১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরের সেই জেলা প্রশাসক ওএসডি

আশরাফ উদ্দিন ২০২৪ সালের নভেম্বরে শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। তিনি ২৭তম বিসিএসের কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2025, 09:11 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

একটি ভিডিও নিয়ে সমালোচনার মধ্যে শরীয়তপুর জেলা প্রশাসককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। 

শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। 

শুক্রবার সকালে এক প্রবাসী সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে ৫৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে দেন।

তাতে বলা হয়, শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন ওই নারীকে ‘বিয়ের স্বপ্ন’ দেখিয়েছিলেন।

ভিডিওটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। এ ব্যাপারে জানার জন্য জেলা প্রশাসক আশরাফ উদ্দিনকে মোবাইল ও হোয়াটস অ্যাপে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।

ভিডিওতে জেলা প্রশাসকের সঙ্গে থাকা নারীর সঙ্গে কথা বলতে পেরেছেন স্থানীয় সাংবাদিকরা। তার বাড়ি ময়মনসিংহে, তবে পরিবার নিয়ে থাকেন ঢাকায়।

ওই নারী বলছেন, “উনি (জেলা প্রশাসক) আমার নিকটাত্মীয়। আমাকে বিয়ের কথা বলে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়েছে। তিনি আমার সংসার, সমাজ ধ্বংস করে পথে বসিয়েছে। এখন আমাকে বিয়ে না করে, উল্টো মেরে ফেলার হুমকি দিচ্ছে। সে এর আগে আমাকে শারীরিকভাবে মারধর করেছে।

“সে আমাকে মানসিকভাবে ব্ল্যাকমেইল করে তার প্রতি আসক্ত করেছে। সে এখন কলঙ্কিনী বানিয়ে আমাকে ছেড়ে দিয়েছে। তার জন্য কোথাও আমি মুখ দেখাতে পারি না। কিন্তু সে রাজার হালে রয়েছে। কোটি কোটি টাকা কামাবে সেই ধান্ধা করছে। ওর কারণে দুটি সংসার নষ্ট হয়ে গেছে। আমি এখন তার বিচার চাই।”

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

বছর ছয়েক আগে ২০১৯ সালে নারী অফিস সহকারীর সঙ্গে জামালপুরের তৎকালীন জেলা প্রশাসক আহমেদ কবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। পরে তাকে বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশে শাস্তির মুখোমুখি হতে হয়।

আরও পড়ুন

শরীয়তপুরের ডিসির ভিডিও ভাইরালসমালোচনা