২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: ভূতগ্রস্ত নারী ও আর্কিম্বলডোর পুনরুত্থান

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 22 Sep 2021, 11:52 PM

Updated : 03 Oct 2022, 11:24 AM

তিতুবা
দক্ষিণ আমেরিকায় ছোটবেলায় সে বন্দি হয়েছিল এবং তাকে বিক্রি করে দেয়া হয়েছিল। এরপর আবারও তাকে বিক্রি করা হয়, তারপর আরও একবার। এভাবে দক্ষিণ আমেরিকার সালেম শহরে না পৌঁছানো পর্যন্ত মেয়েটি একের পর এক মালিকের হাত বদল হতে থাকে।
অবশেষে, পিউরিট্যন আশ্রয়স্থানে, রেভারেন্ড স্যামুয়েল প্যারিসের বাড়িতে দাস তিতুবার সেবার কাজ জোটে।

রেভারেন্ডের কন্যারা তাকে আদর করত। তিতুবা যখন তাদের ভূতের গল্প শোনাতো অথবা একটা ডিমের সাদা অংশে তাদের ভাগ্য গননা করত, তখন তাঁরা যেন স্বর্গে থাকত। আর ১৬৯২ সালের এক শীতকালে, কন্যারা যখন শয়তান দ্বারা বশীকৃত হলো ও মাটিতে গড়াগড়ি করতে করতে চিৎকার করত, তখন একমাত্র তিতুবাই তাদের শান্ত করতে পারত। সে তাদের যত্ন নিত আর ঘুমিয়ে না পড়া পর্যন্ত তাদের কানে ফিসফিস করে গল্প বলে যেত।
এটাই তাঁর ভাগ্য নির্ধারণ করে দিল: ঈশ্বরের মনোনীত লোকদের পূণ্যময় রাজ্যে সেই-ই নরক নিয়ে এসেছে।

গল্প বলার যাদুকরটিকে পাবলিক স্কয়ারে শূলে চড়ানো হয়েছিল এবং সে এ কথা স্বীকার করেছিল।
তাঁর বিরুদ্ধে তাঁরা শয়তানের রেসিপি বই থেকে পাই শেখার অভিযোগ এনেছিল এবং তা স্বীকার না করা পর্যন্ত তাঁরা তাকে চাবুক মেরেছিল।
তাদের অভিযোগ ছিল, সে ডাইনীদের বিশ্রামাগারে নগ্ন হয়ে নাচত এবং তা স্বীকার না করা পর্যন্ত তাঁরা তাকে চাবুক মেরেছিল।
তাঁরা তাঁর বিরুদ্ধে শয়তানের সাথে ঘুমানোর অভিযোগ এনেছিল আর সে হ্যাঁ না বলা পর্যন্ত তাঁরা তাকে চাবুক মেরেছিল।

এবং যখন তাঁরা বলল যে, তাঁর দুষ্কর্মের সহযোগী ছিলেন দু'জন বৃদ্ধা, যারা কখনও গির্জায় যায় নি, তখন অভিযুক্ত নিজেই অভিযোগকারী হয়ে ওঠে; আর সে আঙুল দিয়ে ভুতে-পাওয়া অপর দুটি যুগলকে (সারা গুড ও সারা ওসবার্ন) দেখায় এবং তাঁরা চাবুক মারা বন্ধ করে।
তারপরে অন্যান্য ডাইনি-আসামীরাও অভিযুক্ত হন।
আর ফাঁসিকাষ্ঠ কখনো ফাঁকা হয়নি।

টীকা:
(ঔপনিবেশিক উত্তর আমেরিকার ইতিহাসে সপ্তদশ শতাব্দির "সালেম উইচ ট্রায়াল" ছিল সবচেয়ে জঘন্যতম হত্যাকান্ডের সাক্ষী। সালেম শহর, এখন যেটি ডেনভার নামে পরিচিত, সেখানে পিউরিটান সমাজ ডাইনী বা যাদুবিদ্যা চর্চার জন্য ২০০জনকে অভিযুক্ত করেছিল। তাদের মধ্যে চৌদ্দজন নারী ও পাঁচজন পুরুষকে ফাঁসি দিয়েছিল।)

