২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক এমপি আক্তারুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির মামলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আকাশ ও তার স্ত্রী পপির বিরুদ্ধেও আলাদা মামলা করেছে দুদক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2025, 05:24 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, আক্তারুজ্জামানের বিরুদ্ধে ৩ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৯৭৪ টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ’ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলাটি হয়েছে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে; বাদী হয়েছেন কমিশনের সহকারী পরিচালক সহিদুর রহমান। 

এদিকে ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ’ অর্জনের অভিযোগে আলাদা দুটি মামলা করেছে দুদক। এর একটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক; আরেকটি তার স্ত্রী পপি রানি ভৌমিককে আসামি করা হয়েছে।

আকাশের বিরুদ্ধে অভিযোগ, তিনি ১৪ কোটি ৯৬ লাখ ১৯৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।  

আর পপি রানীর বিরুদ্ধে করা মামলায় দুদক অভিযোগ করেছে, তিনি ৪ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৬৪৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। 

ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করেন দুদকের উপপরিচালক আহসানুল কবীর পলাশ।