চাওয়া হয়েছে, এ অঞ্চলে একাধিক শক্তিশালী কৌশলগত অংশীদার থাকার মধ্যেও ফ্রান্স কেন বাংলাদেশের মতো দেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব তৈরি করতে চাচ্ছে?

“অনেক বিশেষজ্ঞ ও সাংবাদিক এটাকে শুধু বাণিজ্যিক কারণ হিসাবে চিন্তা করতে চাইছেন এবং তারা তথাকথিত ‘এয়ারবাস চুক্তি’ এবং একই ধরনের অন্যান্য ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিকে উল্লেখ করতে আগ্রহী। কিন্তু অবশ্যই তারা ‘ভুল’ (এবং আমাদের প্রতিযোগীদের দ্বারা পক্ষপাতদুষ্ট!)”

রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এখনকার ২১টি উড়োজাহাজের ১৬টিই বোয়িংয়ের তৈরি। বিমানের এমডি বহরে ভিন্নতা আনার পক্ষে নানা যুক্তি দিলেও মিশ্র বহরে খরচ বেড়ে যাওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

বহরে নতুন সুপরিসর উড়োজাহাজ যোগ করার চেষ্টা কয়েক বছর ধরেই করছে রাষ্ট্রীয় পতাকাবাহী এ বিমান সংস্থা। এ নিয়ে শীর্ষস্থানীয় উড়োজাহাজ নির্মাতা দুই কোম্পানি তাদের আগ্রহ দেখিয়ে বিভিন্ন পর্যায়ে দেন-দরবার চালিয়ে যাচ্ছে।

সরকারের দিক থেকে বলা হয়েছে, এই মুহূর্তে ইউরোপভিত্তিক উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এয়ারবাসের প্রস্তাব যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

এর মধ্যে গত সেপ্টেম্বরে ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেন, বাংলাদেশ ফ্রান্সের কোম্পানি এয়ারবাস থেকে ১০টি বড় উড়োজাহাজ ‘কেনার প্রতিশ্রুতি’ দিয়েছে।

ইউরোপের এ নির্মাতা কোম্পানির আটটি যাত্রী ও দুটি পণ্যবাহী উড়োজাহাজ কেনার ব্যাপারে আলোচনায় অগ্রগতিও হয়েছে। গত এপ্রিলে বিমানের পর্ষদ সভায় তাদের প্রস্তাব যাচাই-বাছাই, দরকষাকষিসহ ক্রয় প্রক্রিয়াটি এগিয়ে নিতে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।

দেন-দরবারে পিছিয়ে নেই যুক্তরাষ্ট্রভিত্তিক বোয়িংও। তারা বলছে, বোয়িং কিনলে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ) ক্যাটাগরি-১ এ উন্নীতকরণে সহায়তা করবে।

এর মধ্যে গত ২২ মে এক ব্রিফিংয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত মাসদুপুই বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী ফ্রান্স সফরেই এ বিষয়ে চুক্তি হবে। তবে, ওই সফরের দিনক্ষণ এখনো ঠিক হয়নি।

রাষ্ট্রদূতের ব্রিফিংয়ের আগের দিনও মঙ্গলবার ঢাকায় বোয়িংয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একটি দল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোয়িং কিনলে লাভের বিষয়গুলো তুলে ধরেন।

তাদের দাবি, অন্য কোনো নির্মাতার চেয়ে তাদের উড়োজাহাজের দাম কম এবং পুরো প্রস্তাব আর্থিকভাবে সাশ্রয়ী, যাতে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিমান লাভবান হবে।

চারটি যাত্রীবাহী এবং দুটি কার্গো উড়োজাহাজ বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্রের এ কোম্পানি, যা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিমান বাংলাদেশ।

বোয়িং চাচ্ছে, বাংলাদেশ যেভাবে কমিটি গঠন করে এয়ারবাসের প্রস্তাব মূল্যায়ন করছে, সেভাবে যেন তাদের উড়োজাহাজের বিষয়েও মূল্যায়ন করা হয়। বোয়িংয়ের কর্মকর্তারা এ বিষয়ে সরকারের কাছ থেকে সেই মূল্যায়নের আশ্বাস পাওয়ার দাবি করেছেন।

সরকারের দিক থেকে এ বিষয়ে সিদ্ধান্ত ঝুলে থাকার মধ্যে এ যাত্রায় এয়ারবাস থেকেই উড়োজাহাজ কেনা হচ্ছে বলে মে মাসের শেষে স্পষ্ট ধারণা দেন বিমানের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শফিউল আজিম।

এয়ারবাসের বিষয়টিকে এড়িয়ে সম্পর্ককে শক্তিশালী করার ইচ্ছার পেছনে এ অঞ্চলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ হওয়ার কথা বৃহস্পতিবার তুলে ধরেন রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।

তিনি বলেন, “পৃথিবীর এ অংশের স্থিতিশীলতার জন্য আপনাদের দেশের ভাগ্য ও পথচলা গুরুত্ব বহন করে, যেটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রে রয়েছে।

“এ অঞ্চলে আপনাদের দেশ গুরুত্বপূর্ণ, এ ধারণার উপর ভিত্তি করেই ফ্রান্সের সম্পর্ক তৈরির আগ্রহ।”

অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, স্বাধীনতার পর প্রথম সারির দেশ হিসেবে বাংলাদেশকে ফ্রান্সের স্বীকৃতির মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক গড়ে উঠেছে। পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে এই সম্পর্ক কেবল সামনের দিকেই এগিয়ে গেছে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষে সাহিত্যিক অঁদ্রে মালরোসহ ফরাসি কবি-সাহিত্যিক ও নাগরিক সমাজের জনমত গঠনের কথাও সময় স্মরণ করেন আইনমন্ত্রী।

পুরনো খবর-

এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