ভূতগ্রস্ত নারী
ধর্মতত্ত্ববিদ ও খ্রিস্টান ভিক্ষু মার্টিন দে কাস্তেগা নিশ্চিত করেছেন, শয়তান পুরুষদের চেয়ে নারীদের বেশী পছন্দ করে। কারণ, "তাঁরা ভীরু ও নরম হৃদয়ের অধিকারী। আর তাদের মস্তিস্ক বেশ আর্দ্র।"
শয়তান তার ছাগলের খুর আর কাঠের নখ দিয়ে নারীদের সোহাগ করে প্রলুব্ধ করে অথবা রাজপুত্রের পোশাক পরে ছদ্মবেশে তাদের প্রতারিত করে।

ভূতগ্রস্ত নারীদের ভূত তাড়ানোর ঘটনা চার্চগুলিতে জনতার উপচে পড়া ভিড় নিয়ে এসেছিল।
ভূত তাড়ানোর এই পর্বে, ভুতের ওঝার (ভূত তাড়ানোর অভিজ্ঞ কোন পাদ্রি) বুক সুরক্ষিত করার জন্য তাঁকে পবিত্র লবন, আশীর্বাদযুক্ত চিরহরিৎ পত্র, সন্তুদের চুল আর নখ ভরা বর্ম পড়ানো হত। ক্রুশবিদ্ধ যিশুকে উপরে ধরে রেখে, তিনি ডাইনীর সাথে যুদ্ধে অবতীর্ণ হতেন। বিপর্যস্ত নারীটি তখন দোহাই দিত, চিৎকার করত, বিড়বিড় করত, জাহান্নামের ভাষায় ভূতের ওঝাকে অপমান করত। এরপর সে অট্টহাসি দিয়ে তাঁর কাপড় ছিড়ে ফেলত আর শরীরের দুষ্ট অংশ দেবার প্রস্তাব করত। উত্তেজনা চরম শিখরে পৌঁছাত তখন, যখন ভূতের ওঝা নারী-দেহকে গাঢ় আলিঙ্গন করে মেঝেতে গড়াগড়ি খেত, যেখানে শয়তান তার ঘর বানিয়েছিল। আলিঙ্গন প্রলম্বিত হত, যতক্ষণ না সেই নারীর খিঁচুনি আর বিলাপ বন্ধ না হত।
এরপরে, কেউ কেউ ভূতগ্রস্ত নারীর খসে পরা নখ আর গ্লাসে তাঁর একটুখানি বমি তোলার জন্য মেঝেতে তল্লাশী চালাত।

হেন্ড্রিকজে
১৬৫৪ সালে আমস্টারডামের রিফর্মড গীর্জা কাউন্সিল হেন্ড্রিকজে স্টোফেলস নামের এক যুবতী ও গর্ভবতী নারীর বিচার করেছিল। বিচারে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
তিনি "চিত্রশিল্পী রেমব্র্যান্ডের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে" বলে স্বীকার করেন। আর তিনি এটাও স্বীকার করেন যে, বিবাহিত না হয়েও তাঁরা একই বিছানায় ঘুমাতেন "অনেকটা বেশ্যার মতোই," অথবা আরও আক্ষরিক অর্থে বলতে গেলে তিনি "বেশ্যাগিরি করেছেন।"
শাস্তি হিসেবে কাউন্সিল তাকে অনুশোচনা ও ব্রত করার বাধ্যবাধকতা আরোপ করে। আর তাকে আমাদের যীশু খ্রিষ্টের কাজকর্ম থেকে স্থায়ীভাবে বাদ দেওয়া হয়।

রেমব্র্যান্ডকে দোষী হিসেবে চিহ্নিত করা যায়নি। সম্ভবতঃ বিচারকদের মনে তখন হয়ত আদম-হাওয়া পর্বের আপেল খাবার ঘটনা মনে পড়েছিল। তবে, এই কেলেঙ্কারির কারণে তাঁর কাজের দাম কমে গিয়েছিল। ফলে, তিনি নিজেকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন।
চিয়েরোস্কুর (আলো-আধাঁরি) গুরু, যিনি আধাঁরে জন্মনো আলোর উন্মেষ করেছিলেন, জীবনের শেষ বছরগুলি ছায়ার উপর কাজ করেছিলেন। তিনি ঘর হারিয়েছেন, নিজের চিত্রকর্ম হারিয়েছেন। তাকে ভাড়া করা কবরে সমাধিস্থ করা হয়েছিল।

