২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রমিথিউস বঙ্গবন্ধু

sams_hoque

Published : 01 Aug 2013, 11:36 PM

Updated : 03 Oct 2022, 11:25 AM

বাঙালির মুক্তিযুদ্ধের সুদীর্ঘ পটভূমি এবং যুদ্ধকালীন ভয়াবহতা, নৃশংস ধ্বংসযজ্ঞ, লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি, ধর্ষণ, রাহাজানি, বহুজাতিক সম্পৃক্ততা, আর্ন্তজাতিক রাজনীতি কূটনীতি ইত্যাদির তুলনায় ট্রয়যুদ্ধে ট্রয়নগরীর ধ্বংস ও হেক্টরবধের কাহিনী কিংবা লঙ্কাযুদ্ধে লঙ্কানগরীর ধ্বংস এবং ইন্দ্রজিতের প্রাণহানির ঘটনা খুব বড় কিছু ছিল বলে মনে হয় না। বাঙালির মুক্তিযুদ্ধের বিশাল বিস্তৃত পটভূমি এবং এর মহিমাদীপ্ত নেতৃত্বই দাবি করে যে এ নিয়ে অনেক কবিতা, কাব্য, উপন্যাস, ইতিহাস, মহাকাব্য রচিত হতে পারে। মহাকাব্য যে শুধু কবিতার ভাষাতেই হতে হবে এমনটা নয়, গদ্য ভাষায় উপন্যাস আকারেও হতে পারে। যেমন, জয়েস-এর ইউলিসিস। মূলত: মহাকাব্য হচ্ছে মহাকাব্যিক প্লটনির্মাণ, প্রকাশভঙ্গি এবং ব্যঞ্জনা। প্রমিথিউস বঙ্গবন্ধু কাব্যে অমিত্রাক্ষর ছন্দে একটি উঁচু লয়ের সাহিত্য সৃষ্টি হয়েছে, গ্রন্থটি পাঠে এমন প্রতীতি আমাদের মনে আসে এবং এই কাব্যটির ব্যাপক পাঠ, আলোচনা ও প্রতিক্রিয়া হওয়া উচিত বলে মনে করি।

Image
cover-prometheus.gif


প্রমিথিউস বঙ্গবন্ধু কাব্যের শুরুতেই আছে ইন্ভোকেশন। এতে আছে সর্গ বিভাজন। কালিদাসের বিখ্যাত মহাকাব্য মেঘদূত অবলম্বনে পূর্বমেঘ, উত্তরমেঘ নামীয় দু'টি অংশও আছে এ কাব্যটিতে। প্রতীয়মান হয় যে, এর রচয়িতা মোস্তফা তোফায়েল এটিকে মহাকাব্য আঙ্গিকে উপস্থাপন করতে চেয়েছেন।

