‘চেতন-কবিতা’ ও আবুল হোসেনের কবিতার পুনর্পাঠ
বিশ শতকের চল্লিশ দশকের আধুনিক বাঙালি কবি আবুল হেসেন। তাঁর কবিতার পুনর্পাঠের মাধ্যমে কবিতার একাল-সেকালের মধ্যে দুটি সমান্তরাল ধারা দৃশ্যমান করা হলো 'চেতন-কবিতা'-র একাদশ অধিবেশনে।
১২ জুলাই ২০১৪, শনিবার। শাহবাগের আজিজ সুপারমার্কেটের চারতলায় 'নিত্য উপহার গ্যালারি'তে অনুষ্ঠিত হলো 'কবিতাবাংলা' আয়োজিত এই অন্যরকম অনুষ্ঠানটি। সম্প্রতি বিরান্নব্বই বছর বয়সে প্রয়াত হয়েছেন স্বাতন্ত্র্যসন্ধানী ও স্বল্পপ্রজ কবি আবুল হোসেন । তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, তাঁর কবিতার পুনর্পাঠ, নতুন প্রজন্মের তিন কবির কাব্যালোচনা ও কবিকন্ঠে কবিতা পাঠ ছিল তিনটি পর্বে বিভক্ত এই অনুষ্ঠানটির বৈশিষ্ট্য।
আড্ডার মেজাজে অনুষ্ঠানটি শুরু হয় বিকেল ৫-০০টায়, আর একটানা চলে রাত ৮-৩০ টা অবধি। সূচনায় যথারীতি কবি আবুল হোসেন-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অত:পর কবিদের কবিতাপাঠ ও সংক্ষিপ্ত মন্তব্যের আগে অগ্রজ কবি আবুল হোসেনের কবিজীবনের নানা দিক, বিবিধ নিরীক্ষা ও নান্দনিক অনুসন্ধিৎসা নিয়ে বিশদ আলোচনা করেন 'কবিতাবাংলার' সভাপতি কবি মুহম্মদ নূরুল হুদা।
ভিন্ন মেজাজের এই কাব্য-আড্ডার বৈশিষ্ট ছিলো, প্রত্যেক কবি নিজের কবিতা পাঠ করার আগে কবি আবুল হোসেনের অন্তত একটি কবিতা আবৃত্তি করেন। ফলে এই একটি আসরেই সমবেত কবি ও আবৃত্তিকারবৃন্দ কবি আবুুল হোসেনের চল্লিশেরও অধিক কবিতা পাঠ করেন। আবার কেউ কেউ তাঁর পঠিত কবিতার ভিত্তিতে আবুল হোসেনের কবিতার বৈশিষ্ট্য নিয়ে সংক্ষিপ্ত মন্তব্য করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবিতাবাংলার সাধারণ সম্পাদক কবি ফরিদ আহমদ দুলাল।
দ্বিতীয়-পর্বের শুরুতে একালের কবি আমিনুল ইসলাম-এর জোছনার রাত বেদনার বেহালা শীর্ষক কাব্যের উপর দীর্ঘ প্রবন্ধ উপস্থাপন কারেন প্রবীণ কবি মতিন বৈরাগী। উপস্থাপিত প্রবন্ধে কবি আমিনুল ইসলামের কাব্যকৃতির কিছু অগতানুগতিক দিক আলোচিত হয়। আলোচক বলেন, "কবি আমিনুল ইসলামের এই কাব্যটি আমাদের কাব্যাঙ্গনে নতুন কিছু না হলেও তাতে নতুনভাবে বলবার একটা চেষ্টা আমরা লক্ষ করতে পারলাম"। কাব্যের প্রথম কবিতা 'কচুপাতার কাব্য' উল্লেখ করে বলা হয়, "নতুন অভিজ্ঞানের এই কবিতা থেকে আমরা তৃপ্তি-অতৃপ্তির খোঁজ পাই যেমন, তেমনি আমরা একটা নতুন নির্মাণের সাথেও পরিচিত হতে পারি। কবি আমিনুল ইসলাম-এর কাব্যশক্তি আমাদের আশান্বিত করে, এবং নতুন কিছুর সন্ধান দেয়।"
