২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলক হাসানের নতুন কাব্যগ্রন্থ `আরও কিছু বুদবুদ’

সরকার মাসুদ সরকার মাসুদ

Published : 17 Oct 2019, 11:47 AM

Updated : 03 Oct 2022, 11:24 AM


সম্প্রতি 'খেয়া' প্রকাশনী থেকে বেরুলো পুলক হাসানের নতুন কাব্যগ্রন্থ 'আরো কিছু বুদবুদ' (জুন, ২০১৯)। পাঁচ ফর্মার বই। কবিতা আছে মোট ৭২টি।
অনেক বছর থেকে লক্ষ করছি, পুলক তার কল্পনা-ভাবনাপরিবাহী একটি কবিতাভাষা অর্জন করেছেন। সেই ভাষাটি লেখকের সাহিত্যিক রুচি ও বিশ্বাসসম্মত। থিম বা বিষয়বস্তু যেমন গল্প-উপন্যাসের গঠনরীতি নির্ধারণ করে দেয়, তেমনি কবির 'বলবার কথা'-ও তার কবিতার শৈলীতে প্রভাব ফেলে। যোগ্য কবির বেলায় সেই প্রভাবটি হয় ইতিবাচক ও আনন্দসঞ্চারি। 'আরো কিছু বুদবুদ' পড়ে উঠবার পর আমার এসব কথাই মনে হলো।
পুলকের প্রথম কাব্যগ্রন্থের নাম 'চকখড়ি মেয়ে' (১৯৯১)। মাঝখানে তার আটটি বই বেরিয়েছে, যার মধ্যে দুইটি প্রবন্ধের বইও আছে। তো সেই 'চকখড়ি'র সময় থেকেই দেখছি, পুলক সহজভাবে লেখার পক্ষপাতী। লক্ষণীয়, তার একটি প্রবন্ধের বইয়ের নামও 'সহজ করে বলা' (২০১৭)। আশির দশকের মাঝামাঝি বছরগুলো মনে পড়ছে। নীলক্ষেত বস্তিসংলগ্ন বেড়ার ঘরে আমাদের একটা আড্ডা ছিল। সেই সৃজনী আড্ডায় রিফাত চৌধুরী বলতেন, আমরা সহজ কবিতা লিখতে চাই। আমি বলতাম, শুধু সহজ নয়, সহজ-গভীর কবিতা। কেননা সহজ কবিতা তো সত্তরে অঢেল লেখা হয়েছে। ষাটের দশকেও কেউ কেউ লিখেছেন যেমন আসাদ চৌধুরী। কিন্তু ওইসব সহজ কবিতার সাড়ে পনেরো আনাই মনে দাগ কাটে না। আমরা, সুতরাং, মনে দাগ কাটার মতো কবিতা লিখতে চাইলাম আমাদের সবটুকু সামর্থ্য দিয়ে। এই দলে আরও যারা ছিলেন তারা হচ্ছেন আহমেদ মুজিব, অমিতাভ পাল, রাজু আলাউদ্দিন, কিশওয়ার ইবনে দিলওয়ার প্রমুখ। পুলক হাসান ঠিক আড্ডাবাজ প্রকৃতির নন। তার সঙ্গে দেখা হতো হঠাৎ হঠাৎ। কিন্তু আমি তাকে আমাদের গ্রুপেরই একজন ভাবতাম; তার লেখার চারিত্রের কারণেই। সহজ করে বলে হৃদয়ে আঁচড় কাটার সাধনা তো তিনিও করছেন সুদীর্ঘকাল। সেই প্রচেষ্টা রীতিমতো ফলবতী হয়ে উঠেছে এখন। তার কবিতা আজকাল বেশ বোঝা যায় কি বলতে চাইছে। যদিও সেইসব বলবার কথা-কে তিনি বেশির ভাগ সময়েই সরাসরি বলেন না। দিতে চাই কয়েকটি উদ্ধৃতি–
১. তবু যখন দূরগামী হাওয়ায় দুলে ওঠে পানসি/মেঘের মন্ত্র রাগে ঘাসে ঘাসে/ বেজে যায় প্রতিধ্বনি/ স্মৃতিকাতর হয়ে ওঠে নদীমাতৃক মন
২. ভাষা সে বড় মর্মঘেষাঁ/ লুকাতে চাই পারি না/ সামনে চলে আসে দিনে দিনে/ জমে-ওঠা মেঘ/ তৃষ্ণার্ত নদী/ এবং স্মৃতিভারাতুর বর্ষা।
৩. মেঘগুলো দল বেঁধে ছোটে শুধু/ সেইদিকে/ আষাঢ় তার সহজ প্রকাশ/ কিন্তু কেউ দেখে না তার গভীর মূর্ছনা/অনন্ত দরোজাগুচ্ছ/ ফলে আষাঢ়/ শুধু নয় জলের উল্লাসে ভাসার
৪. লালাঝরা দানবের অগ্নি শিখায়/ মোমের মতো গলে পড়ে চাঁদ
৫. হে যন্ত্রনাবিদ্ধ সময় আমি তোমার মুখেই/ কথা কওয়াতে চাই কেন আলোচোর/ ভালোবাসায় ফুরিয়ে যাই মধুর প্ররোচনায়।

চার পঙ্ক্তি থেকে শুরু করে সর্বাধিক বত্রিশ পঙ্ক্তির কবিতা আছে এই বইয়ে। কবিতার শরীর যেখানে দীর্ঘ সেসব লেখায় কবির ভাবনা তেমন দানা বাঁধতে পারেনি। কিন্তু আমি লক্ষ করি, আগেও লক্ষ করেছি, চার/ছয়/আট/দশ/ বারো পঙ্ক্তির কবিতাগুলোতে পুলক তার কাব্য সামর্থ্যরে পুরোটাই দিতে পারেন। আধুনিক কবিতার নানা বৈশিষ্ট্যের মধ্যে একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এই কবিতা যতটা বলে; কমপক্ষে ততটাই আড়াল করে। এই আড়াল করার কাজে লেখককে সাহায্য করে প্রতীক, নানারকম ইশারা, কূটভাষণ ইত্যাদি। পুলক হাসানও সাধ্যমতো এগুলোর প্রয়োগ ঘটান তার কবিতায়। তাই 'চন্দ্রগ্রস্ত গাধা'র প্রতীকে তিনি তৃতীয় বিশ্বের গণতন্ত্রের দুর্দশা মূর্ত করে তুলতে পারেন। অথবা 'কোকিল' কবিতার শেষে তিনি যখন বলেন, 'কুহু তানে মহুয়া পরানে/ বহে মৌসুমের জ্বর' তখন, আমি নিশ্চিত, ওই 'মৌসুমের জ্বর' শব্দবন্ধটির মাধ্যমে যেমন তিনি কিছু বললেন, তেমনি কিছু কথা অনুক্তও রেখে দিলেন নিবিষ্ট পাঠকের জন্য।
এই বইয়ে আশ্রিত 'বয়স', 'নিধূয়া পাথার', 'জীবনসাঁকো', 'তরমুজ', 'যাপন', 'লিটল ম্যাগ', 'কোকিল', 'তামাদি' ও 'অভিন্ন' নামের ছোট কবিতাগুলোতেই লেখক তার ভাবনার নির্যাস তুলে ধরতে পেরেছেন সার্থক ভঙিতে। ধরা যাক 'তরমুজ'-এর কথা। পুরো কবিতাটিই যেন একটি অসাধারণ প্রতীক– স্বাধীনতা ও স্বাধীনতার ইতিহাসের। পড়ুন গোটা কবিতাটি– 'দ্বিখণ্ডিত সত্তা তার/ যেন লাল-সবুজের বাংলাদেশ/ বাইরে সবুজ ভেতরে লাল/ প্রেম ও দ্রোহ সমান্তরাল'।
'যাপন' শিরোনামের কবিতাটি অসাধারণ হতে পেরেছে তার উপস্থাপনার গুণে। এতে শব্দবাহুল্য নেই এবং থিমটি বেশ যোগাযোগসক্ষম ও শিল্পিত হয়ে উঠেছে। নাগরিক মানুষের শিকড়ের টান তাকে গ্রামে নিয়ে যায় বারবার। কেননা 'গ্রামের বাতাস এসে নাড়া দেয়' তার 'সত্তায়'। তা সত্ত্বেও সে দ্বিধা-দ্বন্দ্বে ভোগে যেহেতু ঘুমের ভেতর 'পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটা বাড়ায় হাত খোয়াবে।' গ্রন্থভুক্ত আরেকটি শ্রেষ্ঠ কবিতা হচ্ছে 'বয়স'। বয়স বাড়ার বেদনা আর সেই বেদনা থেকে জাত অনুভব এই লেখার কেন্দ্রীয় ভাব। 'কবি' উপন্যাসে তারাশঙ্কর বলেছিলেন 'চুল পাকিলে কান্দো কেনে?' কবিতাটি পড়ার পর মনে পড়ে গেল সেই কথাটি। সত্যিই তো 'স্বপ্নের মতো চলে যায় সে' অর্থাৎ অতি দ্রুত বয়স বেড়ে যায়।
কেবল বাকপ্রতিমার ধরন নয় উপমা প্রয়োগের বেলায়ও এই লেখক স্বাতন্ত্র্যপ্রয়াসী। 'ঝরে যাওয়া ফুলের সৌরভ/ যেন পাখির আর্তচিৎকারের মতো জান্তব' অথবা 'রুদ্ধশ্বাস সফরে ফিনকি দিয়ে ওঠে জ্যোৎস্না যেন গাঙচিলঠোঁটে সমুদ্র ফেনা'। জ্যোৎস্নার সঙ্গে সমুদ্রফেনার তুলনা অভিনবই বটে।
পচানব্বই শতাংশ বাঙালি কবির এক প্রধান দোষ তাদের অতিভাষিতা। তারা যেমন দৈনন্দিন জীবনে বেশি কথা বলেন, কবিতার ক্ষেত্রেও তাই। এত যে বিখ্যাত শামসুর রাহমান, তিনিও এই ত্রুটির উর্ধ্বে নন। পুলক হাসান অল্প বাক্য ব্যয় করে অভিঘাত সৃষ্টি করতে পারেন। তার সেরা কবিতাগুলোতে সেই ক্ষমতার ষোলো আনা প্রকাশ দেখতে পাই। এর শ্রেষ্ঠ নিদর্শন 'তরমুজ', 'জীবনসাঁকো', 'কমলালেবু' প্রভৃতি কবিতা।
এবার লেখকের কাব্যশৈলী নিয়ে দু'কথা বলে শেষ করবো এই আলোচনা। লক্ষ করলে দেখতে পাবেন, পুলক হাসান ছোট ছোট বাক্য ব্যবহার করেন। খানিকটা অমিয় চক্রবর্তীর কবিতার মতো একই কবিতায় কখনো চরণের শেষে মিল দেন, কখনো আবার দেন না। তাছাড়া তার কবিতা গদ্যপ্রধান হলেও তাতে একটা সুরেলা ভাব বজায় থাকে প্রায় সবসময়ই। এসবই তার কবিতার লক্ষযোগ্য বিশেষত্ব। এবং এই ভঙিতে লিখে আসছেন তিনি দীর্ঘকাল। এখন, পরিণত বয়সে, তার ভাবনা-কল্পনার জায়গাগুলো আরও স্বচ্ছ, আরও পাঠকস্পর্শী হয়ে উঠেছে। তবে, অভিজ্ঞ কবিরাও অনেক সময় ভুল করেন। আরও ভালো হতো লেখক যদি 'তুমি শ্রেণিবিভক্ত সমাজে জীবিকা ও অবকাশের সত্যি এক জীবন আধার'-এর মতো প্রবন্ধশোভন পঙ্ক্তি (কক্সবাজার' কবিতায়) না লিখতে পারতেন। পুলক হাসানের কবিতার নিবিষ্ট পাঠক হিসেবে আমি এটুকু সমালোচনা করতেই পারি।