মহাকাব্যের মূল বৈশিষ্টগুলো হচ্ছে: এর মধ্যে পৌরাণিক উপাদান ও দেবতাসুলভ চরিত্রায়ণ থাকতে হবে। মহাকাব্য পাঠ করে মনে হবে পাঠক দূর অতীতের কোনো বিশাল ব্যাপক ঘটনার সম্মুখীন হচ্ছেন এবং দৈবিক প্রভাবপুষ্ট বাঁক পরিবর্তন পদে পদে অনিবার্য হয়ে উঠছে। যার জয়লাভের সম্ভাবনা সর্বাধিক ক্ষীণ, সে-ই বিজয়ীর বেশে আবির্ভূত হচ্ছে এবং যে অপরাজেয় বলে দাবি করে আত্মগর্বে গরিয়ান, সে পতিত হয়ে যাচ্ছে পরাজয়ের অতল তলে। মহাকাব্যের চরণ ও শব্দশৈলী অপেক্ষাকৃত অতীতচারী, গুরুগম্ভীর এবং প্রচলবিমুখ। এতে অবজেকটিভ বর্ণনা, সংঘাতক্ষুব্ধ ও তর্কপ্রবণ পরিবেশ থাকে, মাঠ-পর্যায়ে সম্মুখযুদ্ধ থাকে এবং সে-যুদ্ধ বা যুদ্ধসমূহের আড়ালবর্তী শক্তিধর নায়কেরা হন দেবত্বগুণে পারদর্শী এবং ভয়ংকর। জাতীয় মহাকাব্যের ক্ষেত্রে আরো থাকে চরম ও পরম মহিমাদীপ্ত, দেবত্বগুণে গৌরবান্বিত জাতীয় নায়ক, যার ওজস্বি বক্তৃতা, তেজোদীপ্ত ব্যক্তিত্ব, সর্বস্বত্যাগী পরার্থপরতা এবং সর্বতোপ্রভাবী দাপট গ্রন্থপাঠের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠককে মোহাবিষ্ট করে রাখে। এবং এতে চরম উৎকর্ষ সৃষ্টি করা হয় সেই অপরাজেয় নায়কের নাটকীয় জীবনাবসান ঘটানোর মধ্য দিয়ে। স্বর্গ ও নরকের বর্ণনা মহাকাব্যের বৈশিষ্ট্য হয়ে আছে প্রথাগতভাবে, এবং আছে সেই স্বর্গ ও নরকে ভ্রমণের বিবরণ, যা আবারও পৌরাণিক কাহিনী-লক্ষণকে স্পষ্ট করে তোলে। নায়কের পুনরুজ্জীবন লাভ বিষয়টিকে উপস্থাপন করা হয়ে থাকে যথাসম্ভব অ্যারিস্টটোলীয় পোয়েটিক্ জাস্টিস তথা ন্যায়বোধবাচক সান্ত্বনাবাক্যে, সুবোধ ও মগ্ন পাঠককে সান্ত্বনা দেওয়ার লক্ষে। জাতীয় মহাকাব্যে বর্ণিত জাতি যে ভূ-খণ্ডে বসবাস করে, সেই ভূ-খণ্ডের পাহাড়পর্বত-নদনদী-আকাশবাতাস নিসর্গ দৃশ্যের উদ্দীপক বিবরণ থাকা একটি শর্ত। আরও একটি শর্ত হচ্ছে বর্ণনাভঙ্গিতে বীর রস, করুণ রস, রৌদ্র রস, স্তুতিরস, আদিরস, বীভৎস রস ইত্যাদির ব্যাপক ব্যবহার এবং এতে থাকে সর্গ বিভাজন।