রমজান মাস চলছে। এর পরেই এলো ইফতারির সময়। মুখরোচক ইফতারির পর আবার মূল অনুষ্ঠানে ফিরে আসা। কবি বিনয় বর্মন-এর অনন্ত তৃষ্ণার দেশে বিতৃষ্ণ মেঘ কাব্যটির উপর প্রবন্ধ উপস্থাপন করেন কবি মোস্তফা তোফায়েল । তিনি আলোচ্য কবির কাব্যের ধারাবাহিকতা, নির্মাণশৈলী, ছন্দ প্রকরণ, কাব্য-নিষ্ঠা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন অনন্ত তৃষ্ণার দেশে বিতৃষ্ণ মেঘ-এর অনেক কবিতা রূপকাশ্রয়ী, মূর্ত-বিমূর্তের ছেদবিন্দুতে দাঁড়িয়ে বাস্তব ও পরাবাস্তবের ভেদ ঘোচাতে তৎপর। … তিনি সময়কে ভালোভাবে তাঁর কবিতায় ধারণ করতে পারেন'।
তৃতীয় কাব্যালোচনা ছিলো তরুণ কবি শারদুল সজল-এর অন্ধকারে যতদূর দেখা যায়। এই কাব্যের উপর আলোচনা করেন তরুণ কবি মনির ইউসুফ। লিখিত আলোচনাটি বেশ দীর্ঘ। মূল বিষয়গুলো উল্লেখ করে আলোচক কবি মনির ইউসুফ বলেন যে, অন্ধকারের মাঝে বেঁচে থাকার এক নান্দনিক স্বপ্ন নিয়ে এই কবি গড়ে তুলেছেন স্বপ্নের এক সোনালি কাব্যইমারত। তাঁর চিত্রকল্প ও কাব্যবয়ন চমকপ্রদ।
গ্রন্থালোচনার ফাঁকে ফাঁকে বিভিন্ন প্রজন্মের উপস্থিত প্রায় ৫০ জন কবি একটি করে আবুল হোসেনের কবিতাসহ স্বরচিত কবিতা আবৃত্তি করে আড্ডাকে জমজমাট ও আনন্দময় করে রাখেন। আলোচনা ও আবৃত্তিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন কবি আসলাম সানী, বাহার রহমান, শেখ রবিউল হক, আয়াত আলী পাটোয়ারী, মানিক মোহাম্মদ রাজ্জাক, আমিনুল ইসলাম, বিনয় বর্মন, তপন বাগচী, সুন্দরম পত্রিকার সম্পাদক কবি কামরুল ইসলাম, আশরাফ জুয়েল, মনির ইউসুফ, শারদুল সজল, আরিফ মঈনুদ্দিন, কাজী দিনার সুলতানা এবং এক ঝাঁক তরুণ কবি।
এভাবে কাব্যপাঠ, কাব্যকথা, সম্পূরক ক্ষুদে মন্তব্য ইত্যাদির সরস বুননে পরিপূর্ণ আড্ডার চালে গ্রথিত হতে থাকে 'চেতন-কবিতা'র একাদশ অনুষ্ঠান। শেষ হওয়ার আগে অনুষ্ঠানের আহ্বায়ক কবি আশরাফ জুয়েল সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 'গ্যালারি নিত্য-উপহার'-এর মালিক কবি বাহার রহমান এই ধরনের অনুষ্ঠান যে কোনো সময়ে আয়োজনের জন্যে 'কবিতাবাংলা'-কে আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, আগামী ২০শে জুলাই থেকে এই গ্যালারিতেই শুরু হবে সপ্তাহব্যাপী বর্ষা-মেলা। তাতে সঙ্গীত, আলোচনা, লোককলা বা বাঙালির বাহারি পোশাক প্রদর্শনীর সঙ্গে সঙ্গে থাকবে কবিতাপাঠও।
এভাবেই অতিবাহিত হলো পরিপূর্ণ কবিতাময় একটি সন্ধ্যা। সভাপতি তাঁর ভাষণে 'নিত্য উপহার'-এর স্বত্বাধিকারী কবি বাহার রহমান, মিডিয়া পার্টনার বিডিনউজটোয়েন্টিফোর ডটকম, আমাদের সময়, বইনিউজ২৪.কমসহ উপস্থিত সকল কবি ও কাব্যানুরাগীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং 'চেতন-কবিতা'র পরবর্তী অনুষ্ঠানমালায় সকলকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। তিনি বাংলা কবিতাকে চেতনার নূতন স্তরে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন।
