২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’র ইংরেজি অনুবাদ

প্রমা সঞ্চিতা অত্রি

Published : 09 May 2015, 06:54 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM

ইন আ ল্যান্ড ফার ফ্রম হোম– সৈয়দ মুজতবা আলীর ভ্রমণকাহিনীভিত্তিক উপন্যাস দেশে বিদেশে বইয়ের ইংরেজি অনুবাদ এটি। অনুবাদক নাজেস আফরোজ। দেশে বিদেশে সৈয়দ মুজতবা আলীর এক অনবদ্য ভ্রমণকাহিনী। গত শতাব্দীর বিশের দশকে ও তার পরবর্তী সময়ের আফগানিস্তানে রাজতন্ত্রের পতন ও গণতন্ত্রের অভ্যুদয়ের সূচনালগ্নের এক মূল্যবান সাক্ষী এই বই। কর্মসূত্রে দীর্ঘদিন কাবুলে অবস্থান করেন নাজেস আফরোজ। সে সময়ই বইটি অনুবাদের কথা চিন্তা করেন তিনি। বইটির ইংরেজি অনুবাদ আদৌ সম্ভব কি না তা নিয়ে প্রথমে সংশয় ছিল তার মনে। পরবর্তীকালে কাবুলের বন্ধুদের অনুরোধে ও দেশি বন্ধুবান্ধব ও সহকর্মীদের উৎসাহে বইটির ইংরেজি অনুবাদে হাত দেন তিনি।

"২০০২ সালে তালেবান বিষয়ক এক অ্যাসাইনমেন্ট কভার করতে কাবুল যাই আমি। সেখানে যাওয়ার সময় আমার গাইড ছিল মুজতবা আলীর দেশে বিদেশে বইটি। এ বইতে কাবুলের বিভিন্ন জায়গার উল্লেখ রয়েছে যেগুলো আমি খুঁজে খুঁজে বের করেছি। সেখানে গিয়ে আমারই এক আফগান বন্ধুকে বইটির গল্প করলাম। দেখলাম সে বেশ আগ্রহ প্রকাশ করল বইটির ব্যাপারে। কিন্তু বাংলা ছাড়া আর কোনো ভাষায় অনুবাদ না থাকায় হতাশ হতে হল তাকে। তখনই মনে হল বইটির ইংরেজি অনুবাদ থাকলে অনেক ভাল হত। তখন থেকেই বইটির ইংরেজি তর্জমা করব বলে ঠিক করলাম। কিন্তু প্রথমে ভেবেছিলাম এটা আমার ওই বন্ধুকে বোঝানোর জন্যই শুধু করব। বই আকারে ছাপার কথা তখনও চিন্তা করিনি। ছাপার মত হবে কিনা তাও তখন জানতাম না। ২০১২ তে বিবিসি'র চাকুরীতে ইস্তফা দেবার পর পরই লিখতে শুরু করে দিলাম। চার মাসের ভেতরেই অনুবাদ করে ফেললাম। পরে আমার ভারতীয় বন্ধুরা আমার অনুবাদ পড়ে আমাকে এটা বই আকারে প্রকাশ করার কথা বলল।" ৪ মে, সোমবার গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী কালচালার সেন্টারে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথাগুলো বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন স্বয়ং নাজেস আফরোজ এবং তাঁর সহকর্মী ও বন্ধূ লেখক আফসান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই মোড়ক উন্মোচন করেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। তার আহ্বানে বইটি নিয়ে আলোচনা করতে মঞ্চে আসেন নাজেস আফরোজ ও আফসান চৌধুরী। ইন আ ল্যান্ড ফার ফ্রম হোম বইটি থেকে বিভিন্ন অংশ উদ্ধৃত করেন আফসান চৌধুরী এবং সে প্রসঙ্গে নাজেস আফরোজের মন্তব্য জানতে চান তিনি । তৎকালীন আফগানিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের ভিত্তিতে সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে রচনার প্রাসঙ্গিকতা, সার্থকতা ও তার মুন্সিয়ানার বিভিন্ন ক্ষেত্র নিয়ে এক প্রাণবন্ত আলোচনার জন্ম দেন বন্ধুযুগল।

