২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদুল জহিরের সাথে আর দেখা হল না

রাশিদা সুলতানা

Published : 24 May 2008, 12:06 PM

Updated : 03 Oct 2022, 05:43 PM

Image
sz1986.jpg


১৯৮৬ সালে কক্সবাজার সমুদ্র সৈকতে শহীদুল জহির (১১/১০/১৯৫৩ — ২৩/৩/২০০৮)

দেশে ছুটি কাটিয়ে খার্তুমে ফিরে ১৬ মার্চ তাঁকে ফোন করেছিলাম। সেই তাঁর সাথে শেষ কথা বলা। 'স্যার এবার তো অপরাধবোধে ভুগতেছি। বিশ দিন

Image
pp-24.jpg

ঢাকায় থাইকা আপনার সাথে দেখা কইরা আসতে পারলাম না।' ওপাশে জবাব দেন, 'এটা নিয়া তুমি মন খারাপ কইরো না। দারফুর থেকে যখন আবার আসবা তখন দেখা হবে।' তাঁর সাথে পরিচয় খুব বেশি দিনের না। ২০০৬ এর নভেম্বর ডিসেম্বরের দিকে। অল্প সময়েই তিনি হয়ে ওঠেন আপনজন।

শহীদুল জহিরের মৃত্যুসংবাদ যেদিন জেনেছি, ঢাকায় বাসায় ফোন করলে আমার চৌদ্দ বছর বয়সী বড় ছেলে বলে, 'মা, শহীদুল জহির মারা গেছেন। ঢাকা ছাড়ার আগে স্যার, স্যার বলে যে গল্প করতেছিলা, উনিই তো শহীদুল জহির ছিল, তাই না? প্রথম আলোয় সৈয়দ মনজুরুল ইসলামের একটা শ্রদ্ধাঞ্জলি পড়লাম উনাকে নিয়া…তোমার অনেক মন খারাপ মা?' আমার মা ফোন ধরে বলেন, আমি জানি, অনেক কষ্ট পাইতেছিস, বিদেশে একা থাকিস। মন খারাপ কইরা থাকিস না, পত্রিকায় ছবি দেখলাম বেশ ইয়াং দেখতে লোকটা, এই বয়সে মরে গেল।'

২.
আমার সিনিয়র সহকর্মী বর্তমানে পুলিশের অতিরিক্ত আইজি সিআইডির তৎকালীন স্পেশাল পুলিশ সুপার ফনীভূষণ চৌধুরী একদিন কোনো এক প্রসঙ্গে জিজ্ঞাসা করেন, 'শহীদুল জহিরের লেখা তুমি পড়ছো কখনো? অতি উঁচু মানের সাহিত্যিক।'

উচ্ছাসে জানাই, তার লেখার আমি ভক্ত।

'সে আমার ঘনিষ্ঠ বন্ধু। আমার মতোই বিয়েশাদি করে নাই। একা থাকে।'

মনে মনে ভাবি, নিভৃতচারি এই মানুষটা সম্পর্কে জানার দুয়ার একটু হলেও খুলে গেল। আরেক দিন ফনী স্যার বলেন, সাম্প্রতিক কালের লেখালেখি নিয়া কথা হইতেছিল, তোমার সম্পর্কে যখন বললাম সে জানাইলো প্রথম আলোতে তোমার গল্প পড়ছে। তোমার গল্প সম্পর্কে বেশ ভাল মন্তব্য করছে।

আমার প্রথম গল্পগ্রন্থ অপনা মাঁসে হরিনা বৈরী প্রকাশিত হলে ফনী স্যারকে দুই কপি বই দেই। অনুরোধ করি এক কপি শহীদুল জাহিরকে পৌঁছে দিতে।

২০০৪ এর জুলাইয়ে জাপান ডেভেলপমেন্ট স্কলারশিপে অর্থনীতিতে মাস্টার্স করতে জাপানে যাই। জাপানে থাকাকালীন কোনো এক সময়ে বন্ধু লেখক এবাদুর রহমান মেইলে জানায় কথা লিটল ম্যাগাজিনে শহীদুল জহিরের ইন্টারভিউ ছাপা হয়েছে এবং সেখানে আমার লেখালেখি সম্পর্কে তিনি একটুখানি মন্তব্য করেছেন। আমার গল্প নিয়ে শহীদুল জহিরের মন্তব্যটুকু এবাদ মেইলে লিখে পাঠায়। এ সংবাদে আনন্দে কয়টা দিন রাজহংসীর ডানায় ভর করে উড়ে বেড়িয়েছি।

