এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: কালো দাসদাসীদের সংগ্রামের ইতিহাস
………………..
মূল: এদুয়ার্দো গালেয়ানো
বাংলা তর্জমা: আসাদ মিরণ
………………..
মাঝ পথের বংশধর
সমুদ্র গ্রাস করে এমন ছিদ্রযুক্ত ছোট ছোট নৌকাগুলি হলো সেই দাস জাহাজের নাতনী।
আজকের ক্রীতদাসদের যদিও আর সেই আগের নামে ডাকা হয় না, তবে তারা কিন্তু তাদের সেই বাপ-দাদাদের মতো একই ধরণের স্বাধীনতা ভোগ করছে, যাদেরকে আমেরিকার ক্ষেত-খামারে চাবুক মেরে কাজ করানো হতো।
তারা এমনিতে ভিনদেশে যায় না: তাদেরকে যেতে বাধ্য করা হয়। কেই ইচ্ছে করে দেশত্যাগ করেনা।
আফ্রিকা এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে যুদ্ধ, ক্ষরা, নিঃশেষিত ভূমি, বিষময় নদী আর ক্ষুধার্ত পেটের তাড়নায় মরিয়া হয়ে মানুষ ভিন দেশে পালায়।
বিশ্বের দক্ষিণ থেকে মানব মাংসের চালান, আজ সবচেয়ে সফলতম রপ্তানি পণ্য।
আমেরিকার প্রথম দাস বিদ্রোহ
ষোড়শ শতাব্দির প্রথম দিকের ঘটনা।
ক্রিস্টমাসের কয়েক দিন পর, সান্তো ডোমিংগোতে ক্রিস্টোফার কলম্বাসের ছেলের মালিকানাধীন চিনির মিলে কৃষ্ণাঙ্গ ক্রীতদাসরা বিদ্রোহ শুরু করে।
ধরায় ঈশ্বরের দৈবযোগ (ডিভাইন প্রোভিডেন্স) আর তাঁর প্রেরিত দূত জেমসের বিজয় অনুসরণ করে, রাস্তায় কালো মানুষদের সারিবদ্ধ করা হয়, এরপর ফাঁসিতে লটকানো হয়।
অনমনীয় স্বাধীনতা
ষোড়শ শতাব্দির মাঝামাঝি সময়ের ঘটনা।
যে সব ক্রীতদাসরা প্রথম চেষ্টায় পালাতে ব্যর্থ হত, তাদেরকে শাস্তি হিসেবে অঙ্গহানি করা হতো। যেমনঃ একটা কান কেটে ফেলা অথবা পেশীবন্ধ টুকরা করে ফেলা অথবা একটা হাত বা পা উপড়ে ফেলা। শুধু শুধুই স্পেনের রাজা "নাম প্রকাশ করা যায় না এমন অংশ কেটে ফেলতে" নিষেধ করেছেন।
দ্বিতীয় দফায় পালাতে গিয়ে যারা ধরা খেত, তাদের শরীরে বাকি যে সব অঙ্গ থাকতো, তার সবটাই হারাতে হত। এরপর তাদের জীবন শেষ হত ফাঁসি কাষ্ঠে, শূলে অথবা মাংস কাটার কাঠের গুঁড়িতে। তাদের মাথাগুলি বর্শায় গেঁথে শহরের স্কয়ারগুলিতে প্রদর্শন করা হত।
তবে সমগ্র আমেরিকা জুড়ে স্বাধীনতার ঘাঁটি বিস্তার লাভ করে। গভীর জঙ্গলে অথবা পাহাড়ের আড়ালে, চোরা-বালিতে ঘেরা, দেখতে অনেকটা শক্ত ভূমির মতো, অথচ শাণিত মরণশূল পোঁতা এক ভুল পথ।
পলাতক ক্রীতদাসরা আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসে এবং নানান অবমাননার মধ্যে দিয়ে তাঁরা স্বদেশী হয়।
মুক্ত রাজ্য
সপ্তদশ শতাব্দি জুড়েই এমন ঘটনা ঘটেছিল।
