সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিনের স্ত্রী মারা গেছেন
গ্রেপ্তারের পর কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন মোস্তফা জালাল মহিউদ্দিন।
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের স্ত্রী নওজাত বেগম মারা গেছেন।
বৃহস্পতিবার ভোরে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের পরিচালক (হাসপাতাল) ডা. ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নওজাত বেগম হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন। নানা অসুস্থ্যতা নিয়ে তিনি সেখানে ভর্তি ছিলেন।
“তিনি স্ট্রোক নিয়ে হাসপাতালে এসেছিলেন। সেখান থেকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর হাসপাতালেই কয়েকদিন ধরেই ভর্তি ছিলেন। শুরুতে কেবিনে, সেখান থেকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউ থেকে আবার সিসিইউতে। সেখানেই আজ ভোরে মারা যান।”
গত বছরের ৫ অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হন সাবেক এমপি মহিউদ্দিন। বর্তমানে তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএর সভাপতি ছিলেন তিনি। ১৯৯৩ সালের ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠা করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে ১৯৯১ সালে ঢাকা-৮ থেকে নির্বাচনে অংশ নিয়ে বিএনপির মীর শওকত আলীর কাছে এবং ২০১৪ সালের নির্বাচনে ঢাকা-৭ থেকে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিমের কাছে পরাজিত হন মহিউদ্দিন।
২০২২ সালের ২৪শে ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে মোস্তফা জালাল মহিউদ্দিনকে সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত করা হয়।
