নতুন মামলায় পলক-মনুসহ গ্রেপ্তার চারজন
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম জিয়া উদ্দিন আহমেদ এ আদেশ দেন।
ঢাকার যাত্রাবাড়ী থানার হত্যা ও হত্যাচেষ্টার পৃথক দুই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তাদের আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম জিয়া উদ্দিন আহমেদ এ আদেশ দেন।
গ্রেপ্তার দেখানোর আদেশ পাওয়া বাকি তিনজন হলেন-সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু,
সাবেক উপপুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানিয়েছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান ফরিদ আহমেদ হত্যা মামলায় পলক ও মনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। একই থানার আব্দুর রাজ্জাক হত্যাচেষ্টা মামলায় শহিদুল্লাহ ও আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে এসআই মো. নাহিদ হোসেন খান।
আদালত আসামিদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য এ দিন ঠিক করে দেন। শুনানিতে আসামিদের উপস্থিতিতে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে।
ফরিদ হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, সরকার পতনের দিন গেল বছরের ৫ অগাস্টে যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ওপরে ছাত্র জনতার সঙ্গে মিছিলে অংশ নেন ফরিদ আহমেদ।
এ সময় আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরের দিন সকালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ মারা যান। এ ঘটনায় গত ২৩ এপ্রিল যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের হয়।
হত্যাচেষ্টার মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ৫ অগাস্টে দুপুরে যাত্রাবাড়ী এলাকায় আব্দুর রাজ্জাক গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরবর্তীতে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন।
ওই ঘটনায় গত ১৫ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা করতে যান। তবে থানা মামলা না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেন। গত ২৪ মার্চ আদালতে মামলা দায়ের করেন তিনি।
