Published : 18 Nov 2025, 12:48 AM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে, তাতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি সরকারি চাকরিজীবি, ভোটে নিয়োজিত ব্যক্তি ও কারাগারে থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন।
কারাবন্দিদের জন্য ভোটার নিবন্ধন প্রক্রিয়া শুরু করার কথা বললেও এ ক্ষেত্রে কর্তৃপক্ষ দুই ধরনের চ্যালেঞ্জ দেখছে।
এর মধ্যে একটি হল, কারাগার থেকে বের হয়ে আসার পর এই ভোটাররা কোন প্রক্রিয়ায় ভোট দেবেন? আর অন্যটি হল, কারাবন্দিরা ভোট দিতে কতটা ইচ্ছুক এবং সবার জাতীয় পরিচয়পত্র আছে কি নেই?
‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের ‘টিম লিডার’ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারা কর্তৃপক্ষের সাথে পুরো সমন্বয় হয়ে গেছে। দেশে সব কারাগারে আমাদের টিম যাবে, ওনাদের টিমও থাকবে। সমন্বয় করে কাজ চলবে, কারাগারে একটা বুথ করা হবে। সেখানে এসে কারাবন্দিরা তাদের নিবন্ধন করবেন।”
প্রতীক বরাদ্দের কাছাকাছি সময়ে নিবন্ধিতদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে যাবে, বলছেন তিনি।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট আয়োজনের সিদ্ধান্ত দিয়েছে সরকার।
ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশন-ইসির প্রস্তুতি চলছে।
ইসির ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালুর পর প্রশিক্ষিত লোকবল দিয়ে ইচ্ছুকদের নিবন্ধনের আওতায় আনা হবে বলেছেন সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ।

মঙ্গলবার এই অ্যাপ চালু হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালটে ভোটিং সংক্রান্ত নানা সভায় প্রতিনিধি করেছেন ফরহাদ।
শনিবার জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন অফিস থেকে। প্রশিক্ষণের সেই লোকবল আমাদের প্রস্তুত আছে। আর তাছাড়া আমাদের আইটি বেইজ কিছু লোকজন এমনিতে প্রতিটা কারাগারে কম বেশি একজন দুইজন করে আছে।
“ওইদিক থেকে বিবেচনা করলে প্রশিক্ষণ পেলে নিবন্ধনের বিষয়টা আমরা উতরে যেতে পারব।”
বর্তমানে দেশের ৭৫টি কারাগারে প্রায় ৮০ হাজারের মতো আইনি হেফাজতে থাকা ব্যক্তি রয়েছে। নিয়মিত আসা-যাওয়ায় এ সংখ্যা কমবেশি হতে পারে।
বন্দিদের মধ্যে কেমন সাড়া পাওয়া যাবে তা দেখার বিষয় বলে মনে করেন কারা অধিদপ্তরের কর্মকর্তা ফরহাদ।
“বন্দিরা ভোট দিতে ইচ্ছুক কতটুকু হবে এই বিষয়টার উপরে নির্ভর করবে। বন্দি সংখ্যা উঠানামা করে প্রতিদিন; কারণ নতুন বন্দি আসে পুরাতন বন্দি যায়। কারাগারে যারা একবার থাকবে, তারা যদি একবার নিবন্ধন করে বাইরে তো ভোট দিতে পারবেন না। এটা একটা চ্যালেঞ্জ হবে।”
এ কর্মকর্তা বলছেন, আগ্রহের বিষয় ছাড়াও কারাবন্দিদের অনেকের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি রয়েছে কি না, তাও দেখার বিষয়।
সহকারী কারা মহাপরিদর্শক ফরহাদ বলেন, “কারাবন্দিরা কতটুকু ইচ্ছুক হবে ভোট দিতে, এটা একটা বিশাল চ্যালেঞ্জ; অনেক বন্দি আছে, তাদের এনআইডি নাই। আমরা অনেকের এনআইডি সংগ্রহ করার চেষ্টা করি আমাদের কাজে, সে এনআইডিগুলো পাওয়া যাবে।
“কিন্তু পুরনো বন্দি যারা আছেন, দীর্ঘদিন থেকে কারাগারে আছেন, তাদের অনেকের এআইডি হয়ত পাওয়া যাবে না; যারা সাজাপ্রাপ্ত হয়েছেন ১০ বছর, ১৫ বছর আগে। এসব ছোটোখাটো চ্যালেঞ্জ; তবে আমরা প্রস্তুত আছি।”
তিনি বলেন, নির্বাচন কমিশন-ইসির নির্দেশনা অনুযায়ী কারাগারের ভেতরে নিবন্ধন কেন্দ্রে নির্ধারিত সময়ে ও পদ্ধতিতে নিবন্ধন করা হবে।
কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি তুলে ধরে কারা অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, প্রশিক্ষণ ও নিবন্ধন বিষয়ে নির্দেশনা পেলে তারা দেবেন।
কারা অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন, নিবন্ধিত হওয়ার পরে ব্যালেট পেপার কবে দেবে, কেন্দ্র কয়টা হবে, এ বিষয়গুলো পরে নির্ধারণ হবে।
‘ওসিভি–এসডিআই’ প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বলেন, তফসিল ঘোষণার পর পর এখান থেকে প্রবাসীদের পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়ে যাবে, যাতে প্রতীক বরাদ্দের আগেই পৌঁছে। আর বরাদ্দের পর পরই ভোটার যেন নিজের প্রার্থী মোবাইল অ্যাপে দেখে ভোটটা দিতে পারেন এবং তারপরে পাঠিয়ে দিতে পারেন। আর প্রবাসীদের কার্যক্রমের শেষের দিকে দেশের তিন ধরনের ব্যক্তির (অ্যাপে নিবন্ধিত) ঠিকানা ধরে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ শুরু হবে।
একই পদ্ধতিতে সবাই ভোট দেওয়ার পর রিটার্নিং অফিসারের কাছে ব্যালট পেপার পৌঁছে যাবে, বলেন তিনি।

একই দিনে দুই ভোট, নির্দেশনার অপেক্ষা
একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের ক্ষেত্রে দুটি ব্যালট পেপার ব্যবহার করতে হবে। প্রধান উপদেষ্টার ঘোষণার পর এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পৌঁছেনি, বলছেন সংশ্লিষ্টরা।
গণভোট সংক্রান্ত আইন/অধ্যাদেশ জারির পর নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অনুরোধ আসার পর কর্মযজ্ঞ শুরু হতে পারে। অধ্যাদেশের আলোকে বিধিমালাও জারি করতে হবে, এ বিধিতে গণভোটের ব্যালট পেপার সংক্রান্ত বিষয় উল্লেখ থাকবে।
সরকারের আনুষ্ঠানিকতা ও ইসির নির্দেশনার পর দ্রুত ব্যবস্থা নেবে ইসি সচিবালয়।
আরও পড়ুন:
পোস্টাল ভোটিং: অ্যাপে নিবন্ধন কতদিন, ব্যালট মিলবে কবে
কারাবন্দিরা ভোট দিতে পারছেন না
ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে ২৮০০ কোটি টাকা চায় ইসি
পোস্টাল ভোটিং অ্যাপ: প্রবাসী ছাড়াও দেশে কারা-কীভাবে ভোট দেবেন