২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চোখ ভেসে যায় জলে

মোস্তফা তোফায়েল

Published : 04 Nov 2014, 01:49 PM

Updated : 03 Oct 2022, 11:27 AM

Image
border=0

পঞ্চাশের মন্বন্তর-তেতাল্লিশের দুর্ভিক্ষ নিয়ে পথের পাঁচালি নয়, উত্তরবঙ্গীয় জীবনের গদ্য-কাব্য রচনা করেছেন জীবন শিল্পী মাজহারউল মান্নান তাঁর চোখ ভেসে যায় জলে গ্রন্থে। চোখের জলেই লেখা এ গ্রন্থের ভেজা পাতাগুলো। এক পেঙ্গুইন মা কীভাবে তার জীবন-রক্তে ভরে দেন কালির দোয়াত, কীভাবে সে দোয়াতের কালির আঁচড়ে আঁকা হয় জয়নুল আবেদীনের দুর্ভিক্ষের ছবির জায়াগায় মাজহারউল মান্নানের জীবনের দর্পণ, সেটাই এ গ্রন্থের প্রতিপাদ্য। পঞ্চাশের মন্বন্তর-লাঞ্ছিত শুষ্ক দেহ, শতছিন্ন একটি পোড়ো জমিন গাইবান্ধা-কুড়িগ্রাম-রংপুর-লালমনিরহাট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠের পটভূমি নির্মাণে যার ভূমিকা একদা বাংলা সাহিত্যকে সচকিত করে তুলেছিল সেই পোড়ো জমিনের পোড়া কপালী এক মায়ের মেধাবী পুত্র তার কৈশোর-যৌবনের প্রতি পদে পদে পল-লুই-যিশুর মতো রক্ত ঝরিয়ে দেয়, মুখ থুবড়ে ভূতলে গড়িয়ে পড়ে, খড়-বিছালি অবলম্বন করে আবার উঠে দাঁড়ায়, সেই গদ্য-কাব্য অথবা উত্তরবঙ্গের মহাকাব্য এই 'চোখ ভেসে যায় জলে'। এ গ্রন্থের ছত্রে ছত্রে, অনুচ্ছেদে অনুচ্ছেদে পাঠকের চোখের সম্মুখে উপস্থাপিত হয় স্বচ্ছতোয়া দর্পণ, যে দর্পণে উত্তরবঙ্গের লক্ষ লক্ষ উদীয়মান ছাত্র-যুবক স্পষ্ট দেখতে পায় তাদের স্ব স্ব জীবনের পথের ক্লান্তি-যন্ত্রণা-বিড়ম্বনার কড়চা। তবু পথ-চলা, তথাপি বলা :
'ও তুই বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে'।

গল্প বলার ভঙিতেই লেখক শুরু করেন। তিনি লেখেন, 'এক দিনের কথা বলি, সময়টা চল্লিশের দশকের শেষের দিকে হবে। আগের দিনে বা'জান বহু চেষ্টা করেও এক সের চাল যোগাড় করতে পারেননি। আমরা সবাই সারাদিন প্রায় না খেয়েই থাকলাম। বিকেলের দিকে মা খানিকটা বীজধান থেকে আলো চাল বের করে জাউভাত রেঁধে আমাদের খেতে দিলেন। কোনোরকম আধপেটা খেয়ে রাতটা কাটালাম। পরদিন সকালেই বা'জান বেরিয়ে গেলেন। সারাদিন আমরা আশায় আশায় থাকলাম বা'জান কিছু না কিছু নিয়েই ফিরবেন। বোন দুটো চুপচাপ থাকলেও ছোট ভাইটা ক্ষুধা সহ্য করতে না পেরে কেঁদে কেঁদে নিস্তেজ হয়ে পড়লো। কুপি জ্বলে না, কেরোসিনের সংস্থান নেই, চুলার লাল আগুনের আলো-ছায়ায় মায়ের ভাঙাচোরা মুখ চোখে পড়ছে। এমন সময়ে আধো অন্ধকারে ছায়ামূর্তির মতো বা'জান এসে চুলার পাশে চুপচাপ বসে পড়লেন। খালি হাত, ক্লান্ত চেহারা।