মোস্তফা তোফায়েল-এর প্রমিথিউস বঙ্গবন্ধু উপরোল্লিখিত লক্ষণসমূহের কতটুকু ধারণ করতে পেরেছে কাব্য-শরীরে, সেটি এখন বিচার্য। প্রফেসর কবীর চৌধুরী মন্তব্য করেছেন যে, বাঙালির মহান মুক্তিযুদ্ধ এবং সে-মুক্তিযুদ্ধের প্রবাদপ্রতিম মহানায়ক বঙ্গবন্ধুকে এই কাব্যে যে-ভাষায়, ব্যঞ্জনায় ও মহিমাদীপ্ত উচ্চতায় উপস্থাপন করা হয়েছে, তাতে বলা যেতে পারে যে এটি মহাকাব্যের আদল অর্জন করেছে। আমরা লক্ষ্য করি যে, কাব্যটিতে গ্রিক টাইটান, আগুনের দেবতা প্রমিথিউসকে একেবারে শুরু থেকে নিয়ে আসা হয়েছে স্বর্গ থেকে আগুন তথা জ্ঞান-বুদ্ধির মন্ত্র চুরি করে এনে মানব জাতিকে বিজ্ঞানসচেতন ও অধিকার সচেতন করে তোলার বিপ্লবী নায়করূপে। প্রমিথিউস ক্রমশ: শক্তিধর ব্যক্তিত্বরূপে এই কাব্যে আবির্ভূত হতে থাকেন দেবরাজ জিউসের প্রতিপক্ষ ও বিদ্রোহী অবস্থানে। এই প্রমিথিউস অতীত জীবনে যেমন ছিলেন একজন দেবতা, বর্তমান জীবনে মানবকুলের পক্ষ অবলম্বন করেও প্রমিথিউস বঙ্গবন্ধু কাব্যে বজায় রেখে চলেছেন সেই দেবতা-চারিত্র্য। বরং এখন এই প্রমিথিউস মানবকুলকে সঙ্গী হিসেবে গ্রহণ করে অধিকতর সক্রিয়, দ্রোহমুখী এবং দেবরাজ জিউসের ভয়াবহতর প্রতিদ্বন্দ্বী। প্রমিথিউস চরিত্রটি আলোচ্য কাব্যে আধিদৈবিক বৈশিষ্ট্যে কখনো অলৌকিক দেবতা, কখনো বঙ্গবন্ধু মুজিব রূপ ধারণ করে রহস্যময়তার বাতাবরণ তৈরি করে। বাঙালি জাতি তার ক্ষতিকারক-শোষক-রক্তচোষক জিউস দেবতাপক্ষ তথা উপনিবেশবাদী প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধংদেহী হয়ে ওঠে। অতঃপর একটি যুদ্ধও অনুষ্ঠিত হয়, যা সমগ্র ভূখণ্ডব্যাপী অসামান্য ব্যাপকতায় প্রতিবেশি রাষ্ট্রসহ বৈশ্বিক রাজনীতির পরাশক্তিগুলোকে অবশ্যম্ভাবীরূপে সম্পৃক্ত করে ফেলে। মুক্তিযুদ্ধের মাঠে দু'পক্ষের মধ্যে দুর্ধর্ষ যুদ্ধে মানবজাতি তথা বাঙালি জাতি তার সমগ্রতা নিয়ে লড়াইয়ের প্রাক্কালে সাত বীরশ্রেষ্ঠ শহীদ হন, সেই সাথে শহীদ হন হাজার হাজার মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ মানুষ। তাদের পক্ষে মিত্র হয়ে আসে হেফাস্টাস দেবতা, প্রতিবেশীগণ এবং দূর থেকে সর্বক্ষণ দৈবিক প্রণোদনা দিয়ে যুদ্ধকে অনুপ্রাণিত করেন স্বয়ং প্রমিথিউস দেব। প্রমিথিউস দেবের আনুপূর্বিক ওজস্বী বক্তৃতা, বক্তব্য ও অটল অবস্থান একটি জাতিকে শেষ পর্যন্ত হার্কুলিসতুল্য শক্তিমত্তায় উন্নীত করে। তারা মানসিকতায় ক্রমশ: উন্নততর সত্তা অর্জন করে, এবং বহু ত্যাগ-তিতিক্ষার শেষে অর্জন করে ঈপ্সিত মুক্তি বা স্বাধীনতা। গ্রিক পুরানে গ্রিক টাইটান দেবতা প্রমিথিউসকে যেভাবে বন্দি করে লোহার শেকলে বেঁধে রাখা হয়েছিল বহু দূরের ককেশাস পর্বতের সাথে, বাঙালি জাতির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু মুজিবকেও সেভাবে বন্দি করে কঠিন শৃঙ্খলে আবদ্ধ অবস্থায় রেখে দিয়েছিল শোষক ঔপনিবেশিক ক্ষমতাধর শক্তি, হাজার মাইল দূরের এক নির্জন পাহাড়ি এলাকায়। প্রমিথিউস বঙ্গবন্ধু কাব্যের বর্ণনায় প্রমিথিউস মুজিব দেবতাসুলভ ভাষ্যে উদ্দীপনা যোগান বাঙালি জাতিকে, মুক্তিযুদ্ধের মাঠে আগুনের মতো তেজোদীপ্ত ও শক্রহননকারী হয়ে উঠতে এবং হার্কুলিসের শক্তিতে শক্তিমান হতে। দেবতা প্রমিথিউসের সত্তা অর্জনকারী ও দেবত্বগুণের অধিকারী বঙ্গবন্ধু প্রমিথিউস এ-পর্যায়ে ঈষাণ কোণের দুরন্ত মেঘকে উদ্বুদ্ধ করেন প্রলয়ংকারী ঝড়ের গতিতে আরব সাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর পার হয়ে শ্রীলঙ্কা অতিক্রম করে বঙ্গভূমির ওপর দিয়ে বয়ে যেতে এবং ক্যাটালিস্ট শক্তিরূপে বাংলার প্রকৃতিকে তার সম্পদ হরণকারী শত্রুর বিপক্ষে অগ্নিমূর্তি ধারণ করতে। মেঘদূত কাব্যে কালিদাসের পত্রবাহক মেঘমালা, দূত রূপে উজ্জয়িনীর পথে নিসর্গসুধার সবটুকু ভোগ করতে করতে বিলাসভ্রমণই করেছিল, কারণ, সেই কাল ছিল প্রকৃতিপ্রেম ও সোমরস আস্বাদনে জীবন যাপনের। মোস্তফা তোফায়েল এর প্রমিথিউস-প্রেরিত দূত ঈষাণ-বিষাণী মেঘ, প্রচণ্ড গতিবেগসম্পন্ন, তুমুল ও অগ্নিমূর্তিময়। আমরা এই কাব্যভাষার কিছুটা পড়ে নিতে পারি:

ঈষাণ-বিষাণী মেঘ, দ্রুতপদে তুমি
ধাবমান কালে পাবে আরব সাগর,
…………………………………
ভারত মহাসাগর পার হয়ে পাবে
নিম্নচাপে রুদ্ধশ্বাস বঙ্গোপসাগর,
তীরে যার বঙ্গদেশ। অগ্নি লেলিহান
শাল তমাল তাল বিজল হিজল।
বৃক্ষরাজি সর্বব্যাপী অগ্নিশোভাময়
জ্বলছে, জ্বালিয়ে দিচ্ছে আদিগন্ত সব
শত্রু তাড়িয়ে দিতে। সেখানে গিয়েই
তোমার বিষম গতি, বিদ্যুচ্চমক,
গম্ভীর সংঘর্ষ, নাম্বুনিনাদ
চরম উৎকর্ষ পাবে। তুমি যোগ দেবে
যুদ্ধে,সেখানে গিয়ে। সহায়ক হবে
বাংলাদেশের সেই মানুষের প্রতি।
………………………………..
ঈষাণ-বিষাণী মেঘ, তাণ্ডব লীলায়
ছিন্নভিন্ন করে দাও শক্রসেনাদলে;
ছুটে চলো দুর্নিবার, এমাথা- ওমাথা,
দুন্দুভী নাদ তোলো, ফণা তুলে নাচো।

কবি মোস্তফা তোফায়েল বিশ্বপ্রকৃতির অন্যান্য বিবিধি উপাদানকেও মুক্তিযুদ্ধের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছেন। যেমন সাগরের জল ও সাগরকন্যারা প্রমিথিউসের আহবানে সাড়া দিয়ে তার মহত্তম প্রয়াসের অংশীদার হচ্ছেন। সাগরকন্যারা বলছে ঃ

জিউসের ক্রোধ
কীভাবে জলের স্রোতে স্তব্ধ করা যায়,
সে-কর্তব্য পালনের অঙ্গীকার নিয়ে
আমরা সাগরকন্যা দাঁড়াই সহসা।
…………………………………..
ক্রোধমত্ত জিউসের তপ্তলৌহ ঘায়ে
এশিয়ার মানবতা ভূতলে পতিত;
যুদ্ধ উন্মাদ জিউস ক্রুদ্ধ হুতাশন!
তার সেই ক্রোধমত্ত রক্তবর্ণ চোখে
অজস্র জলের ছটা ঢেলে দেয়া হবে;
ভারত মহাসাগর, বঙ্গোপসাগরে
সঞ্চিত জলরাশি আমাদের ডাকে
সশব্দে ফুলে উঠে করবে ঘেরাও
জিউসের দাসদের, অনুগতদের।

অবশেষে মানব জাতি তথা বাঙালি জাতি ন্যায়যুদ্ধে অন্যায়ের বিপক্ষে জয়লাভ করে।

দরিদ্র অনার্য বঙ্গ স্বাধীনতা পেলো।
শ্যামল সুন্দর স্নিগ্ধ গীত-গন্ধভরা
জ্যোতির কনক পদ্ম দেখা দেয় ফুটে
………………………………….
মেঘে মেঘে বর্ণচ্ছটা উঠছে গুঞ্জরী
কুঞ্জে কুঞ্জে দৃশ্যমান মাধবী মঞ্জরী,
বিজয় তিলকচিহ্ন অঙ্গে শোভমান।