পালিয়ে যাওয়া ক্রীতদাসদের জন্য আশ্রয়কেন্দ্রগুলি মাশরুমের মতো গজিয়ে উঠছিল। ব্রাজিলে এইগুলিকে কুইলোম্বাস নামে ডাকা হয়। এটি একটি আফ্রিকান শব্দ, যার অর্থ সম্প্রদায়। যদিও বর্ণবাদ এই শব্দটিকে ব্যাধি, হৈ-চৈ করা বা পতিতালয় হিসেবে বর্ণনা করে।
পালমারেসের (ব্রাজিলের কলোনি) কুইলোম্বোতে, পূর্বের ক্রীতদাসরা তাদের প্রভুর কাছ থেকে মুক্ত ছিল। চিনির অত্যাচার থেকেও তারা মুক্ত ছিল। ফলে, কোন ঝামেলার সৃষ্টি হতো না। তাঁরা সব ধরনের বীজ রোপন করত আর সব ধরনের খাবারও খেত। তাদের প্রভুদের খাবার জাহাজে করে আসত। তাদের পৃথিবী থেকে আসত। তাদের লোহার কারখানা আফ্রিকার আদলে তৈরী হত। সেখানে বানানো নিড়ানি, গাঁইতি ও বেলচা দিয়ে তারা জমিতে কাজ করতো আর ছুরি, কুড়াল ও বল্লম দিয়ে আত্মরক্ষা করতো।
মুক্তির রাণী
অষ্টাদশ শতাব্দির প্রথমার্ধের ঘটনা।
আন্তর্জাতিক শ্রম বিভাগ ফয়সালা করলো যে, ইউরোপের টেবিলে মধুরতা এনে দেবার জন্য জ্যামাইকা বিদ্যমান আছে। সেখানের জমি শুধু চিনি আর চিনি, প্রচুর পরিমান চিনি উৎপাদন করে।
ব্রাজিলের মতো জ্যামাইকাতেও, পালানো ক্রীতদাসদের জন্য খাদ্যাভাসের বৈচিত্র্য বিশেষ এক সুযোগ। যদিও পাহাড়ের উঁচুতে উর্বর জমি খুঁজে পাওয়া মুশকিল, তবুও গাঢ় তাম্রবর্ণের (মেরুন) মানুষরা জানতো, কীভাবে সবকিছু ফলাতে হয়, কীভাবে শুকর আর মুরগির উৎপাদন করা যায়।
এখানে লুকিয়ে থেকে, তারা না দেখেও সবকিছু দেখতে পায়। তাঁরা দংশন করে। অতঃপর অদৃশ্য হয়ে যায়।
বায়ুর উজানে এই নীল পর্বতমালায়, ন্যানির নিজের মন্দির ও সিংহাসন রয়েছে। তিনি হলেন মুক্তির রাণী।
একসময় তিনি ক্রীতদাস জন্ম দেবার এক যন্ত্র ছিলেন, এখন তিনিই ইংরেজ সৈন্যদের দাঁত দিয়ে বানানো মালা গলায় পরেন।
মুক্তির শিল্প
অষ্টাদশ শতাব্দির মাঝামাঝি সময়ের ঘটনা।
ডাচ সৈন্যরা তাম্রবর্ণের মানুষদের গ্রামগুলি খুঁজে পায়। এগুলি ছিল সুরিনামের স্বাধীন আশ্রয় কেন্দ্র। তাঁরা ডাচদের এই পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেয়। সৈন্যরা তাদের অনেক যন্ত্রণা আর শাস্তি দেয়, কিন্তু ছাই ছাড়া সেখানে তারা আর কিছুই খুঁজে পায় না।
তাদের কোন জিনিসের প্রয়োজন সবচেয়ে বেশী? সেলাই করার সূঁচ না-কি রঙিন সূতা? মাঝে-মধ্যে হকাররা ভুল করে অথবা উন্মাদের মতো তাম্রবর্ণের মানুষদের বাড়িতে হাজির হয়। তাদের জিজ্ঞাসা করে, বিভিন্ন রংয়ের কাপড়ের ছাঁট দিয়ে তৈরী সুবিন্যাস্ত উজ্জ্বল রঙিন পোশাক ছাড়া তাদের জীবন কীভাবে চলে?
