১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

শাহজালালে যাত্রীর ব্যাগে আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম, রুবি

এসব গয়না ও রত্নের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 07:25 PM

Updated : 11 Oct 2026, 07:24 PM

ভারত থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় পৌনে তিন কোটি টাকার হীরা, রুবি ও সোনার অলঙ্কার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি চালিয়ে এসব অলঙ্কার পাওয়ার কথা কাস্টম হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, মো. জনি রহমান নামের এক যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার ব্যাগের স্ক্যান করা হলে আচারের বয়ামের মধ্যে ধাতব পদার্থের উপস্থিতি পাওয়া যায়।

পরে ব্যাগেজ তল্লাশি করে সেখানে ডায়মন্ড বসানো ৩৮৯টি সোনার আংটি (ওজন ৪৭৮ গ্রাম, ১৮ ক্যারেট); ডায়মন্ড বসানো ১৫১টি প্লাটিনামের আংটি (ওজন ৪৫০ গ্রাম, ৯৫০ ক্যারেট); ডায়মন্ড বসানো ৩টি হোয়াইট গোল্ডের আংটি (ওজন ৬ গ্রাম, ১৮ ক্যারেট); ডায়মন্ড বসানো ২টি রুপার আংটি (ওজন ৮ গ্রাম, ১৮ ক্যারেট) মেলে।

এছাড়া ডায়মন্ড বসানো ৫টি সোনার লকেট (ওজন ৪ গ্রাম, ১৮ ক্যারেট), ডায়মন্ড বসানো ১টি স্বর্ণের চেইন (ওজন ৫ গ্রাম, ১৮ ক্যারেট); ডায়মন্ড বসানো ৪৭২টি স্বর্ণের নাকফুল (ওজন-১০৩ গ্রাম, ১৮ ক্যারেট); ছোট বড় মিলিয়ে ৭২০টি ডায়মন্ড, পোখরোজ, রুবি ও অন্যান্য পাথর, ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ডসহ ১ হাজার ৫৪ গ্রাম ওজনের পণ্য ‘ব্যাগেজ ঘোষণা ছাড়াই’ আনায় তা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব গয়নার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করেছে ঢাকা কাস্টম হাউস।