২০০৪ এর শেষদিকে কবিসভা যুগের সূচনা। অনলাইন ইয়াহু গ্রুপ কবিসভায় নানা বিষয়ে ঝড় উঠছে। শহীদুল জহিরের সাহিত্য এবং ব্যক্তি শহীদুল জহিরকে নিয়ে ও কবিসভায় তুমুল আলোচনা চলে। কেউ তাঁকে বলছেন 'গুহা মানব' কেউ বলছেন 'আমলা'। তবে তাঁর সাহিত্য নিয়ে উচ্ছ্বাস কারো একবিন্দু কম নাই। মনে মনে প্রত্যক্ষ করি তিনি হয়তো যে কোনো মুহূর্তে সক্রিয় অংশ নেবেন এই আলোচনায়। কবিসভায় তিনি নিষ্ক্রিয়ই থেকে যান। জাপান থাকাকালীন সময়ে আমার 'আমরা দু'জনা' গল্পটি ছাপা হয় দৈনিক প্রথম আলোয়। গল্পটির ব্যাপারে অনৈতিকতার অভিযোগ আসে। নানা প্রতিক্রিয়া ছাপা হয় দৈনিকটিতে। এসব আলোচনায় যখন দুলছি ফনী স্যার আমাকে ই-মেইলে জানান, 'আমরা দু'জনা' গল্পটি পত্রিকায় পড়ে শহীদুল জহির ফনী স্যারকে টেলিফোন করে গল্পটির বেশ প্রশংসা করেন।

৩.
জাপান পর্ব শেষ করে দেশে ফেরার অল্প কিছু দিনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে জেডিএস স্কলারদের জন্য ডি ব্রিফ্রিং-এর আয়োজন করা হয় এবং তাদের অভ্যর্থনা দেয়া হয়। আমাদের মধ্যে তিনজনকে দায়িত্ব দেয়া হয়েছিল মাস্টার্স ডিসারটেশন এবং জাপান জীবন সম্পর্কে প্রেজেন্টেশান দেয়ার জন্য। ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব শহীদুল হক। আগেই জানতাম, কথাসাহিত্যিক শহীদুল জহিরের অফিসিয়াল নাম শহীদুল হক। অন্যান্য কর্মকর্তাদের সাথে রুমে ঢুকলেন শহীদুল জহির। ভারি চশমা স্যুট পরা ঝকঝকে এক ভদ্রলোক। আমি তখন মনে মনে ভাবছি এখন প্রেজেন্টেশান দেব শহীদুল জহিরের সামনে। অনুষ্ঠানের শেষের দিকে জেডিএস স্কলার, জাপানি রাষ্ট্রদূত ও অন্যান্য দেশী-বিদেশী ব্যক্তিবর্গের উদ্দেশ্যে চমৎকার ইংরেজিতে বক্তৃতা দেন তিনি। সবাই যখন ছবি তুলছে শহীদুল জহিরকে বলি, স্যার আমি রাশিদা সুলতানা। তিনি হেসে বলেন, 'তোমাকে আমি চিনতে পারছি। অনুষ্ঠান শেষে পাশের ব্লকে আমার অফিসে আইসো।' তার অফিসে গেলে বলেন, জাপানি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের রেজাল্ট, মাস্টার্স ডিসারটেশন সবকিছুই তাঁর কাছে পৌঁছেছে। বললেন, 'জেডিএস লিস্টে যখন তোমার নাম দেখলাম — এবং পুলিশ ডিপার্টমেন্ট থেকে — বুঝতে পারছি তুমিই গল্পকার রাশিদা সুলতানা।'

তারপর বললেন, "তুমি তো 'আমরা দু'জনা' লেইখ্যা ঘটনা ঘটাইয়া ফেলছো, এই অল্প বয়সে বেশ কতগুলা ভাল গল্প লিখা ফেলছো।" আমি তাঁর গল্পের ভাষাভঙ্গি জাদুবাস্তবতা পোস্টমডার্নিজম এই সব কিছু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করি। তিনি বলেন, এই সব কিছুই টুলস শেষমেশ, গল্পটা ভাল হইল কিনা সেইটাই ইম্পর্ন্ট্যান্ট।' সাহিত্য, ঢাকার সাহিত্য, রাজনীতি, পুরুষতান্ত্রিকতা, আন্তর্জাতিক রাজনীতি, ওয়ার্ল্ড ব্যাংক, আই এম এফ নানা বিষয় নিয়ে আলাপ হয়, এমনভাবে আড্ডা দেই যেন দু'জনেই অনেক দিনের পরিচিত।

