দুই হাজার টন উত্তোলন ক্ষমতার উদ্ধারকারী জাহাজ কিনছে সরকার
ডুবে যাওয়া নৌযান উদ্ধারে দেশে চারটি জাহাজ আছে। এগুলো হল: নির্ভীক, প্রত্যয়, হামজা ও রুস্তম।
সরকার দেড় হাজার থেকে দুই হাজার টন উত্তোলন ক্ষমতা সম্পন্ন একটি উদ্ধারকারী নৌ-যান সংগ্রহ করতে যাচ্ছে বলে সংসদকে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়। নৌ প্রতিমন্ত্রীর পক্ষে উত্তরটি দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
তিনি জানান, ডুবে যাওয়া নৌযান উদ্ধারে দেশে চারটি জাহাজ আছে। এগুলো হল: নির্ভীক, প্রত্যয়, হামজা ও রুস্তম।
বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
নৌ প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের উদ্ধারকারী ইউনিটে উদ্ধার সক্ষমতা বাড়ানোর জন্য চারটি উইঞ্চ বার্জসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি সংগ্রহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্বতন্ত্র সংসদ সদস্য সাইফুল ইসলামের এক প্রশ্নে নৌ প্রতিমন্ত্রী বলেন, “সারাদেশের নদ-নদীগুলোকে খনন/পুনরুজ্জীবিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের নৌপথকে ১০ হাজার কিলোমিটারে উন্নয়ন ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
স্বতন্ত্র সংসদ সদস্য শফিকুল ইসলাম বাদশার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “গোদাগাড়ী হতে রাজশাহী হয়ে পাকশী/আরিচা পর্যন্ত নৌপথ চালুর জন্য বাংলাদেশ-ভারত প্রটোকলের আওতায় সমীক্ষা করার ব্যবস্থা গ্রহণ করা হবে। সমীক্ষার সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
সরকার দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান জানান, বর্তমানে দেশে কয়টি মসজিদ আছে তার পরিসংখ্যান নেই।
তবে করোনাভাইরাস মহামারীর সময় মসজিদগুলোতে আর্থিক অনুদানের জন্য ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ করা হয়েছিল। সেই অনুযায়ী মসজিদের সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ১২৫ টি।