মা নড়েচড়ে বসলেন কিন্তু কোনো কথা বললেন না। ভাজা ছোলাগুলো একটা বাটিতে করে মা আমাদের খেতে দিলেন। ততক্ষণে ছোট ভাইটা ভাতের জন্য কেঁদে কেঁদে মার কোলেই ঘুমিয়ে পড়েছে।' (পৃষ্ঠা সংখ্যা ৯-১০)

কেঁদে কেঁদে অবসন্ন হওয়া, অবসন্ন হয়ে ক্ষুধার্ত ভাইটির ঘুমিয়ে পড়া এবং এক মায়ের কোলে, যে মা নিজে নিরন্ন, নিরূপায়, সেই মায়ের কোলে। জগতে আর কোনো আশ্রয় নেই, আশা নেই, আদর নেই। শুধু একজন ভাই নয়, সব ভাইবোন এবং তাদের পিতামাতা অর্থাৎ গোটা পরিবার এভাবে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস অনাহারে-অর্ধাহারে থাকে। এটি উত্তরবঙ্গের মন্বন্তর-পরবর্তী সময়ের একটি প্রান্তিক কৃষক পরিবারের যাপিত জীবনের চর্যা। এ পরিবারের গৃহকর্ত্রী মা, ছেলেমেয়েদের উপোস-উদাস-অবসন্ন মুখগুলোর দিকে দেখেন আর বাইরের পৃথিবীর দিকে, সমাজের দিকে তাকিয়ে যা দেখেন, তার নাম 'অন্ধকার'।
'ছোট বোন রাবেয়া ভাজা ছোলা দু'একটা মুখে দিয়ে বললো, ,মা, বা'জানকেও দু'টা দ্যাও।
মেয়ের কথায় সচকিত হয়ে মা একমুঠো ছোলা বাটিতে করে বা'জানের দিকে এগিয়ে দিলেন। বা'জান চুলার আগুনের দিকে তাকিয়ে আছেন নিষ্পলক দৃষ্টিতে। ফোঁটা ফোঁটা চোখের পানি তার দুই গাল বেয়ে ছাই চাপা আগুনে পড়ে ছ্যান ছান শব্দ করছে। মেজ বোন ফজিলা খুব শান্ত মেয়ে, ওর সহ্যশক্তিও খুব। কী মনে করে সে আস্তে করে বা'জানের কাছে গিয়ে তার মাথাটা বুকের মধ্যে জড়িয়ে ধরলো। শিশুকন্যার ছোট্ট বুকে কী মমতা জড়ানো ছিল, অসহায় পিতা 'মা-রে' বলে হু হু করে কেঁদে উঠলেন। আমরা সবাই কাঁদতে লাগলাম, মা-ই শুধু অপলক চোখে অন্ধকারের দিকে তাকিয়ে থাকলেন।' ( পৃষ্ঠা ১১)

এরই মধ্যে পরিবারের একটি ছোট ছেলে তেলশূন্য কুপি জ্বালিয়ে দিগ্বিজয়ী গ্রীক বীর আলেকজান্ডারের হাতে বন্দি ভারতীয় রাজা পুরুর বীরোচিত সংলাপের কাহিনী মুখস্থ করতে থাকে। রাজা পুরু যুদ্ধে পরাস্ত হয়েছে অস্ত্রের লড়াইয়ে, কিন্তু মনের জোরে তখনও আলেকজান্ডারের সমকক্ষ। রাজা পুরু বীরের কাছে বীরের মর্যাদা-ই দাবি করেন। ছেলেটি ইতিহাসের সে কাহিনী মুখস্থ করে আর কল্পনা করে সমাজে বীরোচিত মর্যাদায় ঘুরে দাঁড়ানোর। ছেলেটির সে কল্পনাশক্তি, তার জীবনীশক্তির-ই পরিচায়ক। কুপির তেল ফুরিয়ে যায়, কিন্তু কল্পনাশক্তি নিভে যায় না।