পূর্ব দিগন্তে উদীয়মান সূর্য জাতির এই বিজয়কে স্বাগত জানায়। সূর্য যেন বিজয় উৎসবে অংশগ্রহণ করে অধিকতর উজ্জল এবং সপ্রতিভ। প্রকৃতির বহুসংখ্যক উপাদানের সাথে সূর্যও এখানে মানুষের আনন্দের সাথী।

এমন ভরাট সূর্য! এমন রঙিন,
এমন বিশালাকার বিমল সুহাস,
সাহসের সীমানায় এমন প্রবল,
এমন প্রদীপ্ত প্রাণ, এমন উজল
হয়নি উদিত কভু অতীতে কখনো!
পুবের আকাশ আজ মহা মহীয়ান,
…………………………………

কাব্যগ্রন্থটির প্রথম থেকে পঞ্চম সর্গ পর্যন্ত পূর্বমেঘ; ষষ্ঠ সর্গ থেকে দশম সর্গ পর্যন্ত উত্তরমেঘ। উত্তরমেঘ পর্বে প্রোটাগোনিস্ট প্রমিথিউস-বঙ্গবন্ধুর মানবিক সত্তায় কবি আরোপ করেন আধুনিক যুগ-যন্ত্রণাজনিত দোদুল্যমানতা। 'লুব্ধক' নামক একটি প্রতীকী চরিত্রের আশ্রয়ে "ইনার মনোলগ" ফুটিয়ে তোলা হয়। দেশ ও জাতির স্বধীনতাউত্তরকালে বিভিন্ন আর্ন্তজাতিক ও স্বাদেশিক টানাপোড়েনে অস্থির ও ক্ষত-বিক্ষত-দগ্ধ হৃদয় নিয়ে প্রোটাগোনিস্ট এ-পর্যায়ে অনেকটাই মানবিক এবং ভূমিজ। তার বুদ্ধি-বিবেচনাকে কখনো তাড়িত করে পরাশক্তির পরাকাষ্ঠা; কখনো নিজ দেশে খাদ্যাভাব ও দুর্ভিক্ষজনিত দুর্বলতা; কখনো প্রতিবেশীদের করুণা; কখনো স্বপক্ষীয়দেরই বিরোধাভাস এবং কখনো তার অন্তঃকরণে সঞ্চিত অন্ধবিশ্বাস। গভীর ও অটল আত্মবিশ্বাসে বলীয়ান তিনি হেলায় উড়িয়ে দেন শত্রুর শত্রুতা এবং মৃত্যুভয় । প্রমিথিউস বঙ্গবন্ধু কাব্যে এই 'ইনার মনোলগ' চিত্রণ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় টি. এস. ইলিয়টের আধুনিক কাব্যনাট্য মার্ডার ইন দা ক্যাথেড্রাল-এর টেম্পটার চরিত্রের কথা । স্বীকার করতেই হয় যে তোফায়েল এই কবিতাকর্ম সম্পাদনে একই সাথে পুরাণের অনুষঙ্গ ও মহাকাব্যিক ব্যঞ্জনা যেমন উপহার দিয়েছেন, তেমনই বিশ্বসাহিত্যের সাম্প্রতিক মনোজাগতিক দোদুল্যচিত্ততার প্রতীকী বর্ণনা উপস্থাপনেও সাফল্যের স্বাক্ষর রেখেছেন। কাব্যগ্রন্থটির নবম সর্গে ষড়যন্ত্রকারী জিউস বাহিনীর ষড়যন্ত্র ও প্রতিক্রিয়াশীলতার কারণে অকস্মাৎ আততায়ীদের গুলিতে দৈহিক মৃত্যু ঘটে প্রোটাগোনিস্টের । ভয় আর ত্রাস ছড়িয়ে পড়ে রাজধানীর বুকে:

ভয়ে আর্ত কল্লোলিনী তিলোত্তমা ঢাকা,
কান্নায় ছলছল শিশির আকাশ!
শহর দ্বিখণ্ডিত ! শহর আকাশে
শকুনেরা ঘোরে ফেরে ! নিরিহ হরিণ
ঘাসের উন্মেষে হাঁটে! আচমকা ধায়
প্রাণবায়ু বুকে বেঁধে , ঘাতক তাড়ায়
বিস্মিত দেশ ভূমি! কশাই উৎসব
খেলে হোলি উন্মাদে, তাণ্ডব তুলে
নেচে চলে চিতপাত; উর্ধ্বে পা ছড়ায় !

