২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুটি লকার জব্দ

গ্রাহকের অনুপস্থিতিতে আদালতের আদেশ পেলে লকার দুটি খোলা যাবে, বলছেন অগ্রণী ব্যাংকের এমডি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 06:55 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

পূবালী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার জব্দের পর এবার অগ্রণী ব্যাংকে তার দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

বুধবার ঢাকার দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে লকার দুটি জব্দ করা হয়, যার নম্বর ৭৫১ ও ৭৫৩।

অগ্রণী ব্যাংকের এমডি আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘তিনি (শেখ হাসিনা) দুটি লকার ভাড়া নিয়েছিলেন। সে দুটি নিয়ম অনুযায়ী সেভাবেই ব্যাংকে সংরক্ষিত অবস্থায় আছে।

“তারা (এনবিআর) এসেছিল লকারের অবস্থান জানতে। আইন অনুযায়ী গ্রাহকের অনুপস্থিতে লকার খুলতে হলে আদালতের অনুমতি লাগবে। আদালতের অনুমতি ও একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খোলা যাবে।”

আদালতের আদেশ পেলে ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে পূবালী ব্যাংকে গণআন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করে সিআইসি। পূবালী ব্যাংকের মতিঝিল শাখা থেকে লকারটি জব্দ করা হয়।

সেনা কল্যাণ ভবনে ওই ব্যাংক শাখার ১২৮ নম্বর লকারটি শেখ হাসিনার নামে থাকার তথ্য পেয়ে অভিযানে যায় সিআইসি।

নিয়ম অনুযায়ী, একটি লকারের দুটি চাবি থাকে। একটি গ্রাহকের কাছে এবং আরেকটি ব্যাংকের লকার নিরাপত্তা শাখায়। লকার খুলতে হলে দুটি চাবিই লাগবে।

শেখ হাসিনার আয়কর নথি অনুযায়ী লকারে রাখা সম্পদ ও জিনিসপত্র মিলিয়ে দেখতে অগ্রণী ব্যাংকের লকার দুটি সিআইসি জব্দ করেছে বলে ব্যাংকটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন।

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার একটি ব্যাংক হিসাবও গত বছরের অগাস্ট থেকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশে। সেই হিসাবে কত টাকা আছে, তাও জেনেছে এনবিআরের দলটি।

অগ্রণী ব্যাংক এমডি আনোয়ারুল বলেন, ‘‘ব্যাংক হিসাবটি গত বছর থেকেই ফ্রিজ অবস্থায় আছে।”

প্রবল গণ আন্দোলনের মধ্যে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।

এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা এবং তার পরিবারের ‘দুর্নীতির’ তদন্ত শুরু করে। সরকার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও আর্থিক দুর্নীতির তদন্ত করছে।