পথচারীকে ‘মারধর’, মডেল মনিকার বিরুদ্ধে মামলা
ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে মামলা হয়েছে।
ঢাকায় এক পথচারীকে প্রকাশ্যে ‘মারধর, কটূক্তির’ অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে বৃহস্পতিবার এই মামলা হয়।
ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে গুলশান থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন
সাজ্জাদ আল ইসলাম।
মামলায় অভিযোগ করা হয়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে গুলশান-২ রয়েল ব্লুয়ের বিপরীত পাশ দিয়ে এক বৃদ্ধ চলাচল করছিলেন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মনিকা কবির টিকটক করার এক পর্যায়ে বৃদ্ধ ব্যক্তির ব্যাগের কোনা আসামির গায়ে লাগে।
“মনিকা কবির ওই বৃদ্ধকে আক্রমণ করে ব্যাগ ছুড়ে ফেলে মারধর করেন। ইচ্ছাকৃতভাবে ঘটনার ভিডিও ধারণ করে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যার ফলে ভূক্তভোগী ব্যক্তি আরও অপমান ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে।”
মামলাটি আমলে নিয়ে আসামিকে আদালতে হাজির হতে সমন বা গ্রেপ্তারি পরোয়ারা জারির প্রার্থনা করেন সাজ্জাদ।