'চল্লিশের দশকের শেষ দিকের কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে অনেক আগে, ভারত ভাগের উত্তাপও কমে এসেছে। কিন্তু দুর্ভিক্ষ ক্রমেই গ্রাস করছে গ্রামগঞ্জ। কন্ট্রোলের বাজার। কেরোসিন আক্রা, মা বেলা ডোবার আগেই রান্নাবান্না করে সবাইকে খাইয়ে দেন। সন্ধ্যায় কেরোসিনের কুপিটা জ্বালিয়ে দেন আমার সামনে। মেঝেতে বসে আমি ইতিহাসের দিগ্বিজয়ী সম্রাট আলেকজান্ডার আর বন্দী রাজা পুরুর বীরোচিত কাহিনী মুখস্থ করি। মা কখনও আমার মুখের দিকে, কখনও স্বচ্ছ কুপিটার নিঃশেষ প্রায় তেলের দিকে তাকান, সলতেটা বারবার উস্কে দিয়ে বইয়ের কালো কালো অক্ষরগুলোর উপর থেকে অন্ধকার সরিয়ে দেয়ার বৃথা চেষ্টা করেন। তেল ফুরিয়ে আসে, বাতি নিভে যায়। অন্ধকারের দিকে তাকিয়ে মা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন।' (পৃণ্ঠা ১২)
অমানিশার অন্ধকারের মাঝে পথ হাতড়ে হাতড়ে, দুস্তর সমুদ্রের ঢেউয়ের ধাক্কা ভেঙে ভেঙে শুরু হয় সান্টিয়াগোর এক নাবিকের দুর্লঙ্ঘ্য অভিযাত্রা। বিশ শতকের দ্বিতীয় পাদে একটি নিম্নবিত্ত মুসলিম পরিবারের সন্তান তার ছাত্রত্ব অব্যাহত রাখার দুর্বার সংকল্পে সাত গ্রাম সাত নদী দূরের এক গৃহস্থ বাড়িতে লজিং থাকে। সে লজিং বাড়িতে তার মানবিক সত্তা রক্ষা হয় না কোনক্রমেও, তার থাকার ঘরের এক অংশ গোয়ালঘর, সেখানে থাকে গরু। গরুর দাপাদাপির শব্দে আর রাতভর মশার ভন্ভনানিতে রাত কাটে তার। সন্ধ্যেবেলা লজিং মাস্টারের সন্তানদের পড়াতে হয়, নিজের বইয়ে চোখ ফেললেই লজিং মাস্টারের বিদ্রুপবাণ। সপ্তাহে দু'দিন ধান, পাট কিংবা বড়ো বড়ো বাঁশ বহন করে নিয়ে যেতে হয় গ্রামের হাটে বিক্রির জন্য। এগুলো সবই শুধু পেটের ভাত আর সন্ধ্যার বাতি পাওয়ার বিনিময়ে সহ্য করে সে। শুধু অব্যাহত রাখতে চায় ছাত্রত্ব।
'কাফি সরকার আমার লজিং মাস্টার। আমি যে ঘরটায় থাকি সেটা কাছারি ঘর, তার এক পাশে থাকে দু'টো গাড়ির বলদ আর এক পাশে আমি আর একটা কাজের ছেলে। মশারি নেই, রাতে মশার জ্বালা আর গরুর ছট্ফটানিতে ঘুম আসে না । এমনি করে দিন যায়। কিন্তু আমার পড়াশুনা তেমন এগোয় না। এগোয় না, কারণ সেই পুরনো সমস্যা। বইখাতার ঠিক নেই, মাসের পর মাস বেতন বাকি। এক প্রস্থ মাত্র কাপড় ধুয়ে দিলে সেদিন স্কুল যাওয়া বন্ধ। তার উপর দু'টো ছেলেকে পড়ানোর সময় পড়ার বই খুলে বসলেই লজিং মাস্টার বিরক্ত হন। বলেন, তুমিই যদি সবসময় পড়ো, তবে আমার ছেলেদের পড়াবে কী? (পৃষ্ঠা ১৯)