শেষ অর্থাৎ দশম সর্গে বেহুলা বাহিনী নেচে নেচে গমন করে পাতালপুরীতে, বিশল্যকরণীর খোঁজে। এই পর্যায়ে আমরা চিরায়ত বেহুলা উপাখ্যান পাচ্ছি। যদি বিশল্যকরণী পাওয়া যায়, তা হলে এর ভেষজগুণে মুমূর্ষ জাতি ফিরে পাবে প্রাণ, 'দাড়াবে পুনর্বার জ্যোতির্ময় রূপে'। পাতালপুরীর বিভিন্ন স্তরে ভ্রমণ বিষয়টি ভার্জিলের ঈনিড, দান্তের ডিভাইন কমেডি ও মধুসুদনের মেঘনাদবধ কাব্যে। পাতালপুরীর নরকসদৃশ এক জায়গায় প্রমিথিউস বঙ্গবন্ধু কাব্যের বেহুলা বাহিনী দেখতে পায় কিছু লোকজনকে, যারা বরফ সাগরে ডুবে আছে।

…………..কন্ঠে তাদের
শুষ্ক কঠিন রুক্ষ গোঙানির ধ্বনি ,
পানি! পানি! পানি! তবে নাই কোনো পানি।
পারাবত কঙ্কাল গণ্ডদেশে দোলে
অনড় অটল যেন লোহার শিকল!

কাব্যগ্রন্থটির এই পর্যায়টা ক্যাথার্র্সিস বা পার্গেশন সম্পর্কিত। কোলরিজ-এর 'এন্সিয়েন্ট মেরিনার' কবিতায়ও নিরীহ প্রাণীর হত্যাকারীদের গলায় পাখির হাড় ঝুলেছিল।

অতঃপর বেহুলা বাহিনী পৌঁছে যায় স্বর্গ এলাকায়, এবং সাক্ষাৎ পায় প্রমিথিউস-বঙ্গবন্ধু ও তাঁর প্রিয় সঙ্গীগণের। তারা বেহুলা বোনদের আনন্দচিত্তে জানায়:

এখন আমরা সব স্বর্গবাসে আছি।
স্বর্গের শান্তির পেলব পল্লব
প্রতি গৃহ প্রাঙ্গণে লোলায়মান,
গৃহীগণ করছেন সখ্য বিনিময়।
নীলমণি মঞ্জরী অঞ্জলি করে
সংগীত সিঞ্জনি দেয় উপহার
গৃহীদের ঘরে ঘরে। চঞ্চলতায়
সুখ-সুধা উর্বরা ওরা গায় গান।
ফুল্লরা উজ্জ্বল যৌবনময়
স্বর্গের মানুষেরা ।

বাক্যালংকার ও শব্দালংকার, যা-কে আমরা এক কথায় বলি রেটোরিক, তার প্রচুর ব্যবহার আছে প্রমিথিউস বঙ্গবন্ধু কাব্যে। আর আছে সাহিত্যরসের প্রয়োগ। 'বীরবর বিনা অস্ত্রে, বজ্রকণ্ঠ বাণে'(পৃ:৩৮) পংক্তিটিতে আছে 'ব' ধ্বনির অনুপ্রাস; 'বেদনা-বিদীর্ণ মুখে বসুন্ধরা বুকে' (পৃঃ ৪২)-তেও আছে অনুপ্রাস; 'হাসে শিষ শুভাশিস। তোমার আমার'(পৃ:-৪৩)-পংক্তিটিতে আছে ধ্বনি সামঞ্জস্য। 'তোমার জিহ্বার /কর্তিত সম্মুখভাগ বর্শাগ্রে বেঁধে/বিজয় উল্লাস চিতে উদ্ধত আবেগে/সরবে প্রস্থান করে রাজার শিবিরে (পৃ:-৪২) প্রসঙ্গটিতে পাই ইসলামের ইতিহাসে ৭ম শতকের কারবালার যুদ্ধে ইমাম হোসেনের কর্তিত মস্তক সীমার কর্তৃক নিষ্ঠুরতম পন্থায় বর্শার মাথায় গেঁথে রাজার শিবিরে চলে যাওয়ার অ্যালুঝন। মহাত্মা ইমাম হোসেন (রা:)-এর শহীদ হওয়ার স্মৃতির সাথে তুলনীয় হয়েছে একুশের ভাষা-শহীদদের মহান আত্মত্যাগের ইতিহাস।