দু'তিন দিন পরই জাপানি রাষ্ট্রদূতের বাসায় জেডিএস স্কলারদের জন্য আয়োজিত ডিনারে যাই। হলরুমে ঢুকেই দেখি শহীদুল জহির। তাঁর পাশের সোফায় বসি। খানিক পর আমাদের আড্ডায় যোগ দিলেন কৃষ্ণা দিদি। লেখক অদিতি ফাল্গুনীর বড় বোন। শহীদুল জহির কৃষ্ণা দিদির কাছে আমার ও অদিতির লেখালেখি সম্পর্কে ইতিবাচক অনেক মন্তব্য করেন। খাবার টেবিলে যাওয়ার আগে আমন্ত্রিত প্রত্যেকের হাতে নির্ধারিত আসন খুঁজে বের করার জন্য রুমের সিটিং অ্যারেন্জ্মেন্টের ম্যাপ ধরিয়ে দেয়া হয়। ম্যাপ অনুযায়ী আমার জন্য নির্ধারিত চেয়ার খুঁজে পেয়ে দেখি এক টেবিলেই বসেছেন শহীদুল জহির। মাঝখানে বসেছেন জাপানি রাষ্ট্রদূত, তিনি ফার্সি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। ভারতীয় সাহিত্যেও তাঁর জানাশোনা। গভর্নেস, সাহিত্য, বাংলাদেশের তৎকালীন রাজনৈতিক অস্থিরতা এসব নিয়েই আলাপ চলে। আমি এবং শহীদুল জহির ছাড়া অপর বাঙালি সরকারী কর্মকর্তাদের কেউই অনুষ্ঠানে মদস্পর্শ করলেন না। সাদা ওয়াইনযোগে প্রগলভ আড্ডায় আমরা ডিনার শেষ করি।

এরপর থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থাৎ ইআরডিতে বা ঐ এলাকায় কোনো কাজ থাকলে শহীদুল জহিরের অফিসে ঢুঁ মেরে আসি। ফাইলের ফাঁকে ফাঁকে গল্প করেন তিনি। আমি নতুন কী লিখলাম জানতে চান। নতুন কিছু লিখলে বা লেখা কোথাও ছাপা হলে তাঁকে জানাই। তিনিও একদিন বলেন কোনো এক লিটল ম্যাগাজিনে বিজ্ঞাপন বিষয়ক তাঁর একটি গল্প ছাপা হয়েছে।

অফিসে ফাইলের স্তূপে বসে আড্ডায় হয়তো স্বাচ্ছন্দ বোধ করছিলেন না। একদিন বললেন, 'চলো কোথাও বসি, কোনো ক্যাফে-ট্যাফেতে।' আমি বলি, 'গুলশানে ক্যাফে ম্যাংগোতে বসা যায়। কোনো একদিন অফিসের পর আমরা বসতে পারি। আমার বাসা থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব।' দিনক্ষণ ঠিক হলে একদিন অফিস থেকে বাসায় ফিরে ইউনিফর্ম বদলে শাড়ি পরে গুলশান দুই নম্বর মার্কেটের সামনে যাই। অপেক্ষার প্রহর আধঘণ্টা শেষ হবার আগেই তিনি এসে পৌঁছান। তাঁকে এবং তাঁর ড্রাইভারকে পথ চিনিয়ে ম্যাংগো ক্যাফেতে পৌঁছাই। জায়গাটা বেশ পছন্দ হয় তাঁর। রুমে ঢুকতেই যে সোফাটা সেখানে বসি আমরা। সেসময় আমার সদ্য প্রকাশিত বই আঁধি নিয়ে যাই তাঁর জন্য। তিনি আমার জন্য নিয়ে আসেন একটি লিটল ম্যাগাজিন যেখানে বিজ্ঞাপন বিষয়ক তাঁর একটি ছোটগল্প ছাপা হয়েছিল (গল্প এবং লিটল ম্যাগাজিন দুইয়ের নামই এখন ভুলে গেছি।)