'বিকেলে দু'টো বাঁশ হাটে নিয়ে যেতে হবে। কাজের ছেলেটা ফেরেনি। ধরাধরি করে দু'টো বাঁশেরই গোড়া তুলে দেয়া হলো আমার কাঁধে, আগার দিকটা রফিক। বেশির ভাগ ওজন পড়লো আমার কাঁধেই। ভিড়ের রাস্তায় বাঁশ বহন করা খুবই কষ্টের, তার উপর কাঁধে বাঁশের গোড়ালির ঘষা। ঘষা খেয়ে ছাল ওঠা জায়গার জ্বালায় জান বেরোবার উপক্রম। জিরোবার জন্য রাস্তার পাশে দু'একবার কাঁধ থেকে বাঁশ নামালাম। তাতে কষ্ট কমলো না বরং বাড়লো।' (পৃষ্ঠা ১৯)

এ কাহিনী যে সময়ের, তার একশ' বছর আগে ছিল উনিশ শতকের দ্বিতীয় অধ্যায়। তখন বাঙালি মুসলমানের আর্থিক সামর্থ্য ছিল। তার ছিল জমিজমা, আবাদকিস্তি, ধানপাটের মজুত, গরুবাছুর ও অন্যান্য কৃষি সম্পদ। তবে তার ছিল না ইংরেজী শিক্ষা কিংবা স্কুল কলেজে লেখাপড়া শিখে চাকুরীজীবী হওয়ার ইচ্ছা। তার তখন ইংরেজ সরকারের বিরুদ্ধে ঘোর অভিমান, অমোচনীয় বিদ্বেষ। নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমীর আলী, মাওলানা কেরামত আলী (রহঃ) প্রমূখ মণীষীগণের প্রচারণা ও প্রণোদনার পর যখন তারা স্কুল-কলেজগামী হলো, ততক্ষণে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে। জীবন যাত্রাও এক প্রকার প্রতিযোগিতা, টিকে থাকার জন্য অপর সম্প্রদায়ের লোকদের সাথে লড়াই। হিন্দুরা ইংরেজদের সহযোগিতায় ও দাক্ষিণ্যে এগিয়ে গেছে, কিন্তু মধ্যবিত্ত মুসলমান নিম্নগামী হতে হতে নিঃস্ব হয়ে পড়েছে। তাদের আর দাঁড়াবার মতো মেরুদন্ড থাকেনি। তাদের অধিকাংশেরই জমিজিরাত খোয়া গেছে, কৃষি সম্পদ শূনের কোঠায়। তারা সর্বস্বান্ত অবসন্ন। তাদের মগজে ঢুকে পড়ে অদৃষ্টবাদিতা। উত্তরবঙ্গের প্রত্যেক মহকুমার অধিকাংশ মুসলমান পরিবারে এই দুর্দশার চিত্র।
'চোখ ভেসে যায় জলে' গদ্যকাব্যের বর্ননায় পাই :
'হাট ভেঙে গেলো। বাঁশ বিক্রি হলো না। অনেক চেষ্টা করেও বা'জান এক সের চাল যোগাড় করতে পারলেন না। ক্লান্ত অবসন্ন শরীরে বাঁশটা একাই কাঁধে নিয়ে বাড়ির দিকে ফিরে চললেন। আমাকে ধরতে দিলেন না। রাস্তায় বা'জানকে জিজ্ঞেস কররলাম, বা'জান, আমাদের এত কষ্ট কেন?
বা'জান ক্লান্তস্বরে বললেন, আল্লাহপাক মানুষকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন বাবা।
আমি আবার বললাম, আল্লাহ শুধু গরিব মানুষকে পরীক্ষা করেন কেন?' (পৃ:২৭-২৮)
অবর্ণনীয় কষ্ট, অসহনীয় জঠর জ্বালা, অস্বাভাবিক সামাজিক বৈষম্য কোমল মনে একপ্রকার নৈরাশ্য ও অবিশ্বাসের দানা বেঁধে দেয়। তখন মনে হয় জগৎ সংসারে সত্য ও ন্যায়বিচার বলতে কেনো কিছুর স্থান নেই, সব কিছুই 'মিথ্যা ছলনার জালে আকীর্ণ' করে রাখা হয়েছে।

