Published : 24 Oct 2024, 09:48 PM
সংবিধানের চতুর্থ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন এক মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের পক্ষে অ্যাডভোকেট এএসএম শাহরিয়ার কবির বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই আবেদন করেন।
অ্যাডভোকেট শাহরিয়ার কবির বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন এবং একদলীয় রাজনীতি – বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ-বাকশাল চালু করা হয়।
রিট আবেদনে চতুর্থ সংশোধনীকে ‘বেআইনি, চরম বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ ঘোষণার দাবি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব; প্রধান উপদেষ্টার কার্যালয়ে মুখ্য সচিব; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব; উপদেষ্টার একান্ত সচিব ও আইন সচিবকে এ মামলায় বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়, সংবিধানের চতুর্থ সংশোধনী মৌলিক কাঠামোকে ধ্বংস করে গণতান্ত্রিক রাজনীতিকে ব্যাহত করেছে। সংশোধনীটি স্বীকৃতির বাইরে সংবিধানকে পরিবর্তন করেছে এবং সংবিধানের অপরিহার্য চরিত্রকে ধ্বংস করেছে। উল্লিখিত সংশোধনীটি একাধিক দলীয় পদ্ধতির ভিত্তিতে একটি গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতির সরকারকে প্রতিস্থাপিত করেছে। এ সংশোধনী কোনো জনগণের ম্যান্ডেট ছাড়া রাতারাতি করা হয়েছিল।
“স্বাধীন মত প্রকাশ, সমিতি, মিছিলের মৌলিক অধিকার অস্বীকার করা হয়েছিল। আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল।”
আগামী রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এ রিট আবেদনের শুনানি হতে পারে বলে জানান অ্যাডভোকেট শাহরিয়ার কবির।