ভার্মিয়ারের পুনরুত্থান
তিনি মারা যাবার সময় তাঁর কাজগুলি ছিল মূল্যহীন। ১৬৭৬ সালে তাঁর বিধবা স্ত্রীকে রুটিওয়ালার বকেয়া অর্থ পরিশোধের জন্য দু'টি চিত্রকর্ম দিয়ে দিতে হয়েছিল।
ভার্মিয়ার ভ্যান ডেল্ফট বিস্মরণের শাস্তি পেয়েছিলেন।
পৃথিবীতে তিনি ফিরে আসার আগে দুই শতাব্দি পেরিয়ে গিয়েছিল। এরপর প্রতীকীবাদীরা, আলোর শিকারিরা তাকে উদ্ধার করেন। রেনোয়ার বলেছেন, ভার্মিয়ারের জরি দিয়ে তৈরী এক নারীর প্রতিকৃতি এ পর্যন্ত তাঁর দেখা সবচেয়ে সুন্দর চিত্রকর্ম।

ভার্মিয়ার শুধু তাঁর বাড়ি ও তার আশেপাশের তুচ্ছাতিতুচ্ছ সব জিনিসের ছবি আঁকতেন। স্ত্রী ও কন্যারা ছিলেন তাঁর মডেল আর সংসারের টুকিটাকি কাজ ছিল তাঁর আঁকার বিষয়। সর্বদা এক হলেও, যেন কখনোই এক নয়; প্রাত্যহিক গৃহস্থালি কাজে ভার্মিয়ার অনেকটা রেমব্র্যান্টের মতো। অন্ধকার উত্তরের আকাশ তাকে প্রত্যাখ্যান করলেও তিনি জানতেন, কীভাবে সূর্যকে অনাবৃত করতে হয়।

তাঁর আঁকা চিত্রগুলিতে কোন শ্রেণি-বৈষম্য নেই। কোন কিছুই এবং কেউ-ই কম বা বেশী আলোকিত নয়। সেখানে মহাবিশ্বের আলো কম্পিত হয়, চুপিচুপি, ঠিক যতটুকু মদ হাতের গ্লাসে থাকলে পর তা নিবেদন করা যায়, চোখে যতটা বর্ণ থাকলে পর তা পড়তে পারা যায়, যতটা জীর্ণ রঙিন পশমি ওড়নায় ঢাকা মুখ তার চেয়েও স্নিগ্ধ মুখের কোন মেয়েকে দেখতে পাওয়া যায়।


আর্কিম্বলডোর পুনরুত্থান
প্রতিটি ব্যক্তির স্বাদ, গন্ধ ও রঙের একটি উৎস ছিল:
কান, একটা টিউলিপ
ভ্রু, দু'টি বাগদা চিংড়ি
চোখ, দু'টি আঙুর
চোখের পাতা, হাঁসের চঞ্চু
নাক, একটা নাশপতি
গাল, একটা আপেল
চিবুক, একটা ডালিম
আর চুল, যেন ঝোঁপঝাড়ের জঙ্গল।

দরবারের চিত্রশিল্পী জিউসেপ আর্কিম্বলডো তিনজন সম্রাটকে হাসিতে মাতিয়ে রেখেছিলেন।
তাঁরা তাকে বুঝতে পারতেন না, কিন্তু আনন্দে মেতে উঠতেন। তাঁর চিত্রকর্মগুলি দেখতে অনেকটা বিনোদন পার্কের মতো। আর এভাবেই এই পৌত্তলিক শিল্পী বেঁচেছিলেন এবং বিলাসবহুল জীবনযাপন করতে সক্ষম হয়েছিলেন।

অর্কিম্বলডো প্রতিমা-পূজার মতো মারাত্মক পাপ-কর্মে জড়িত ছিলেন। তিনি বন্য প্রাচুর্যপূর্ণ প্রকৃতির সাথে মানবীয় সংযোগ প্রগাঢ় করেছিলেন। বাস্তবতা যেখানে হিংস্রতা আর বিদ্রুপে ভরা ছিল, সেখানে তাঁর চিত্রকর্ম অহিংস ও আমোদপূর্ণ হবার কথা বলত।

তিনি যখন মারা গেলেন, শিল্পের স্মরণকাল তাকে এক দুঃস্বপ্নের মতো লুকিয়ে রাখে।
চার শতাব্দি পরে, তাঁরই বিলম্বিত সন্তান, পরাবাস্তববাদীরা তাকে পুনর্জীবিত করেন।