অস্তিত্ব রক্ষার জন্য শারীরিক ও মানসিক সংগ্রাম অব্যাহত থাকে। প্রতিভাবানদের কল্পনাশক্তি কখনও বিনাশপ্রাপ্তি মানে না, মেনে নিতে চায় না। বোধ করি, হেমিংওয়ে তাঁর দি ওল্ড ম্যান এ্যান্ড দ্যা সী উপন্যাসে মানব অস্তিত্বের সেই নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে চলার কাহিনীই বর্ণনা করেছেন। প্রতিভাবান মানুষেরই অপর নাম সংগ্রামী মানুষ, অথবা, ঘুরিয়ে বললে সংগ্রামী মানুষেরই অপর নাম প্রতিভাবান মানুষ। সংগ্রাম আর প্রতিভার সমন্বয় ঘটেছে যে প্রয়াসে ও প্রত্যাশায়, বেঁচে থাকার স্বপ্ন সেখানে বার বার এসে দেখা দেবে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতার তরুণ বালক পাথরে নিষ্ফল মাথা কুটে মৃত্যুবরণ করতেই পারে, কারণ কবি রবীন্দ্রনাথ ছিলেন আকাশচারী মানুষ। 'চোখ ভেসে যায় জলে'র মাজহারউল মান্নান স্বপ্ন দেখেন মৃত্যুযন্ত্রণার ভষ্মস্তুপে শায়িত অবস্থায়, 'এপ্রোন পড়ে মেডিকেল কলেজের করিডোরে হাঁটছি। পড়ালেখার নিদারুণ ব্যস্ততা, কারণ বড় ডাক্তার হতে হবে। অনেকের ঈর্ষা, অনেকের ভালোবাসা, অনেকের কৌতুহল সবকিছু আমাকে ঘিরে। শেষ বর্ষের পরীক্ষার ফল বেরোলো। আমি ফার্স্ট হয়েছি। প্রিন্সিপাল আমাকে ডেকে পাঠালেন, কক্ষে প্রবেশ করতেই তিনি বললেন, কনগ্রাচুলেশন মাই বয়, এবারে স্টেট স্কলারশীপের জন্য আমি তোমার নামই প্রপোজ করেছি। 'থ্যাংক ইউ স্যার' বলে আনন্দের আতিশয্যে তাঁর পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিতে গিয়ে হোঁচট খেলাম। আমার স্বপ্ন ভেঙে গেলো।' (পৃষ্ঠা ৪৮ )
হাজারো সমস্যা, অভাব আর অনটন থাকা সত্ত্বেও বাবা-মায়ের আশা-আকাক্সক্ষা ও আন্তরিকতার জোরে যে তরুণ তার আপন শক্তি অটুট রাখার মনোবল সঞ্চয় করেছে, সে তরুণ তার প্রবেশিকা পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়। পঞ্চাশের দশকের বাঙালি মুসলমানের শিক্ষার প্রেক্ষাপটে এই ধাপ অতিক্রম করার অর্থ বিশাল বাধা অভিক্রম করতে পারা। আত্মকথার নায়ক স্মৃতিচারণ করেন, 'সন্ধ্যার মধ্যে প্রায় সবাই এলো গ্রামের প্রথম ম্যাট্রিক পাশ করা ছেলেটাকে দেখতে, মিষ্টি মুখ করাবার সঙ্গতি নেই, তাই সবার হাতে একটু পান সুপারি দেয়ার চেষ্টা করলেন মা। বা'জান লজ্জিত ভঙ্গিতে সবার কাছে হাত কচ্লিয়ে মাফ চাইতে লাগলেন।
এশার নামাজে বসে বা'জান দীর্ঘক্ষণ কান্নাভেজা কন্ঠে আল্লাহপাকের শোকর গোজারি করলেন। দুই রাকাত নফল নামাজ পড়লেন। মা রান্নাঘরে ছিলেন। তাকে ডেকে বললেন ছেলেমেয়েদের হাত তুলতে বলো, সবাই একসাথে দোয়া করি।' (পৃষ্ঠা ৫৩)
গ্রামের সুবোধ ছেলেটি উচ্চাভিলাষের মুকুট মাথায় পরে ট্রেনে করে চলে আসে শহরে। পকেটে টাকা নেই, টিকেট ছাড়া ট্রেনযাত্রী হয়, ধরা পড়ে স্টেশন-মাস্টারের হাতে অপমানিত হয়। শহরের এক শ্রেণীর মানুষের হৃদয়হীনতার কথা এই ছেলেটি সিনেমার গানের মাধ্যমে আগেই অবহিত হয়েছে। 'ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্মব্যথা'র গান সে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে আগেই গেয়েছে। এবার