১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝিলের জায়গায় থানা ভবন নির্মাণ বন্ধের নির্দেশ হাই কোর্টের

গত বৃহস্পতিবার জনস্বার্থে এ সংক্রান্ত রিট আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

ঝিলের জায়গায় থানা ভবন নির্মাণ বন্ধের নির্দেশ হাই কোর্টের
চৌধুরীপাড়ার ঝিলে নির্মাণাধীন রামপুরা থানা। ছবি: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 03:44 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

ঢাকার মালিবাগে চৌধুরীপাড়া ঝিলের জায়গায় থানা ভবন নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। 

এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চে এ আদেশ দেয়।  

রিটকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মেরসেদ।

তিনি বলেন, মালিবাগে একটি জলাধারের (চৌধুরীপাড়ার ঝিল) ৫০ শতাংশ জমিকে গণপূর্ত মন্ত্রণালয় রামপুরা থানার স্থায়ী ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেয়। গত ২১ অক্টোবর এ বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় এবং এরপর ৩০ অক্টোবর জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট মামলা দায়ের করে।

“রাষ্ট্রপক্ষে ডিএজি নুর মোহাম্মদ আজামী আগামী ৫ নভেম্বর পর্যন্ত সময় আবেদন করলে সে পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার মৌখিত নির্দেশনা দেয় এবং ডিএজিকে তা নিশ্চিত করতে বলে। ডিএজি আদালতকে বলেন যে, আগামী ৫ নভেম্বর পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হবে।” 

শুনানিতে মনজিল মোরসেদ বলেন, ১৯৯৫ সালের পরিবেশ আইন, ২০০০ সালের জলাধার সংরক্ষণ আইন, ২০১৩ সালের পানি আইন, এবং সংবিধানের অনুচ্ছেদ ১৮(এ) এর বিধান অনুসারে জলাধার ভরাট নিষিদ্ধ থাকলেও তা উপেক্ষা করে বে-আইনিভাবে মালিবাগ চৌধুরীপাড়া ঝিলের একটি অংশে থানা ভবন নির্মাণের জন্য গণপূর্ত মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে। 

“সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিভিন্ন সময় পরিবেশ রক্ষায় জলাধার সংরক্ষণের নির্দেশনা থাকলেও মন্ত্রণালয় জলাধার ভরাটের জন্য লিজ প্রদান করেছে। যে সকল কর্মকর্তারা এধরনের লিজ প্রদান করেছেন তারা শুধুমাত্র আইনের পরিপন্থি কাজ করেছে তা নয় সরকারি চাকরি আইন, ২০১৮ এর বিধান অনুসারে শান্তিযোগ্য অপরাধ করেছেন।”

রিট আবেদন করেছেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআপিবি) পক্ষে আইনজীবী ছারওয়ার আহাদ চৌধুরী, এখলাছ উদ্দিন ভূইয়া ও সঞ্জয় মন্ডল। 

বিবাদী রয়েছেন পরিবেশ মন্ত্রণালয় সচিব, গণপূর্ত মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ মোট ৯ জন।