আদিরসাত্মক মেটাফোর-এর সাক্ষাৎ পাই ১২৪ পৃষ্ঠায় খেজুরগাছের রাধিকাসুলভ ত্রিভঙ্গবল্লরী চিত্রায়ণে; 'ওদের বক্ষের /বন্ধনি সরিয়ে দিচ্ছে কাস্তে নখরে/ রসিক কৃষক পুত্র, উতল আরোহী'। একই সাথে এই দৃশ্যকল্পে আছে পার্সোনিফিকেশন। বীর রসের ব্যবহার আছে অজস্র: 'কাঞ্চন জংঘাতুল্য সু-উচ্চ আসনে/ আসীন হলেন নেতা , উন্নত ললাট' ( পৃ:-১৫০)

কাব্যগ্রন্থটি ৭৯-৮১ পৃষ্ঠায় আছে বীভৎস রসের প্রচুর প্রয়োগ। অষ্টম স্বর্গ জুড়ে আছে রৌদ্ররস ও করুণ রসের ব্যবহার। প্রমিথিউস মীথের আবরণে পুরো কাব্যটিই তো একটি অ্যালেগরি। বীর রসের প্রাধান্য সহজেই লক্ষ্যণীয়।

বিশ্বজুড়ে বাঙালিজন এই কাব্য পাঠ করুক-প্রত্যাশা রইল। অন্ত্যমধ্যযুগের কবি আব্দুল হাকিম-এর বহুল উধৃত বিদ্রুপ : "যে জন বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী/ সে জন কাহার জন্য নির্ণয় ন জানি"-তে 'বঙ্গবাণী' বলতে বাংলা ভাষা বুঝানো হয়েছে। যেসব বাঙালি বাংলাভাষার প্রতি বিরাগভাজন, তারা আব্দুল হাকিমের কবিতার বিদ্রুপ হাড়ে হাড়ে উপলব্ধি করেন। মোস্তফা তোফায়েল-এর প্রমিথিউস বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে উপজীব্য করে রচিত মহাকাব্য; আমাদের উচিত হবে এই মহাকাব্য ধারণার প্রতি শ্রদ্ধাশীল হয়ে গদ্যে-কবিতায় আরো অনেক সাহিত্য রচনার কাজে অগ্রসর হওয়া। বাঙালি জাতির গৌরবগাথা উচ্চারণে শক্তিমান সাহিত্যকর্ম যত বেশি হবে, এ-জাতির মহিমা বিশ্বজুড়ে হবে তত বেশি উচ্চকিত। মুক্তিযুদ্ধের কথা ও কাহিনী অমৃতসমান পাঠযোগ্য করে বিশ্বব্যাপী সমস্ত বাঙালিজনের সামনে এর অপরিসীম আবেদন ও অভিঘাত স্পষ্ট করে তুলতে প্রমিথিউস বঙ্গবন্ধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি। বিশেষত যাদের মুক্তিযুদ্ধকালের প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, তাঁরা এই কাব্য-পাঠ থেকে উপকৃত হবেন এবং বিশ্ববিবেকের প্রতিধ্বনির সাথে একাত্ম হতে উদ্বুদ্ধ হবেন ।

প্রমিথিউস বঙ্গবন্ধু (কাব্য), রচয়িতা মোস্তফা তোফায়েল। তৃতীয় সংস্করণ, প্রকাশকাল ডিসেম্বর ২০১২; প্রকাশক সাকী পাবলিশিং ক্লাব,কাঁটাবন, এলিফ্যান্ট রোড, ঢাকা। পৃষ্ঠা সংখ্যা ২২৬, মূল্য ৩০০.০০টাকা। চার-রঙা অফসেট প্রচ্ছদ, শিল্পী নিয়াজ চৌধুরী তুলি।

Image
Flag Counter