বাস্ত সাক্ষাৎ পেলো সেই শহুরে পাষন্ডতা ও নিষ্ঠুর আচরণের। আত্মজীবনীকার লিখছেন, 'বিকেল তিনটায় রংপুর স্টেশনে নেমেই টিকেট কলেক্টরের হাতে ধরা পড়লাম, আমার সাথে আরো কয়জন বিনা টিকেটের যাত্রীকে স্টেশনের একটি কক্ষে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। প্রথমে আমাকে ডেকে পয়সাপাতি আছে কিনা পকেট হাতড়িয়ে দেখলেন। আমি করুণ কন্ঠে আমার কষ্টের কাহিনী বললাম, বললাম সেই অসম্ভব স্বপ্নের কথাও। কিন্তু তার মন গললো না, তিনি বাম হাতে আমার একটা কান ধরে ডান হাত দিয়ে আমার বাম গালে কষে মারলেন থাপ্পড়।'' (পৃষ্ঠা ৬০)
সেদিনের তরুণ তাঁর কোমলমতি হৃদয়ের আকুতি, অর্থকষ্টের সত্যভাষণ দিয়ে স্টেশন মাষ্টারের সহানুভূতি আকর্ষণ করতে চেয়েছিল, কিন্তু তাঁর সে আবেদন ইটের পাঁজরে ধাক্কা খেয়ে ফিরে এসেছে।
পরবর্তী দৃশ্যে যে দারোগা সাহেবকে দরদী মন নিয়ে এগিয়ে আসতে দেখা যায়, সে ভদ্রলোকের মানবিকতা আমাদের মুগ্ধ করে, আশান্বিতও করে। অনুমিত হয় যে, তিনিও এরকম দুঃখ-কষ্ট, অভাব-অনটন, আর্থিক দুর্গতি ও সামজিক অসংগতির মধ্য দিয়ে মানুষ হয়ে চাকুরি পেয়েছেন। তার ভিতরে এক মানবিক বোধ জেগে আছে, কষ্টের স্মৃতি আছে। তিনি সেই বোধে তাড়িত হয়ে সহানুভূতির পরশ বুলিয়ে দিচ্ছেন, 'দারোগা সাহেব এক এক করে সবার পরিচয় লিখে নিচ্ছেন। কাউকে কাউকে সহানুভূতির সাথে এটা ওটা জিজ্ঞেসও করছেন। আমাকে জিজ্ঞেস করতেই আমি কেঁদে ফেললাম। তিনি আমার সব কথা শুনে তার পাশের টুলটা দেখিয়ে আমাকে বসতে ইংগিত করলেন। কী করবো ঠিক করতে না পেরে দাঁড়িয়ে থাকলাম। এবার তিনি মুখ খুললেন। বললেন, তোমাকে বসতে বলছি না, বসো। তোমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি। তালিকা তৈরির কাজ শেষ করে দারোগা সাহেব টেবিলের ড্রয়ার টেনে একটা টিফিনে বাটি বের করলেন। বাটিটা নিজ হাতে খুলে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, খাও।
আমি খাবার হাতে নিয়ে ইতস্তত করতে লাগলাম। কখন যে চোখ থেকে ফোটা ফোটা পানি খোলা বাটিতে পড়ে রুটি আর সবজির সাথে মাখামাখি হয়ে গেছে বুঝতেও পারিনি।' (পৃষ্ঠা ৬১-৬২)
লেখকের চোখের পানি দারোগার রুটি আর সবজির সাথে মাখামাখি হয়ে যায়, বোধ করি দারোগা তার মুখের অবয়বে নিজের অতীতের ছবি দেখতে পেয়ে দুঃখাভিভূত হয়ে যান, তাঁর কান্নায় নিজেও সিক্ত হন ।
ছাত্রজীবনের কলেজ পড়া পর্যন্ত তাঁর অভাব ও দুঃখের অন্ত ছিল না। কোনও ক্লাসেই তাঁর বই কেনা, বেতন দেয়া, জামা কাপড় কেনার টাকা ছিল না। বন্ধুরা, প্রতিবেশিরা, বন্ধুদের মায়েরা, প্রতিবেশি চাচিরা তাঁর মেধার দীপ্তি দেখে সহানুভূতির পরশ বুলিয়ে দিয়েছে। কারমাইকেল কলেজে পড়ার এক পর্যায়ে তিনি রংপুরের জুম্মাপাড়ার উত্তরে কুকরুল গ্রামে লজিং থাকতেন। লজিং বাড়ির ছাত্র দশম শ্রেণীর টেস্টে ফেল করায় মাত্র চব্বিশ ঘন্টার নোটিশে তাকে বিদায় নিয়ে হতাশার সাগরে ডুবে যেতে হয়। ' বড়ো দঃখ, বড়ো ব্যথা, সম্মুখেতে কষ্টের সংসার, বড়ই দরিদ্র, শূন্য, বড়ো ক্ষুদ্র, রিক্ত হাহাকার।'