কথা হচ্ছিল আমার 'আমরা দু'জনা' গল্পটির বিরুদ্ধে অনৈতিকতা অশ্লীলতার অভিযোগ নিয়ে। তিনি বলছিলেন অনেক লেখকই জবরদস্তি করে সাহিত্যে যৌনতা আরোপ করে। আমার গল্প সম্পর্কে বলছিলেন, তোমার গল্পে অনেক ভালভাবে ইরোটিসিজম হ্যান্ডল করো। যে লিটল ম্যাগাজিনটি আমার জন্য এনেছিলেন সেটি দেখিয়ে বলছিলেন, "এখানে যে গল্পটা ছাপা হইছে এর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ আনতে পারে কেউ কেউ। ভারতীয় বিজ্ঞাপনগুলো দেখো তো? জন আব্রাহাম আর বিপাশা বসুর বিজ্ঞাপনটা দেখছো? 'এটা কী চুল?' অভিষেকের আর একটা বিজ্ঞাপন আছে এ ধরনের, এমটিভিতে দেখায়। আমার গল্পটা এইসব বিজ্ঞাপনগুলা নিয়া।' আমি বলি, 'আপনার লেখা নিয়া অশ্লীলতার অভিযোগ আনবে না। অপনার লেখায়ও বেশ ভালভাবে যৌনতা বা ইরোটিসিজম হ্যান্ডল করেন। তাছাড়া আপনি পুরুষ লেখক। বরং আমার লেখায় ইরোটিসিজম থাকলে বুদ্ধিজীবীদের কেউ কেউ এতে অশ্লীলতা আবিষ্কার করেন। লেখক-চরিত্র নিয়া নানা রটনা করেন। তখন তাদের প্রগতিশীলতার মুখোশের আড়ালে প্রতিক্রিয়াশীল চেহারাটা ঠিকমতো বাইর হয়।'

নারী কলিগদের প্রতি আচরণে তাদের চরিত্র হননে বুদ্ধিজীবীদের এবং পুলিশদের বা সরকারি চাকুরেদের মধ্যে খুব বেশি পার্থক্য খুঁজে পাই নাই। তবে পুলিশ কলিগ এবং সাহিত্যিক পরিমন্ডলে একটা বিরাট অংশের মানুষের ভালবাসাও পাইছি। এটা ও সত্য।'

তিনি বলেন, 'তোমার সাফারিংস বুঝি, বিভিন্ন লেখকদের এতসব যন্ত্রণা দেখে মনে হয় একদিক দিয়া ভালই আছি। সাহিত্যিকদের সাথে এবং সবার সাথে একটু দূরত্ব থাকার কারণে খুব বেশি পরিচয় না থাকাতে, সাহিত্যিক রাজনীতিও সাবস্ক্রাইব করতে হয় নাই বা ভিকটিমও হইতে হয় নাই।'

৪.
আরেকদিন আমরা ম্যাংগো ক্যাফেতে গেলে সামনের সোফাটা খালি না পেয়ে বামপাশের রুমে চেয়ারে মুখোমুখি বসি, আমাদের পাশে তরুণ প্রেমিক এক যুগল চুটিয়ে প্রেম করছে। প্রেমে তারা এতই মগ্ন যে যেকোনো ছুতায় একে অন্যকে স্পর্শ করছে এবং পাশে আমাদের উপস্থিতি একদমই ভুলে গেছে। আমি ও শহীদুল জহির এমনভাবে গল্প করি সাহিত্য, দ্রব্যমূল্য বেড়ে যাওয়া অথবা সংস্কৃতি বদলে যাওয়া নিয়ে যেন পাশে কিছু ঘটছে আমাদের নজরেই আসে নাই বা কানে কিছুই পশে নাই। পাশের যুগলের প্রেম আরো বেড়ে যাওয়ায় এবং ক্যাফেতে ঢুকতেই বড় সোফাটা খালি হওয়ায় উঠে গিয়ে আমরা ওখানে বসি এবং অস্বস্তি থেকে দু'জনেই মুক্তি পাই। সেদিন তিনি বলছিলেন, তাঁর লেখক জীবনের শুরুতে সৈয়দ শামসুল হককে কোনো একটি বই দেন মন্তব্য করার জন্য। সৈয়দ হক তাঁর লেখা নিয়ে কোনো আগ্রহ দেখান নাই। কথা প্রসঙ্গে বলেন, 'প্রথম আলো আমার কাছে ইন্টারভিউ চাইছিল, আমি দেই নাই। এটা নিয় দুয়েকজন হয়তো আমারে ভুল বুঝছে। ভাবছে আমি প্রথম আলো সাহিত্য পুরস্কার পাই নাই বইলা তাদেরে ইন্টারভিউ দেই নাই। ব্যাপারটা একদমই তা না। ইন্টারভিউ দিতে আমি পছন্দ করি না। গল্প লেইখা গল্পকারকে আবার ইন্টারভিউ দিয়া যদি এক্সপ্লেইন করতে হয় এই গল্পে এটা বোঝাতে চাইছি, ওই গল্পে ওইটা করতে চাইছি, তাঁর জন্য এরচেয়ে দুঃখজনক আর কী হইতে পারে? আমি মনে করি লেখকের কাজ হইল শুধু লেখা। কে ছাপল কে রিভিউ করল কে কারে পুরস্কার দিল, কোনো রাজনীতি হইল কীনা এগুলো কোনোটাই লেখকের মাথাব্যথা না।'