প্রথমেই নাজেস আফরোজের কাছে আফগান জাতিসত্তা সর্ম্পকে প্রশ্ন রাখেন আফসান চৌধুরী। আফগান রাষ্ট্র কোন কোন জাতি নিয়ে গঠিত হয়েছে এবং তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও বৈচিত্র্য সর্ম্পকে আলোচনা করার জন্য নাজেস আফরোজকে আহ্বান জানান তিনি। 'আসলে আফগানিস্থানের জাতীয়তা একটা ডিবেটেবল বিষয়। হোয়াট আফগান কম্প্রাইজড অফ? আফগান রাষ্ট্র আসলে বহু জাতিগোষ্ঠীর মিশেল। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা মিলে আফগান রাষ্ট্র তৈরি হয়েছে। বাদশাহ আহমদ শাহ আবদালী প্রথম আফগানকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীকালে বিভিন্ন শাসকের শাসন আমলে এটি একটি পূর্ণ রাষ্ট্রের মর্যাদা পায়। আফগানিস্থান যতটা না ন্যাশনাল স্টেট তার চেয়ে অনেক বেশি বলা যায় ফেডারেল স্টেট। এখানকার জনগোষ্ঠীর মাঝে সংখ্যাগরিষ্ঠ হল পশতুন; কিন্তু এছাড়াওেএখানে তাজিক, উজবেগ, তুর্খমেন ইত্যাদি জাতিসত্তার মানুষও বাস করে। যেহেতু বহু জাতির বসবাস তাই তাদের সংস্কৃতিও ভিন্ন ভিন্ন। মূলত ট্রাইবাল ডমিনেন্ট কালচার তাদের, কিন্তু একেক জায়গায় একক রকম লোকাচার বা রীতি নীতি। অনেক ভ্যারিয়েশন আছে তাদের সংস্কৃতিতে।' বলছিলেন নাজেস আফরোজ ।

দেশে বিদেশে বইটিতে যে রাজনৈতিক সংকটের কথা বলা হয়েছে সে সর্ম্পকে জানতে চান আফসান চৌধুরী। নাজেস আফরোজ বলেন, 'আফগানিস্তানের তখনকার রাজনৈতিক সংকটটা ছিল মূলত রাজতন্ত্রের পতনের আন্দোলন। বাদশাহ আমানউল্লাহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো দ্বারা প্রভাবিত হয়ে পাশ্চাত্য শিক্ষা ও রীতি-নীতির প্রবর্তন করতে চেয়েছিলেন। আমানউল্লাহ নানারকম সংস্কারমূলক কাজ করেছিলেন যেমন, নারী শিক্ষা, নারী-পুরুষ সমানাধিকার ইত্যাদি। উনি আসলে আফগান মুসলমানদের আধুনিকায়নের চেষ্টা করেছিলেন, যেমন উনি মেয়েদের বোরখা পড়া ও পর্দা করার বিরোধী ছিলেন, ছেলেদের কুর্তা-জামার বদলে কোট-প্যান্ট পড়ার প্রচলন করেছিলেন। আমানউল্লাহর পত্নী সুরাইয়াও ছিলেন সংস্কারের পক্ষে। তিনি আমানউল্লাহর ভ্রমণসঙ্গিনী হয়ে ইউরোপ ভ্রমণকালে জনসমক্ষে বোরখা ছাড়া বের হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তখনকার প্রমিনেন্ট মোল্লা 'হযরত অফ শোরবাজার'-এর নেতৃত্বে অন্যান্য মোল্লা ও সাধারণ আফগানরাও বাদশাহর বিরুদ্ধে বিদ্রোহ করে। মোল্লা শোরবাজারারের সহায়তায় ডাকু সর্দার বাচ্চা সকাও তখন কাবুল দখল করে নেয়। বাদশাহ ও তার পরিবারবর্গ বাচ্চার লোকদের হাতে বন্দী হন।'

সে সময়কার ব্রিটিশ-রাশিয়ার যে 'গ্রেট গেম' তার সাথে আফগান বাদশাহের উৎখাতের কোন যোগসূত্র রয়েছে কি না প্রশ্ন করেন আফসান চৌধুরী। 'আসলে যে সময় সৈয়দ আলী তার বইটা লিখেছেন তখনও কিন্তু ব্রিটেন-রাশিয়ার এই 'গ্রেট গেম' তেমন একটা দানা বাঁধে নি। তখন এটা মাত্র শুরু হয়েছে। সৈয়দ আলী তো বইটা লিখেছেন আরও পরে। সম্ভবত ১৯৪০ এর দিকে। সে সময় এই গ্রেট গেমটা সবা্র কাছেই পরিষ্কার। কিন্তু বিশের দশকে বসেই তিনি কিন্তু তা আঁচ করতে পেরেছিলেন এবং তা তার বইয়ে তিনি উল্লেখ করেছেন। এটা সত্যিই বিস্ময়কর। পরবর্তীকালে এটা নিয়ে আমি একটা রির্সাচ করেছি। তখন কাবুলে বিভিন্ন নথিপত্র ঘেঁটে আমি একটা টেলিগ্রাম দেখেছি যেখানে ইংরেজদেরকে জানানো হয়েছে যে মোল্লারা লিগেশনের ভার নিয়েছে। এখান থেকে কিন্তু ধারণা করা যায় যে সে সময়কার রাজনৈতিক পটপরিবর্তনে ইংরেজদের একটা ভূমিকা ছিল। মোল্লা এবং ইংরেজদের মাঝে গোপন আঁতাত ছিল এটাও ধারণা করা যায়। কাজেই বিদ্রোহকে 'গ্রেট গেম'-এর একটা অংশ বলে অনুমান করা যেতে পারে।'