কারমাইকেল কলেজে অনার্স ক্লাসে ভর্তি হতে পঁয়ষট্রি টাকার প্রয়োজন। তাঁর কাছে একটা টাকাও ছিল না, তিনি ছিলেন টিকেটলেস প্যাসেঞ্জার। ছাত্রনেতা হারাগাছের আখলাক অনেক চেষ্টায় চল্লিশ টাকা যোগাড় করেছে। অধ্যক্ষ ইলিয়াস সাহেব জানালেন, টাকা বাকি রেখে ভর্তি হওয়ার কোনও পথ নেই। হতাশার কালো ছায়া তাঁর চোখ-মুখ ছেয়ে ফেলে। এমন সময়ে অধ্যক্ষ মহোদয় নিজের পকেটে থেকেই দিয়ে দেন পঁচিশ টাকা। কৃতজ্ঞতায় তাঁর চোখ জলে ভেসে যায়।
এমএ ফাইনাল ক্লাসে তিনি ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যলয়ে। পরীক্ষার রেজাল্ট খুব উজ্জ্বল হওয়ার সুবাদে তাঁর রিক্ত হাহাকার অবস্থায় কিছুটা স্বস্তি আসে। তিনি লিখেছেন,'আমি ফিরে এলাম রাজশাহী ইউনিভার্সিটিতে , ভর্তি হওযার এক মাসের মাথায় জানলাম অনার্সের রেজাল্টের সুবাদে আমি রেসিডেন্সিরাল স্কলারশিপ পেয়েছি। ফলে ক্লাসেও আমার পরিচিতি বেড়ে গেল, অন্যদিকে আমার আর্থিক অবস্থাও হয়ে উঠলো বেশ স্বচ্ছল। এককালীন পেলাম আটশ'টাকা আর প্রতি মাসে পঁচাত্তর টাকা। বইপত্র, পোশাকপাতি কিনেও আটশ টাকার অনেকটা বেঁচে গেল। বেশ কিছু টাকা বা'জানকে দিয়ে এলাম বাড়িতে, ওদিকে প্রতি মাসে পাওয়া পঁচাত্তর টাকার মধ্যে সারা মাসে ব্যয় হয় বড় জোর পঁয়ত্রিশ টাকা। চল্লিশটাকাই বেঁচে যায়, হলের সিট রেন্ট ছিল সাত টাকা, মিল চার্জ ছিল দিনে মাত্র চার আনা।' (পৃষ্ঠা ৮১)
এই যে স্বস্তি ফিরে পাওয়া, বৃত্তির টাকায় স্বচ্ছলতার মুখ দেখা, সূর্যের হাসিতে আঁধারের দেয়াল সরে যায় তার। 'চোখ ভেসে যায় জলে'র নায়ক জীবন যুদ্ধে জয়লাভ করেন। রবীন্দ্রনাথের 'সমুখেতে কষ্টের সংসার' তাকে আড়ষ্ট আবদ্ধ করে রাখতে পারেনি। তিনি ফিরে এসেছেন 'বন্দি শিবির থেকে।' বলেছেন,'এবার ফিরাও মোরে।'