ক্যাফে ম্যাংগোর আড্ডায় বলি, 'স্যার কথা ম্যাগাজিনের ইন্টারভিউতে আপনি বলছিলেন নির্জনতা উপভোগ করেন। নির্জনতার স্বাদ খানিক আমিও পাইছি। জাপানে যখন সংসার সন্তান থিকা দূরে ছিলাম, সেমিস্টার শেষে ভার্সিটি হয়তো বন্ধ থাকতো টানা বিশ বাইশ দিন, একা বাসায় কাটায়া দিতাম বই পড়ে গান শুনে। বারান্দায় বসে পাহাড়, লেক, মেপল পাতা দেখে। ঢাকায় ফিরে যা সবচে মিস করি তা হচ্ছে নির্জনতা। সামটাইমস আই ফিল লাইক আই অ্যাম ইন ডায়ার নিড অব সাইলেন্স।'

তিনি বলেন 'হ্যাঁ, নির্জনতা ছাড়া তো শিল্প সাহিত্যও সম্ভব না। আমার লেখালেখির শুরুর দিকে যখন ফ্যামিলির সবার সাথে থাকতাম মাথায় কোনো লেখার প্ল্যান তৈরি হইলে হোটেলে উইঠা যাইতাম।' আমাকে বলেন, 'ঢাকায় তোমার বাচ্চা, সংসার, চাকরি এত কিছুর মধ্যে লেখার জন্য নির্জনতা পাওয়া তো কঠিন তোমার জন্য।'

আমি বলি, 'নির্জনতা তো স্যার পাই না। কোনো কিছু লেখার প্ল্যান করলে অফিস থেকে ফিরে বা উইকএন্ডে স্বামী-সন্তান সবাইকে বলি, এখন লিখতে বসছি কেউ যন্ত্রণা কইরো না। তারপর কোনো একটা রুমের দরজা বন্ধ করে লিখতে বসে যাই। কোনো কিছু নিয়া পুরাপুরি আছন্ন না হইলে তো সাহিত্য করা যায় না।'

শহীদুল জহির বলেন, 'তবে তুমি সংসার করো চাকরি করো যাই করো একবার যদি গল্পটা প্ল্যান করো, তোমার লেখা গল্পটা নিয়ে সারাক্ষণই কাজ করতে থাকবে। ব্যস্ততার মধ্যেও তোমার মাথায় ধীরে ধীরে গল্পটা জমে উঠবে।' আমি বলি, 'হ্যাঁ ব্যাপারটা এভাবেই ঘটে।'

শহীদুল জহির ছিলেন প্রচারবিমুখ। তাঁর সহকর্মীদের মধ্যে খুব কম মানুষই জানতেন তিনি যে সাহিত্যিক ছিলেন এবং এত বড় মাপের সাহিত্যিক। আমাদের দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো তাঁকে পুরস্কৃত করে নাই বলে তার কোনো খেদ ছিল বলে কখনোই মনে হয় নাই। লিখে গেছেন মনের আনন্দেই। নির্লোভ এবং স্বাধীন ছিলেন মিডিয়ার প্রতি তাঁর দাসত্বহীনতা নিঃসন্দেহে যে কোনো লেখকের অনুকরণীয়। বেশ হতাশ ছিলেন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, বহুজাতিক কোম্পানির আগ্রাসন নিয়ে, বিশ্বব্যাংক আইএমএফের প্রতি মূলধারার মিডিয়া এবং বুদ্ধিজীবীদের বিরাট অংশের নতজানু ও দাসত্বমূলক মনোভাব নিয়ে।

