২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান কাপে সাফল্য গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা

“এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2025, 11:39 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

প্রথমবারের মত উইমেন’স এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার ইতিহাস গড়া সাফল্যে নারী ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বুধবার অভিনন্দন বার্তায় তিনি বলেছেন, “এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ।”

এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে বলে মনে করেন তিনি।

ইয়াংগুনে বুধবার মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। দিনের অন্য ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ ড্র করে। তাতে গ্রুপের টেবিলে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বাংলাদেশের মূল পর্বে খেলা নিশ্চিত হয়।

এ মুহূর্তে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মিয়ানমার। বাহরাইন ও তুর্কমেনিস্তানের পয়েন্ট ১ করে; এই দুই দলের একটি করে ম্যাচ বাকি থাকায় কারো সামনে বাংলাদেশের বেশি পয়েন্ট পাওয়ার সুযোগ নেই।

বাংলাদেশের সমান পয়েন্ট পাওয়ার সুযোগ আছে কেবল মিয়ানমারের। আগামী বুধবার তারা মুখোমুখি হবে বাহরাইনের। একই দিনে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবেন আফঈদা-ঋতুপর্ণারা।

বাহরাইনের বিপক্ষে মিয়ানমার জিতলে তাদের পয়েন্ট হবে বাংলাদেশ সমান, ৬ করে। কিন্তু ‘হেড টু হেডে’ বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়ায় তাদের সামনে সুযোগ নেই মূল পর্বের মঞ্চে ওঠার।