২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কেস, রুলফো এবং পেদ্রো পারামো

লীনা দিলরুবা লীনা দিলরুবা

Published : 29 Nov 2019, 08:51 AM

Updated : 03 Oct 2022, 11:24 AM

১৯৬৭ সালে প্রকাশিত গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের 'নিঃসঙ্গতার একশবছর' উপন্যাসের তাৎপর্যপূর্ণ প্রথম লাইনটি এরকম, 'বহু বছর পর, ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়ার মনে পড়ে যাবে সেই দূর বিকেলের কথা, যেদিন তার বাবা তাকে বরফ চেনাতে নিয়ে গিয়েছিল।'

আরেকটি বাক্য, 'বহু বছর পরে, মৃত্যুশয্যায় শুয়ে আউরেলিয়ানো সেগুন্দার মনে পড়বে বৃষ্টিমুখর সেই বিকেলের কথা যখন তিনি শোবার ঘরে ঢুকলেন তার প্রথম সন্তানের মুখ দেখতে'। এটি "নিঃসঙ্গতার একশ বছরে"র দশম অধ্যায়ের শুরুর লাইন।

১৯৫৫ সালে প্রকাশিত মেহিকোর কথাসাহিত্যিক হুয়ান রুলফোর 'পেদ্রো পারামো'র একটি লাইন, 'অনেক বছর পর, পাদ্রে রেনতেরিয়ার তখনও মনে পড়তো সেই রাতটা যখন তাঁর বিছানার শক্ত তাঁকে ঘুমোতে দেয়নি, বরং তাঁকে বাইরে বার ক'রে দিয়েছিলো। এটা সেই রাত, যে-রাতে মিগেল পারামো মারা গিয়েছিল।'

মার্কেস 'নিঃসঙ্গতার একশবছর' এ এক কল্পিত অঞ্চল 'মাকোন্দা'কে বাস্তবের মতো করে তুলে ধরেছেন, রুলফোর 'পেদ্রো পারামো'র অলৌকিক কাল্পনিক গ্রামের নাম কোমালা।

'পেদ্রো পারামো' রুলফোর দ্বিতীয় বই এবং প্রথম উপন্যাস, যেটি প্রথমবার প্রকাশিত হবার পর মাত্র দুই হাজার কপি বিক্রি হয়েছিল। পরে এই উপন্যাসটিই বিংশশতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস রূপে পরিচিত হয়ে ওঠে।

রুলফোর সংবেদনশীল লেখা, আবেগ আর কুহকের জাল অসাধারণভাবে প্রভাব ফেলেছিল লাতিন আমেরিকার লেখকদের পুরো প্রজন্মের ওপর। পেদ্রো পারামোর পাঠ-অভিজ্ঞতা আজকের দিনের পাঠকের জন্য যেমন একটি নতুন অভিজ্ঞতা, তেমনি এটি অভিনব অভিজ্ঞতা হয়েছিল ১৯৫৫ সালে, যখন মেক্সিকোতে বইটি প্রকাশিত হয়েছিল। জাদুবাস্তবতা নিয়ে মার্কেস-সহ পুরো ল্যাটিন আমেরিকান লেখকদের মধ্যে যে কুহকের ভুবন তৈরি হয়েছিল, সেটি হুয়ান রুলফো থেকেই পাওয়া যেটি মার্কেস বেশ কয়েকবার স্মরণ করেছিলেন। মার্কেসের সৃজনের সংকটের সময়ে "পেদ্রো পারামো" ছিল গুরুত্বপূর্ণ। মার্কেস যখন নিজের জায়গাটা ঠিক ধরতে পারছিলেন না, তখন আলবারো মুতিস 'পেদ্রো পারামো' বইটা মার্কেসের হাতে দিয়ে বলেছিলেন, 'এই মালটা পড়ে দেখ শালা, কিছু শিখতে 'পারবে"! যে রাতে বইটি হাতে পান সে-রাতে মার্কেস ঘুমাতে পারেন নি, একটানে পড়ে শেষ করেছিলেন ছোট্ট সেই উপন্যাস। একসময় বইটা তাঁর মুখস্থ হয়ে যায়। মুখস্থ বলতে পারতেন সবই। বইয়ের কোন পাতায় কত নম্বর অধ্যায়ের শুরু, কোনো কিছু বাদ যেত না। মার্কেস বলেছিলেন 'পেদ্রো পারামো'র এমন একটা চরিত্রও ছিল না যার অন্তস্থল পর্যন্ত তিনি চিনতেন না। বোর্হেসও রুলফোকে শ্রেষ্ঠ কাহিনীকারদের একজন বলে মূল্যায়ন করেছেন। বোর্হেসের মতে, 'পেদ্রো পারামো' লাতিন আমেরিকার শ্রেষ্ঠ উপন্যাসের অন্যতম। অথচ এই প্রভাবশালী লেখক সারাজীবনে উপন্যাস লিখেছেন ঐ একটিই, গল্পগ্রন্থও একটি, উপন্যাসটি নাতিদীর্ঘ, তাঁর সমগ্র সাহিত্যকর্ম মোটামুটিভাবে আড়াইশো পাতায় সীমাবদ্ধ। শুধু মার্কেস বা বোর্হেস নন, য়োসা, ফুয়েন্তেসসহ অনেকের কাছে এক উপন্যাসের জনক হুয়ান রুলফো ছিলেন পথপ্রদর্শকের মতো। সমালোচকরা বলেছেন, "পেদ্রো পারামো" লেখা না হলে মার্কেসের 'নিঃসঙ্গতার একশবছর'ও লেখা হতো না।

মার্কেস এবং য়োসা ১৯৬৭ সালের সেপ্টেম্বরের পাঁচ ও সাত তারিখে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে পরস্পরের সঙ্গে এক দীর্ঘ আলাপচারিতা সারেন। এটি ছিল একটি সাহিত্যিক আলোচনা। আলাপচারিতাটি তখন গ্রন্থাকারে প্রকাশ করেছিল প্রকাশনা সংস্থা 'কার্লোস মিইয়া বাত্রেস'। আলাপে মার্কেসের জীবনদর্শন, তাঁর লেখালেখির অনুপ্রেরণায় জড়িয়ে থাকা বিষয়, জাদুবাস্তবতা, লাতিন আমেরিকান সাহিত্যের গতিধারা, মার্কেসের লেখা বিভিন্ন উপন্যাসের কাঠামো নির্মাণ পদ্ধতির আলোচনাসহ অনেককিছুই স্থান পেয়েছিল। মার্কেস উপন্যাসের কাঠামো নির্মাণের জন্য ভাষার ভূমিকা নিয়ে তাঁর নিজস্ব উপলব্ধি তুলে ধরেছিলেন। সেই আলোচনায় মার্কেস য়োসাকে বলেন, "ঠিক জানি না এ কথাটা সোফিজম-এর মত শোনাবে কিনা যদি তোমাকে বলি যে লেখকদের মধ্যে তফাতের মধ্যেই রয়েছে তাদের মিল। বিষয়টি একটু ব্যাখ্যা করছি। লাতিন আমেরিকান বাস্তবতার নানা দিক রয়েছে এবং আমার ধারণা আমরা প্রত্যেকেই যার যার মত করে এ বাস্তবতার বিভিন্ন দৃষ্টিকোণকে তুলে ধরার চেষ্টা করছি। এভাবে দেখলে, আমার মনে হয়, আমরা সবাই মিলে যা করছি তা হল সবাই একটিই উপন্যাস লিখছি।"

এরপর মার্কেস তিনি সহ লাতিন আমেরিকান কিছু উপন্যাসের এবং লেখকদের প্রসঙ্গ টানেন যাঁরা তাদের উপন্যাসে গোচরে বা অগোচরে উপন্যাসের চরিত্র ভাগাভাগি করেছেন। অর্থাৎ চরিত্র এখানে প্রবহমান হয়েছে ভিন্ন ভিন্ন লেখকের ভাবনায়। মার্কেস য়োসাকে বলেন, 'তোমার কি এটা অদ্ভুত বা কাকতালীয় মনে হয় না যে যখন তুমি সিয়েন আনিয়োস দে সোলেদাদ(নিঃসঙ্গতার একশবছর) উপন্যাসে একটি চরিত্রের দেখা পাও যে বিশটা দেশ ঘুরে দেখবে আর তার ভ্রমণে বিক্তোর হিউজেসের ভুতুড়ে জাহাজের দেখা পাবে, যে বিক্তোর হিউজেস আসলে আলেহো কার্পেন্তিয়েরের এল সিগলো দে লাস লুসেস । আর একটি চরিত্র আছে, যার নাম কর্ণেল লোরেনেআ গাবিলান, যে কার্লোস ফুয়েন্তেসের লা মুয়ের্তে দে আর্তোমিয়ো ক্রুস উপন্যাসের চরিত্র। সিয়েন আনিয়োস দে সোলেদাদ -এ আর একটি চরিত্র রেখেছি আমি যে বাস্তবের কোনো চরিত্র নয় বরং একটি প্রসঙ্গ। এ চরিত্রটি প্যারি গিয়ে র‌্যু দোঁফার একটি হোটেলে থাকে, ঠিক একই কক্ষে যে কক্ষে মারা গিয়েছিল রোকামাদুর কোর্তোসারের রাইউয়েলা উপন্যাসের চরিত্র। তোমাকে আরও একটি কথা বলতে চাই, এবং তা হল আমি পুরোপুরি নিশ্চিত যে শেষ আউরেলিয়ানোকে একটি ছোট ঝুড়িতে করে যে সন্ন্যাসিনী নিয়ে যায়, সে হল তোমার লা কাসা উপন্যাসের মাদার পাত্রোসিনিয়ো…।'

মার্কেস সে-আলাপে 'নিঃসঙ্গতার একশবছর' এর মেলকিয়াদেসের কথা বলেননি। বলেননি, মেলকিয়াদেসকে তিনি 'ধার' করেছেন হুয়ান রুলফোর 'পেদ্রো পারামো' থেকে। 'নিঃসঙ্গতার একশবছর' উপন্যাসে মার্কেস মেলকিয়াদেসকে মৃত্যুর পর ফিরিয়ে এনেছিলেন। মার্কেস সময়ের ধারণাকে বদলে দিয়ে অলৌকিকভাবে মেলকাদিয়াসকে মাকোন্দোর জীবনে লৌকিক করে তুলেছিলেন। মার্কেস লেখেন, মেলকিয়াদেস ফিরে এসেছে কারণ সে মৃত্যুর একাকীত্ব সহ্য করতে পারছিলোনা। 'পেদ্রো পারামো'তেও মেলকিয়াদেস চরিত্রটি জীবন আর মৃত্যুর আর কুহকের মধ্যে বসবাস করছিল। সে মূলত মৃতই ছিল। তবে তাকে দেখাও যেত। দিনের বেলায় তাকে দেখা যেত না, রাতে মনে হতো সে ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে।

উপন্যাসে হুয়ান প্রেসিয়াদোর মা মারা গেছেন, মৃতা মায়ের নির্দেশ ছিল, প্রেসিয়াদো যেন তার বাবাকে খুঁজতে কোমালায় যায়। প্রেসিয়াদো কোমালায় এসে দেখে এটা একটা ভূতুড়ে শহর, একটি ধুলো ওড়া রাস্তা চলে গেছে মৃত শহরটির দিকে। সময় ঘোরের মতো প্রবাহিত হয়, স্থানান্তরিত হয় একপর্যায় থেকে আরেক পর্যায়ে। স্বপ্ন, কামনা, স্মৃতি সবই একটি ভূতুড়ে দুনিয়ার প্রতিভু হয়ে প্রেম, খুন, মৃত্যু আর জীবনকে দোলায়িত করে। কোমালায় যারা বসবাস করে তারা বিষণ্ন, আত্মবিশ্বাসহীন এবং সারাক্ষণ মনমরা হয়ে থাকে। উপন্যাসের চরিত্রদের নানান নাম দেওয়া হয়েছে কিন্তু তাদের বয়স সম্পর্কে কোনো ধারণা করা যায় না। চরিত্ররা সারাক্ষণ পরষ্পরের সঙ্গে কথা বলে,তারা কথা বলে শহরের ইতিহাস, এর বিষণ্নতা আর নানান স্ক্যান্ডাল নিয়ে, এর বেশিরভাগই জড়িত পেদ্রো পারামোর সঙ্গে। পেদ্রো পারামো ফিউডাল প্রভু, তার প্রভাব সর্বত্র। সে মরে গিয়েও শক্তিশালী। নির্বিকারভাবে সবাইকে শাসন করে, মানুষের সম্পদ কেড়ে নেয়।

উপন্যাসের একটি প্রধান বিষয় হলো, মানুষের আশা। স্বপ্ন। মানুষের জীবনে আশা আর স্বপ্ন মানুষকে সামনের দিনের জন্য বাঁচিয়ে রাখে। প্রেসিয়াদো মায়ের নির্দেশে কোমালায় এসেছিল, বাবাকে খোঁজার আশায়, পিতার কাছ থেকে প্রাপ্য বুঝে নিতে এসে সে দেখে পিতা যে জনপদের অধিবাসী ছিল সেটি একটি মৃত জনপদ। রুলফো দেখালেন, আশার জন্ম আর হতাশার মাধ্যমে সেই আশার মৃত্যু এ-জীবনের প্রধান প্যারাডক্স। একটা ধাঁধা। হতাশা মানুষকে লক্ষ্য অর্জনে সামনের পথে এগিয়ে নিতে বাধা দেয়।

উপন্যাসে রুলফো ক্ষণে ক্ষণে মোচড়, প্রচুর ফ্ল্যাশব্যাক রেখেছেন। ন্যারেটারের অদলবদল এমনভাবে ঘটিয়েছেন, পাঠক বিভ্রমে পড়ে যায়, বর্ণনাকারী আসলে কে! এটা অনেকটা জিগ-জাগিং এর মতো। সময়ের কোনো কালানুক্রমিক ধারা নেই, যেন অতীত-বর্তমান-ভবিষ্যত একটি কালে রূপান্তরিত হয়েছে।

পেদ্রো পারামোকে এককথায় একটি ভূতুড়ে উপন্যাস বলে ছেড়ে দেবার উপায় নেই, এখানে রুলফো ধর্ম, স্মৃতি-বিস্মৃতি, বাস্তব-অবাস্তব, অতীতকালের মধ্যে বর্তমানকে প্রবেশ করিয়ে ভিন্ন এক কালপ্রবাহের সূচনা করেছেন। ক্যাথলিক-চার্চ উপন্যাসে গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে।

প্রেসিয়াদো কোমালাতে এসেছে অতীতের ঘটনার প্রাসঙ্গিক বর্তমানকে খুঁজতে। সে আসে তার বাবাকে খুঁজতে। কিন্তু কোমালায় এসে দেখে তার বাবা অনেক আগেই মরে গেছে। রুলফো দেখিয়েছেন, কোনো কিছু আবিষ্কার করতে গিয়ে অতীতের একটি সম্পূর্ণ দর্শন তৈরি করতে বিভিন্ন লোকের স্মৃতি লাগে। সেই স্মৃতির কাছেই তিনি পাত্র-পাত্রীদের ছেড়ে দিয়েছিলেন, যদিও তারা ছিল মৃত। এই মৃতরাই জনপদের ইতিহাস বলবে বলে জীবন ফিরে পাওয়া ভাষায় কথা বলতে শুরু করে। এই মৃতরা আবার অতৃপ্ত আত্মার মতো।

হুয়ান প্রেসিয়াদোর সঙ্গে তার মায়ের কথোপকথনের একটি দৃশ্যে, অতৃপ্ত আত্মা, জীবন আর মরণের তাৎপর্য নিয়ে লেখকের ভাবনা দেখা যাক–

জীবনকে যা কিছু একটুখানি তাৎপর্য দেয় তা হলো এই যে অন্তত মরণের পরে কেউ এর চেয়ে কোনো ভালো জায়গায় যাবে, আর যখন ওরা সেই দরজাটাও তোমার মুখের ওপর বন্ধ করে দেয় আর শুধু যে-দরজাটা খোলা থাকে সে-দরজাটা হয় নরকের, তখন কোনোদিনও না-জন্মানোই ভালো। আমার জন্যে, হুয়ান প্রেসিয়াদো, জেনো, আমি যেখানে স্বর্গও সেখানেই।

আর তোমার আত্মা? সে কোথায় গেছে ব'লে তোমার মনে হয়?

সে নিশ্চয়ই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে এলোমেলো, পথহারা, দিকহারা, অন্য সকলের আত্মার মতোই, খুঁজে বেড়াচ্ছে এমন লোক যারা ওর হয়ে প্রার্থনা করবে।

এই উপন্যাসে দুর্ভোগ যেন সবার নিত্যসঙ্গী। এখানে সর্বক্ষণ কেউ না কেউ দীর্ঘশ্বাস ফেলে, কাঁদে আর মরে যায়। আশ্বাসহীন, ভবিষ্যৎবিহীন কোমালার মানুষের অর্থনৈতিক কাঠামোই মূলত তাদের ভাগ্য নির্ধারণ করে দেয় আর দীর্ঘশ্বাস বাড়িয়ে তোলে। তাদের প্রায় সমস্ত ভোগান্তির কারণ অর্থনীতিতে সম্পদের অসমবণ্টনের ইতিহাস। যদিও মানুষদের প্রচুর পরিমাণে জমি এবং টাকা ছিল। কিন্তু এই সমস্ত সম্পদ একজনের হাতে কুক্ষিগত। ছলেবলে কৌশলে সে এসব সম্পদ বাগিয়ে নেয়। সম্পদের এই অসম বণ্টন ক্রমশ একজনকেই ক্ষমতার একমাত্র কেন্দ্রবিন্দুতে পরিণত করে। বাকীরা সেই লোকটির কারণে ভোগান্তির স্বীকার হয়। তাদের দুঃখের কোনো শেষ নেই। এই সমস্যার যেহেতু কোনো সমাধান নেই সুতরাং রুলফো মৃত্যুতেই তাদের একমাত্র উদ্ধার দেখেছেন। আবার মরার পরও বিপত্তি। এই দরিদ্র মানুষগুলোর অন্ত্যেষ্টিক্রিয়া হয় না, তারা মারা যাবার পর তাদের আত্মা যন্ত্রণা দিতে থাকে আর তারা সবাই ভূত হয়ে ঘুরাফিরা করে।

রুলফো উপন্যাসটিকে লিখেছেন গদ্যকবিতার মতো। হুয়ান রুলফোর গদ্যভাষা কাব্যিক আর নিরাভরণ।

কাহিনীর পূর্বাপর বা বিশ্লেষণের জন্য বিবেচনা না করেই একটি জায়গাকে কবিতার মতো পড়া যাক–

… মাথার ওপর ছিলো ভরা চাঁদ। পূর্ণিমার। আমি তোমার থেকে চোখ ফেরাতে পারছিলঅম না। জ্যোৎস্না তোমার মুখখানা ধুইয়ে দিচ্ছিলো। আমি শুধু তাকিয়ে থেকেছি, শুধু দেখেছি সে-কোন আশ্চর্য অনুপম দৃশ্য তুমি। নরম, ঝলমলে-জ্যোস্নার মধ্যে। তোমার ঠোঁট দুটি ভেজা-ভেজা, তারাদের সঙ্গে-সঙ্গে চকচক করছে। তোমার শরীর স্বচ্ছ হয়ে যাচ্ছে শিশিরে। সুসানা সান হুয়ান।

উপন্যাসটা পড়তে গিয়ে এর কাহিনীর ব্যাপ্তির বাইরেও মনে হবে, এটি তো একটি পারিবারিক কাহিনী। একজন ব্যক্তি তার পিতাকে খুঁজতে নিজের শহরে ফিরে যাচ্ছে। সমস্ত উত্তেজনাই তার এই ফিরে আসার মধ্যে কেন্দ্রীভূত। এবং তার পিতার গল্পও, পিতা পেদ্রো পারামোর উপেক্ষার গল্প, যেটি সে তার অসংখ্য স্ত্রী এবং সন্তানদের সঙ্গে করেছিল। পেদ্রো পারামোর জীবনে প্রেম, যৌনতা সবই ছিল অন্যদের কাছে নিপীড়নের মতো। ফিউডাল প্রভু পেদ্রো পারামো'র প্রতি প্রতিশোধের এক জলন্ত আগুন তার কাছে প্রতারিতদের বুকে জ্বলতে দেখা যায়। কোমালায় আসার আগে হুয়ান প্রেসিয়াদোর মা ছেলেকে বলেছিলেন–

যা আমাদের নয়, তা ছাড়া ওর কাছে আর-কিছুই চাইবি না। আমাকে ওর যা দেবার কথা ছিলো অথচ দেয়নি শুধু তা-ই চাইবি কিন্তু। যেভাবে ও আমাদের কথা বেমালুম ভুলে গিয়েছে তার জন্যে উপযুক্ত মাশুল দিতে বাধ্য করবি।

মাশুল কী দিয়েছিল পেদ্রো পারামো? দুঃখ পেতে পেতে যেসব মানুষ মরে গিয়েছিল তাদের অতৃপ্ত আত্মা ঘুরে ঘুরে পেদ্রো পারামোর কৃতকর্মের উপযুক্ত মাশুল আদায় করার মতো পারঙ্গম হতে হতে পৃথিবী তো আরো অনেকদূর এগিয়েছে… হয়তো আরো অনেক জনপদ, অনেক মানুষ, অত্যাচারীদের লোভের শিকার হবে, মরে যাবে। হয়তো এসব অতৃপ্ত আত্মার ইতিহাস নিয়ে আরো অনেক অলৌকিক কোমালা জন্ম নেবে পৃথিবীর বুকে।