দেশে বিদেশে বইতে দোস্ত মোহাম্মদ, আবদুর রহমান, মওলানা জিয়াউদ্দিন ইত্যাদি যে চরিত্রগুলোর কথা উল্লেখ রয়েছে সে চরিত্রগুলোর বৈশিষ্ট্য ও তাদের বক্তব্যগুলো ইংরেজীতে রূপান্তর প্রসঙ্গে জানতে চান আফসান চৌধুরী। 'দোস্ত মুহাম্মদ ছিলেন এক রসিক পাঠান অফিসার। বিদ্রোহের সেই অবরুদ্ধ সময়েও এতটুকু মলিন হয়নি যার ভালবাসা। সৈয়দ আলীর সাথে তার খুবই ভাল সর্ম্পক ছিল। মওলানা জিয়াউদ্দীন ছিলেন শান্তিনিকেতনের শিক্ষক। কাবুলে তিনি ছিলেন সৈয়দ আলীর সহকর্মী। মওলানা জিয়াউদ্দীন তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে কাবুলে অসহায় এক অবস্থায় পড়েন। তখন ব্রিটিশ হাইকমিশনারের সহায়তায় তার স্ত্রীকে মেয়েদের বিশেষ ফ্লাইটে করে ভারতে পাঠানোর ব্যাবস্থা করেন মুজতবা আলী। এই বইয়ের একটি অন্যতম প্রধান চরিত্র হল আবদুর রহমান। আবদুর রহমানের দরিদ্র পিতা তাকে সৈয়দ মুজতবা আলীর কাছে রেখে যান তার দেখাশোনা করার জন্য। মূলত আবদুর রহমান ছিল সৈয়দ আলীর আফগান ভৃত্য। কিন্তু মনিব-ভৃত্যের প্রথাগত সর্ম্পকের বাইরে আবদুর রহমান নামের অত্যন্ত হৃদয়বান এক পাঠান যুবকের চিত্রই তুলে ধরেছেন তিনি। সৈয়দ আলী তার সূক্ষ্ণ বিশ্লেষণী ক্ষমতা ও হাস্য রসাত্মক লেখনী দ্বারা তার প্রতিটি চরিত্রকেই জীবন্ত করে তুলেছেন। বিদ্রোহের দিনগুলোতে যখন কাবুল ক্রমেই একটি বিপজ্জনক জায়গায় পরিণত হচ্ছিল তখন আবদুর রহমান হয়ে ওঠে তার পরম বন্ধু্। দিনের পর দিন একসাথে তরকারিহীন রুটি চিবিয়ে কাটিয়েছেন তারা। সে দুঃসময়েও তাকে ছেড়ে চলে যায়নি আবদুর রহমান। এমনকি শেষ বিদায়ের দিনে তার সাথে ভারতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করে সে। বিদায়ের সময় আবদুর রহমান যখন তার হাতে চুমু খেয়ে 'ব আমানে খুদা' অর্থাৎ 'খোদার হাতে সমর্পন করলাম' বলে কেঁদে ওঠে, তখন স্বভাবতই কেঁদে ওঠে লেখকের মনও। দেশ থেকে বহু দূরে ভয়ঙ্কর দুঃসময়ে আবদুর রহমানের হৃদ্যতায় এক অকৃত্রিম বন্ধুকে খুঁজে পেয়েছিলেন তিনি। তাই তো প্লেন থেকে নিচে তাকিয়ে তুষার আবৃত আফগানভূমিতে তার কাছে সবচেয়ে শুভ্র মনে হয়েছিল আবদুর রহমানের সাদা পাগমানটিকে। আর তারও চেয়ে শুভ্র মনে হয়েছিল তার হৃদয়কে।'

অনুষ্ঠান শেষে ছিল প্রশ্ন-উত্তর পর্ব। দর্শক সারিতে উপস্থিত ছিলেন লেখক বদরুদ্দীন উমর, লেখক ও অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াসসহ আরও অনেকে। সৈয়দ মুজতবা আলীর ভাগ্নী ও ভাগ্নীজামাই মুস্তফা জামান আব্বাসীও উপস্থিত ছিলেন। সৈয়দ মুজতবা আলীর কাজকে আন্তর্জাতিক পর্যায়ে পৌছে দেয়ার জন্য নাজেস আফরোজকে আন্তরিক ধন্যবাদ জানান তারা। তবে ইংরেজি বইটিতে সৈয়দ আলীকে পূর্ব বঙ্গের মানুষ বলে উল্লেখ করাটা ঠিক হয়নি বলে মন্তব্য করেন দর্শক-শ্রোতাদের একজন। পরবর্তী সংস্করণে এই ত্রুটিটি সংশোধিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইন আ ল্যান্ড ফার ফ্রম হোম বইটি প্রকাশ করেছে ভারতের স্পিকিং টাইগার প্রকাশনী আর বাংলাদেশে বইটি পাওয়া যাচ্ছে 'পাঠক সমাবেশ'-এর স্টলে। অনুষ্ঠান শেষে আরকেটি সুখবর জানিয়ে দিলেন লেখক নাজেস আফরোজ, সম্প্রতি সৈয়দ মুজতবা আলীর আরেক জনপ্রিয় উপন্যাস চাচাকাহিনীর ইরেজী সংস্করণের কাজ শুরু করার উদ্যোগ নেয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।