এগুলি ছাড়াই তাদের জীবন চলে। ডাচ উপনিবেশের রোপন করা উইন্ডমিলের পালগুলির টুকরো অংশ দিয়ে তাঁরা আংটি, ব্রেসলেট আর অলংকার তৈরী করে, যা একজন যোদ্ধার মর্যাদা সৃষ্টি করে। আর বন যা সরবরাহ করে, তা দিয়ে তারা বাদ্যযন্ত্র বানায়, যেগুলি তাদের দেহে নাচের জন্য মাতম তোলে।
মুক্তির রাজা
অষ্টাদশ শতাব্দির শেষের ঘটনা।
ঔপনিবেশিক শক্তি ডমিঙ্গো বায়োহোকে বহুবার ফাঁসি দেয়, কিন্তু তিনি রাজত্ব চালিয়ে যান।
পালেঙ্কেতে চলে তাঁর রাজত্ব (কলম্বিয়ায় আফ্রিকানদের প্রথম স্বাধীন শহর)। এটি কার্তাহেনা দে ইন্দিয়ার বন্দর থেকে খুব বেশী দূরে নয়। এখানের তাম্রবর্ণের লোকেরা তাদের মধ্যে থেকে সবচেয়ে সাহসী মানুষটিকে বেছে নিয়েছিল। উত্তরাধিকার সূত্রেই তাদের মনোনীত নামটি ছিল রাজ-পরিবারের একজন। ডমিঙ্গো বায়োহো হলেন সেই জন, যিনি এক ও বহু।
পালিয়ে যাওয়া সম্পত্তির সন্ধানে
উনবিংশ শতাব্দির শুরুর ঘটনা।
ডিনার টেবিলে অভিজাতদের মাঝে বিয়ে, উত্তরাধিকার আর কালো কুকুরদের নিয়ে আলোচনা হচ্ছিল।
মিসিসিপি, টেনেসি ও সাউথ ক্যারোলিনার সংবাদপত্রগুলি দৈনিক পাঁচ ডলারের বিনিময়ে এ জাতীয় কুকুরদের সেবা দেবার ক্ষমতার বিজ্ঞাপন ছাপায়। বিজ্ঞাপনে ঝুলন্ত কান ও ঠোঁটবিশিষ্ট বৃহদাকার এই কুকুরদের গুণের দারুণ প্রশংসা করা হয়- এরা পালিয়ে যাওয়া ক্রীতদাসদের খুঁজে বের করে অক্ষত অবস্থায় তাদের মালিকদের নিকট ফিরিয়ে দিতে পারে।
তাদের ঘ্রাণশক্তি সাংঘাতিক। একটি ভালো শিকারি কুকুর শিকার পালিয়ে যাওয়ার বেশ কয়েক ঘন্টা পরেও ঘ্রাণ শুঁকে তাকে অনুসরণ করতে পারে। তাদের গতি আর দৃঢ়তা প্রশংসার দাবীদার। কেননা, ঘ্রাণ মুছে ফেলতে ক্রীতদাসরা নদী ও স্রোতের মধ্যে সাঁতার কাটে অথবা তাদের পশ্চাতে গোলমরিচের গুড়া ছড়িয়ে দেয়। কিন্তু যে জানোয়ার হাড্ডির যম, সে কখনোই ক্ষান্তি দেয় না। হারিয়ে যাওয়া পদচিহ্ন পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সে অনুসরণ করা থামায় না।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হ'ল নিবিড় প্রশিক্ষণ। যা কুকুরকে কালো মাংসকে হামবার্গার বা কিমা না বানানোর শিক্ষা দেয়। কেবলমাত্র বৈধ মালিকেরই তার পশুদের অসদাচণের শাস্তি দেবার অধিকার রয়েছে।
হ্যারিয়েট
তাঁর কোন পলাতক ধরা পড়েনি। লোকে বলে, হ্যারিয়েট তাদের সকল ক্লান্তি-অবসাদ দূর করে দিত। এমনকি বন্দুকের গুলিও তাদের স্পর্শ করতে পারতো না। লোকে এও বলতো যে, হ্যারিয়েট গর্ব করে বলতেন, "আমি কখনও একজন সহযাত্রী খোঁয়াইনি।"
হ্যারিয়েটের মাথার দাম তাঁর প্রজন্মের মধ্যে সবচেয়ে বেশী ছিল। সে জন্য তারা নগদ চল্লিশ হাজার ডলার ঘোষণা করেছিল।
কেউ তা সংগ্রহ করে নি।
নাটকের মতো ছদ্মবেশ হ্যারিয়েটকে অচেনা করে তুলেছিল। তাকে অনুসরণকারী শিকারীদের তিনি এমন ভুল পথে ধাবিত করতেন যে, সেটা তাদের কল্পনাতীত ছিল।