এরপর যা দেখি, তা নেমেসিস। বাইসাইকেল হারিয়ে যিনি কান্নায় ভেঙে পড়েন একদা, তিনি এখন গাড়ির মালিক। যার ঘরের ফুটো চাল দিয়ে উজ্জ্বল চাঁদের আলো আসতো তিনি এখন শহরে অত্যাধুনিক দোমহলা ভবনের আধিকারিক। যে জমিদার অত্যাচার করেছে তাঁর বাবার ওপর সেই জমিদার-ই এখন তাঁর আশ্রয়প্রার্থী। যার হাতে থাকতো অর্ফিয়ুসের বাঁশরি, তাঁর সাথী এখন রবীন্দ্রসঙ্গীত। যিনি ছিলেন দুঃখের নদীতীরে নিঃসঙ্গ রাখাল, তিনি এখন সখী-সচিব পরিবৃত সুখী রাজকুমার। 'শুধু বিদেশেই নয় স্বদেশেও নিজ শহরে নির্মিত হয়েছে বিদেশি প্যাটার্নে দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি, বাগানে রংবেরঙের মাছের এ্যাকুরিয়াম। গাড়ি বারান্দায় গাড়ি।' (পৃষ্ঠা ৮৯)
মেধা যার অদম্য, স্বপ্ন যার আকাশ ছোঁয়া এবং অধ্যবসায় অতি-মানবীয়, তাকে রোধে সাধ্য কার? পার্থিব যাবতীয় বাধা, সবই হয়ে পড়ে বালির বাঁধ। যার হওয়ার কথা ট্রাজিক পার্শ্ব চরিত্র, আপন প্রতিভার স্ফূরণে তিনি পরিণত হন রোমান্টিক নায়কে। আমার বিবেচনায়, এই গদ্য মহাকবি স্থাপন করেছেন জীবন সংগ্রামে বিজয়ের বিশ শতকীয় দৃষ্টান্ত। এ কালের ইউলিসিস তিনি, জীবন্ত কিংবদন্তী। তাঁর এ বই হতে পারে বাংলাদেশের লক্ষ লক্ষ গরীব অথচ মেধাবী ছাত্রের অনন্ত প্রেরণার উৎস। রবীন্দ্রনাথ সে পরামর্শই দিয়েছেন:
'নানা দুঃখে চিত্তের বিক্ষেপে
যাহাদের জীবনের ভিত্তি যায় বারম্বার কেঁপে-
যারা অন্যমনা, তারা শোনো-
আপনারে ভুলোনা কখনো।

মৃত্যুঞ্জয় যাহাদের প্রাণ,
সব তুচ্ছতার উর্ধ্বে দীপ যারা জ্বালে অনির্বাণ-
তাহাদের মাঝে যেন হয়
তোমাদের নিত্য পরিচয়।'

চোখ ভেসে যায় জলে: আত্মজৈবনিক গ্রন্থ। লেখক মাজহারউল মান্নান। প্রকাশক: অনন্যা, ঢাকা। প্রকাশ কাল: জুলাই ২০১১। পৃষ্ঠা সংখ্যা: ১২০। মূল্য: একশত বিশ টাকা।

Image
Flag Counter