২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম

অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবন এবং জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম
অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল মঙ্গলবার পররাষ্ট্র ‍প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 09:32 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের একটি প্রতিনিধিদল নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আসছেন স্পিকার মিল্টন ডিক।

তাদের সফরসূচিতে জাতীয় সংসদের কার্যক্রম দেখার কর্মসূচি থাকার কথাও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার পররাষ্ট্র ‍প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক বৈঠকে প্রতিনিধিদলের সফরের বিভিন্ন দিক তুলে ধরেন ঢাকায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন অস্ট্রেলীয় প্রতিনিধিদলের সদস্যরা।

তারা জাতীয় সংসদ ভবন এবং জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। পাশাপাশি সংসদ অধিবেশনের কার্যক্রম দেখবেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সরকার গঠনের পর এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশে জ্বালানি চাহিদা মেটাতে অস্ট্রেলিয়া থেকে এলএনজি সরবরাহের সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা করেছেন হাই কমিশনার। 

কৃষি ও জলবায়ু পরিবর্তন খাতে সহযোগিতার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলাপ করেছেন তিনি।

অন্যদিকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশের শ্রম শক্তির দক্ষতার উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে সহযোগিতার উপর জোর দিয়েছেন।