২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের মধ্যে বৃষ্টি সম্ভাবনা নেই: আবহাওয়া অফিস

মঙ্গলবার কুতুবদিয়ায় দেশের সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভোটের মধ্যে বৃষ্টি সম্ভাবনা নেই: আবহাওয়া অফিস
কমলাপুরের ফুটব্রিজের ওপর বুধবার বৃষ্টির মধ্যে বাহারি রঙের ছাতা মাথায় পথচারীরা। ছবি: মাহমুদ জামান অভি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2024, 08:44 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট হবে বুধবার। আবহাওয়া অফিস জানিয়েছে, ভোটের মধ্যে এদিন বৃষ্টির বাগড়া দেওয়ার সম্ভাবনা তারা ‍খু্ব একটা দেখছে না। 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচ্ছিন্নভাবে আগামী ১৪ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। তবে বুধবার তেমন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রাতে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা কমবে।"

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কুতুবদিয়ায় দেশের সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পটুয়াখালীর খেপুপাড়া এবং খুলনায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  

আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। 

এছাড়া আগামী ৫ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। 

গোপালগঞ্জ, যশোর এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, তা প্রশমিত হয়েছে। সারা দেশে আগামী কয়েক দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।  

মঙ্গলবার পটুয়াখালীর খেপুপাড়ায় দেশের সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস।