২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মীর আরেক মামলায় গ্রেপ্তার বিমানের সেই স্টুয়ার্ড

স্টুয়ার্ড জিসানের বিরুদ্ধে মামলায় ভুয়া কাবিননামা তৈরি করে হয়রানির অভিযোগ করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2025, 09:41 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

ঢাকা বিমানবন্দর থানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রুর করা মামলায় সংস্থাটির ফ্লাইট স্টুয়ার্ড জিসান আহমেদ ছাকিনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের পর তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করে র‌্যাব-১।

জিসান একই কেবিন ক্রুর পর্নোগ্রাফি আইনের একটি মামলাতেও এর আগে গ্রেপ্তার হয়েছিলেন।

এবার বিমানবন্দর থানায় করা নকল কাবিননামা তৈরি করে হয়রানির অভিযোগের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উত্তরা পূর্ব থানার ওসি গোলাম মোস্তফা বলেন, “জিসানকে গ্রেপ্তারের পর উত্তরা পূর্ব থানায় দিয়ে গেছে র‌্যাব। মূলত বিমানবন্দর থানায় করা একটি জাল-জালিয়াতির মামলায় পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।”

পুলিশ বলছে, জিসানের বিরুদ্ধে ভুয়া কাবিননামা তৈরির মামলায় একজন কাজীসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, জিসানের সঙ্গে সেই কেবিন ক্রুর বিয়ের কথাবার্তার পর বাগদান সম্পন্ন হয়। পরবর্তীতে বেড়াতে যাওয়ার কথা বলে এক আত্মীয়ের বাসায় নিয়ে জিসান তাকে ‘ধর্ষণ করেন’ বলে অভিযোগ করেন।

এজাহারে বলা হয়, ছবি ও ভিডিও ধারণ করে ঘনিষ্ঠ মহলে ‘ছড়িয়ে দেন’ জিসান। পরে পর্নোগ্রাফি আইনে মামলা করলে তিনি গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পর দুই পরিবারের আত্মীয়-স্বজনদের মাধ্যমে আপোষ-মীমাংসায় জিসান সমস্ত ভিডিও ও ছবি সরিয়ে ফেলার আশ্বাস দিয়ে জামিনে মুক্ত হন। কিন্তু কারাগার থেকে বেরিয়ে তিনি এক কাজীর সহযোগীতায় ভুয়া কাবিননামা তৈরি করে সেই কেবিন ক্রুকে স্ত্রী দাবি করে নানাভাবে হয়রানি করেন।

অপরদিকে সেই কেবিন ক্রুর বিরুদ্ধে বিয়ের ‘প্রলোভন, হানি ট্র্যাপ ও ব্ল্যাকমেইলিং’ এর মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছেন একজন ফ্লাইট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার।

সেই মামলায় রোববার আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলাটিতে মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত কেবিন ক্রুর জামিন মঞ্জুর করেন।