Published : 26 Jul 2026, 07:34 PM
ঢাকার মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের এক এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার বিকেলে চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তারের তথ্য দিয়েছেন পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা।
গ্রেপ্তাররা হলেন- শরীফ উদ্দিন বাবু (২১), নাজমুল হাসান (২৩), মো. ইমন (২৩) ও মো. জুয়েল (২২) ।
পুলিশ কর্মকর্তা জুয়েল রানা বলেন, “চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।”
গেল বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরে নিজ বাসার কাছে পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত এসআই ওসমান গণিকে ছুরিকাঘাত করা হয়। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন শাখায় কর্মরত আছেন।
সেদিন মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেছিলেন, এটি ছিনতাইয়ের ‘ঘটনা নয়’।
তাদের ধারণা, ‘পুর্ব শত্রুতার জেরে’ এই হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্ত্রী ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার করার পর বাসায় ফিরছিলেন এসআই ওসমান গণি।
সে সময় পেছন থেকে তার পিঠে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতের পর আহত পুলিশ সদস্য হামলাকারীকে ধাওয়া করলেও তাকে আটক করতে পারেননি।
গুরুতর আহত হওয়ার পর প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেন ওসমান গণি। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে। তার পিঠে ৪৩টি সেলাই লেগেছিল।
ঘটনার পর ওসমান গনি নিজেই বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।
আরও পড়ুন: