২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারিও বার্গাস যোসার জীবন ও মিথ্যার সত্য’র প্রকাশনা উৎসব

প্রমা সঞ্চিতা অত্রি

Published : 14 Jun 2015, 11:02 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

মারিও বার্গাস য়োসার জীবন ও মিথ্যার সত্য, ল্যাটিন আমেরিকার জনপ্রিয় কথাসাহ্যিত্যিক নোবেলবিজয়ী মারিও বার্গাস যোসার জীবন ও কর্ম সম্পর্কিত এই বইটি রাজু আলাউদ্দিন কর্তৃক সংকলিত, সম্পাদিত ও অনূদিত হয়েছে সম্প্রতি। স্প্যানিশ ভাষা থেকে বইটি বাংলায় অনুবাদ করা হয়েছে যা অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে নুতনত্বের দাবী রাখে। ৯ জুন, মঙ্গলবার পাঠক সমাবেশ সেন্টারে এক ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাবন্ধিক অনুবাদক ড. খালিকুজ্জামান ইলিয়াস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আনিসুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা এবং অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন কবি সাজ্জাদ শরিফ।

অনুষ্ঠানের সভাপতি ও অনুবাদক কিছুটা দেরিতে উপস্থিত হওয়ায় অনুষ্ঠান শুরু করতে একটু বিলম্ব হয়ে যায় আয়োজকদের। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অনুষ্ঠানের শুরু হয় প্রধান অতিথি ড. আনিসুজ্জামানের বক্তব্য দিয়ে। ড.আনিসুজ্জামান বইয়ের অনুবাদক-সম্পাদক রাজু আলাউদ্দিনকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কাজের মাধ্যমে বিশ্বসাহিত্যের মহৎ কর্মগুলোর সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার আহ্বান জানান।

যোসা ও ল্যাটিন আমেরিকার সাহিত্য নিয়ে প্রাঞ্জল ও তথ্যপূর্ণ অলোচনার মাধ্যমে আগতদের পুষিয়ে দেন বক্তাগণ। বিশেষ অতিথি কবি মুহম্মদ নূরুল হুদা রাজু আলাউদ্দিনের এ প্রয়াসকে স্বাগত জানান। কবি অনুবাদক সাজ্জাদ শরিফ ও ড. খালিকুজ্জামান ইলিয়াস তাদের বক্তব্যে ল্যাটিন আমেরিকার সাহিত্য ও য়োসার সাহিত্যকর্ম নিয়ে অলোচনা করেন। বইটির অনুবাদক ও সংকলক রাজু আলাউদ্দিন বই নিয়ে তার ব্যাক্তিগত কিছু অনুভূতি সবার সামনে মেলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, 'রাজু আলাউদ্দিনের এ বইটি বাংলাসাহিত্যের পাঠকের কাছে য়োসাকে পরিচয় করিয়ে দেবে বলে আমার বিশ্বাস। এই বইটি মারিও বার্গাস য়োসার জীবন ও কর্মের উপর একটি প্রমাণ্যগ্রন্থ যার মধ্য দিয়ে আমরা যোসাকে চিনতে পারি। তাঁর একটি কথা আছে 'আমি জলহস্তীর মত যৌনকর্ম করতে চাই'। এটি শুনতে মনে হয় বেশ কুৎসিত ও রূঢ়। একধরনের পাশবিকতা আছে এর মধ্যে। সে দিক দিয়ে আমরা বলতে পারি যোসা নিঃসন্দেহে একজন প্রথাবিরোধী ও সত্যবাদী লেখক। একজন লেখক যা ভাবে, তার ভেতর যে তত্ত্ব তৈরি হয় সে ভাবনাগুলোর হুবহু প্রতিফলন তার সৃষ্টিকর্মে থাকে। তবে এই অনুবাদটি পড়তে গিয়ে আমার বার বার মনে হয়েছে যোসাকে নিয়ে এরকম প্রামাণ্য পাঠ-নির্ভর কোনো গ্রন্থ অন্তত আমি পাঠক হিসেবে পড়িনি। রাজুকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তার বইটির জন্য। ভবিষ্যতে আরও কাজ সে করবে সে আশা রাখি।'

প্রধান আলোচক সাজ্জাদ শরিফ তার বক্তব্য শুরু করেন রাজু আলাউদ্দিনের ল্যাটিন সাহিত্য প্রয়াসকে সাধুবাদ জানিয়ে। তিনি বলেন, ' রাজুকে দেখছি অনেক বছর ধরে লেগে আছে ল্যাটিন সাহিত্য নিয়ে। এটা খুবই ভাল কথা। সে যোসা ছাড়াও অন্যান্য ল্যাটিন কবিদের কাজ অনুবাদ করেছে। বাংলা সাহিত্যে মূল ভাষা থেকে অনুবাদ খুব কমই দেখতে পাই আমরা। মূল ভাষার ইংরেজী অনুবাদ থেকেই বাংলা অনুবাদ হয়ে থাকে বেশি। সেক্ষেত্রে রাজুর এই কাজ অবশ্যই প্রসংশার দাবী রাখে। আমরা যদি ল্যাটিন আমেরিকার সাহিত্যকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব ১৯৬০-৭০ সময়কালটা 'বুম' সাহিত্যের উত্থানকাল। এ সময় ল্যাটিন আমেরিকার বিভিন্ন রাষ্ট্রের সাহিত্যিকরা একত্রিত হয়ে অনেক ভাল ভাল কাজ করেছেন। সাধারণ মানুষের বাস্তবতার মধ্যে যে মায়া সেটা নিয়ে অনেকেই কাজ করেছেন। য়োসার লেখার মধ্যেও আমরা সেটা পাই। মারিও বার্গাস য়োসা কিন্তু রাজনৈতিকভাবে ডানপন্থি চিন্তার মানুষ। তিনি একজন ডানপন্থি লেখক। লেখার ধরনের দিক থেকে তিনি কিন্তু অন্যান্য ল্যাটিন সাহিত্যিকদের চেয়ে স্বতন্ত্র। তিনি যেমন নিজের আকাঙক্ষা ও অনুভূতির কথা লেখেন আবার উনি পলিটিক্যাল থ্রিলারধর্মী লেখাও লেখেন। সব মিলিয়ে বলব মারিও বার্গাস যোসা একজন লিভিং লিজেন্ড আমাদের জন্য। তার মত একজন কালারফুল ক্যারেকটারকে নিয়ে রাজু কাজ করেছে। এই বইয়ে যোসার বিভিন্ন ঘটনা তো আছেই সেই সাথে যোসার লেখায় বাংলাদেশ এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে উল্লেখ করা কিছু কথা আছে যেটা নিঃসন্দেহে আমাদের কৌতুহলের উদ্রেক করবে। আমি মনে করি ভবিষ্যতে কেউ যদি য়োসা বা ল্যাটিন আমেরিকার সাহিত্য নিয়ে কোনো কাজ করে তবে এই বইটি তাদের জন্য একটা বড় ডকুমেন্ট হিসেবে কাজ করবে। রাজুকে ধন্যবাদ। সামনে আরও বড় কাজের প্রত্যাশা থাকল তার কাছে।'

সভাপতির বক্তব্যে ড. খালিকুজ্জামান ইলিয়াস বলেন, 'সাজ্জাদের অলোচনার সূত্র ধরেই আমি বলতে চাই, ল্যাটিন আমেরিকার অধিকাংশ শিল্পী ও সাহিত্যিকরা সবাই রাজনীতির সাথে গভীরভাবে যুক্ত। রাজনীতির জন্য তারা জীবন দিতে পারে। আরেকটি কথা বলতে হয় সেটা হল, তারা প্রত্যেকেই রাজনৈতিক নির্যাতনেরও শিকার। ল্যাটিন আমেরিকানরা যত বেশি এক নায়ক দেখেছে আর কোনো রাষ্ট্র সেটা দেখেনি। আর এক নায়কেরা উপন্যাসকে খুবই ভয় পান। কারণ উপন্যাস সবসময় গণমানুষের কথা বলে। আর সেটাই তাদের ভয়। কাজেই অধিকাংশ লেখককেই সেখানে রাজনৈতিক হয়রানির শিকার হতে হয়েছে। অনেকে দেশ ছেড়ে পালিয়ে যেতেও বাধ্য হয়েছেন। কাজেই মার্কেজ, ফুয়েন্তেস, যোসা এরা সবাই কম বেশি রাজনৈতিক ব্যক্তি। তাই রাজনীতি তাদের লেখায় সব সময় একটি গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে । রাজু অনেকদিন ধরে ল্যাটিন আমেরিকান সাহিত্য নিয়ে কাজ করছে। তার কাজে আমি মুগ্ধ সব সময়। তিনি সব সময় সিরিয়াস ধরণের কাজে হাত দেন, কষ্টসাধ্য কাজগুলো করেন। তিনি একজন গবেষণামুখী মানুষ। গবেষণার খুঁটিনাটিকেও তিনি কাজের মাধ্যমে প্রকাশ করেন। তার বইটা আমি দেখলাম। কতদিন ধরে তিনি এর উপকরণ সংগ্রহ করেছেন এবং এখন বই আকারে প্রকাশ করেছেন। আমার মনে হয় এরকম কাজ বাংলাভাষায় খুবই কম আছে। এর আগে দক্ষিণে সূর্যোদয়: ইস্পানো-আমেরিকায় রবীন্দ্রচর্চার সংক্ষিপ্ত ইতিহাস নামে আরেকটা বড় কাজ রাজু করেছেন রবীন্দ্রনাথকে নিয়ে। অনেক অজানা তথ্য তিনি সেখানে দিয়েছেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে এরকম কাজ খুব একটা হয়নি। তিনি অনেক সিরিয়াসধর্মী লেখা অনুবাদ ও সংকলনের কাজ করেছেন। তিনি কবিতা লেখেন ও অনুবাদ করেন। অনেক গুন আছে তার। এই সংকলনের মধ্য দিয়ে আমরা তার মননশীলতার পরিচয় পাই। রাজুকে অনেক ধন্যবাদ।'

বইটির প্রকাশক আনিসুজ্জামান বলেন, 'আমি সত্যিকার অর্থে রাজুর বন্ধু। প্রকাশক নই। গত বছর একটি কাজে আমি বাংলাদেশে এসেছিলাম। তখন রাজুর সাথে একটি জায়গায় যাওয়ার সময় গাড়িতে বসে এই বইটির পান্ডুলিপিটি দেখতে পাই। যোসাকে বাংলাদেশের অনেকেই তেমন একটা চেনেন না। দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমি নিজেও এখনও যোসা পুরোপুরি পাঠ করিনি। কিন্তু রাজুর পান্ডুলিপিটা পড়ে আমার মনে হয়েছে এই বইটি প্রকাশ হওয়া উচিৎ। বাংলাদেশের পাঠক যাতে যোসাকে জানতে পারে সে জন্যই আমি বইটি প্রকাশে আগ্রহী হই।'

বইটির অনুবাদক, সংকলক ও সম্পাদক রাজু আলাউদ্দিন এ বই প্রসঙ্গে বলেন, 'আজকে আসলে আমার শোনার দিন। চুপ করে থাকার দিন। প্রথমেই আমি দেরিতে উপস্থিত হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সাজ্জাদ শরিফের কথা আমি মুগ্ধ হয়ে শুনলাম। কমপ্লিমেন্টারি একটা আলোচনা করেছে সে। তার এই কথাগুলো মাথায় থাকলে বইটা পড়তে ও বুঝতে সহজ হবে। ল্যাটিন আমেরিকার রাজনৈতিক যে পটভূমি তা জানা থাকলে তাদের সাহিত্য পড়তে ও বুঝতে সহজ হয়। কিউবা ল্যাটিন আমেরিকার ছোট একটি রাষ্ট্র কিন্তু পলিটিক্যালি এর অনেক বড় ভূমিকা আছে ল্যাটিন আমেরিকাতে। ফিদেল কাস্ত্রোর বিপ্লবের পরে 'বুম' সাহিত্যের অনেক সাহিত্যিক এক্সট্রিম লেফটিজম থেকে সরে আসেন। কার্লোস ফুয়েন্তেস, অক্তাবিও পাস, মারিও বার্গাস যোসা কাস্ত্রোর কাছ থেকে সরে এসেছেন। কিন্তু মার্কেস যাননি। যেমন, সাজ্জাদ বললেন যোসা ডানপন্থি লেখক। অক্তাবিও পাসের ব্যাপারেও একই কথা খাটে। তারা তথাকথিত বিচারে ডানপন্থি, সেটা ঠিক আছে। এখন রাশিয়া বা কিউবাতে যে ঘটনাগুলো ঘটে গেছে তা যদি আমরা দেখে থাকি তবে বলতে হয় একবারে নিরঙ্কুশ বাম থাকাটা একদমই কঠিন। যে কারণে অক্তাবিও পাস ও অন্যান্যরা সরে গেছেন। স্টালিনের গ্রেটপার্জ ও অন্যান্য নেতাদের ক্ষমতার অপব্যবহার যদি দেখেন তবে কট্টর বামপন্থা থেকে অনেকেই সরে আসবেন। এটাকে আমি ডানপন্থা হিসেবে চিহ্নিত করব না।"

আলোচক ও অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এক পর্যায়ে রাজু আলাউদ্দিন বলেন, "এই বই নিয়ে দুটি খুশির কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সেটা হল, এই বই প্রকাশের প্রায় দু'দিনের মাথায় এটি মূল লেখকের কাছে পৌঁছে গিয়েছিল। এই অসম্ভব কাজটি যাদের সহযোগিতায় সম্ভব হয়েছিল তারা আমার লন্ডন প্রবাসী দুই বন্ধু তারিকুল আলম খান এবং যুবায়ের মাহবুব। তাদের সহযোগিতায় এই বইটি হাতে পেয়ে বার্গাস যোসা খুব খুশি হয়েছেন বাংলাদেশের মত একটা জায়গা থেকে বইটি অনূদিত হয়েছে দেখে। এই কারণে আমি কিছুটা তৃপ্তি বোধ করছি যে উনি জানতে পেরেছেন বাংলা ভাষায় তার বই অনূদিত হয়েছে। "

"দ্বিতীয় খুশীর কথা হলো এই যে অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রধান আলোচক এই বইটিকে কেন্দ্র করে তাদের গুরুত্বপূর্ণ অনুভূতিগুলোকে জানার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে। "
অনুষ্ঠানের আয়োজক পাঠক সমাবেশের কর্ণধার শাহীদুল ইসলাম বিজু ও পৃষ্ঠপোষক বইনিউজটোয়েন্টিফোর ডটকমকে আন্তরিক ধন্যবাদ জানান অনুবাদক রাজু আলাউদ্দিন। অনুবাদকের স্ত্রী মারিসোলকেও আন্তরিক কৃতজ্ঞতা জানান এই গ্রন্থ রচনায় ও অনুবাদে তার নিরন্তর সহযোগিতার জন্য। ম্যাক্সিকান ও স্প্যানিসভাষী মারিসোল বাংলা ও স্প্যানিশ দুই ভাষাতেই বক্তব্য দেন। তার বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয় সংক্ষিপ্ত পরিসরের এই অনুষ্ঠানটি। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করে ছড়াকার ও প্রকাশক রবীন আহসান।

মারিও বার্গাস যোসার জীবন ও মিথ্যার সত্য বইটি এখন অনুষ্ঠানের আয়োজক পাঠক সমাবেশসহ অন্যান্য বইয়ের দোকানগুলোতে পাওয়া যায়।