তাঁর জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাসে মেট্রিক ফেল করা কোনো এক মুসলিম কিশোর পাড়ার এক হিন্দু কিশোরীর প্রেমে পড়ে কিন্তু বিনিময়ে কিশোরী উপহার দেয় নির্লিপ্ততা ও উদাসীনতা। কিশোরটি যুদ্ধে গিয়ে আর ফেরে না। মেয়েটির উদাসীনতা ততদিনে ঘুচে যায়। ধীরে ধীরে সে বয়সী হয় তার চিরকৌমার্যের কারণ কেউ জানে না এবং বোঝে না। মাঝে মধ্যে মনে হত হয়তো এমন কোনো কারণ ছিল শহীদুল জহিরের একা থাকার সিদ্ধান্ত নেয়ার পেছনে। হয়তো তেমন কোনো কারণই ছিল না। কখনোই তাঁকে এ বিষয়ে কোন কিছু জিজ্ঞাসা করি নাই, এ গুপ্তি ভাঙতে মন চায় নাই।

গত বছর অক্টোবরে জাতিসংঘ শান্তি মিশনে কাজ করতে সুদানের দারফুর চলে আসি। দেশ ছাড়ার আগে তার অফিসে যাই দেখা করতে। আমাকে বলেন, 'দারফুর অনেক চ্যালেনজিং হবে তোমার জন্য। তবে এ অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ করবে। তাছাড়া বাংলাদেশে চাকরিতে যত যান্ত্রিক নিপীড়নের মধ্যে থাকো তা থেকে মুক্তি পাইবা কিছুদিনের জন্য হলেও। লেখালেখির সময়ও পাইবা। নানা দেশের নানা সংস্কৃতির মানুষের সাথে মেশার এইটা অনেক বড় সুযোগ।'

৫.
মাত্র কিছুদিন আগে তিনি অস্ট্রিয়া ঘুরে এসেছেন। জানালেন অস্ট্রিয়ায় বেশ ভাল কেটেছে। গত ফেব্র"য়ারিতে বিশ দিনের ছুটিতে ঢাকায় যাই। ঢাকায় পৌঁছে তাঁকে ফোন করলে জিজ্ঞাসা করেন, 'নতুন কিছু লিখলা?' বললাম, 'একটা কবিতার বই বের হইছে এবার। দারুফুর নতুন মিশনে কাজের চাপ বেশি। লেখালেখির সময় পাই না।' তাঁর লেখালেখির সংবাদ জানতে চাই। তিনি জানান, কিছু গল্প লিখছেন। পরবর্তী বইমেলায় হয়তো বই বের হবে। আরো বলেন, 'যদি সম্ভব হয় চেষ্টা কইরো একদিন সময় বাইর করতে, ম্যাংগো ক্যাফেতে বসতে, আমার বেশ ভাল লাগবে।' কাজে অকাজে ছুটির সময়টা এত দ্রুত চলে যায় ক্যাফে ম্যাংগোতে বসার সুযোগ করে উঠতে পারি নাই। ঢাকা ছাড়ার একদিন আগে দুপুরে বেশ কয়েকবার তাঁকে ফোন করি ভেবেছিলাম অফিসে অন্তত দেখা করে আসি। তখন ফোন রিসিভ করেন নাই। সন্ধ্যায় আমাকে ফোন করে বলেন, সারা দিন মিটিংয়ে ব্যস্ত ছিলেন। বললাম, 'স্যার কালকে সুদান চলে যাইতেছি। এবার তো দেখা হইল না। আজকে দুপুরে ভাবতেছিলাম আপনের অফিসে ঢুঁ মাইরা আসি।'

তিনি বলেন, 'কোনো সমস্যা নাই। আমি বুঝি অল্প কয়দিনের ছুটিতে কত ব্যস্ততায় কাটাইছো। দারফুর থেকে আবার যখন আসবা সময় নিয়া আড্ডা দিব।'

দারফুর, সুদান, এপ্রিল ২০০৮

আর্টস-এ প্রকাশিত লেখা
আলিমের নিভৃতিচর্চা (গল্প)
শহীদুল জহিরের সাথে আর দেখা হল না (স্মৃতি)
কর্কট (গল্প)
জাপানে কোদো উৎসবে
নর্ডিক বসন্তে
ঙং পাহাড়ের কোলে

—–

লেখকের আর্টস প্রোফাইল: রাশিদা সুলতানা
ইমেইল: rashida031973@yahoo.com

—
ফেসবুক লিংক । আর্টস :: Arts

Image
free counters