২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকা: দেশ নেই কাল নেই

রাজু আলাউদ্দিন

Published : 19 Jan 2008, 12:13 PM

Updated : 23 Jun 2022, 04:10 PM


সেলিম আল দীন, ছবি: ইফতেখার ওয়াহিদ ইফতি

গভীর রাত। রাত গাঢ় হয় কিন্তু ঘুমে ঘোর লাগে না। ভোরে ঘুম ভাঙতেই ছুটতে হবে ঢাকায়। রাজনীতি করি না, কিন্তু রাজপথ ডাকে। প্রায় সকল স্তরের শিল্প ও সংস্কৃতিকর্মীরা তখন রাজপথে। স্বৈরশাসনের বিরুদ্ধে অস্থির বাংলাদেশ।

অস্থির সেলিম আল দীন দ্রুতগতিতে পায়চারি করেন তাঁর বেডরুম থেকে ডাইনিং স্পেসের পাশের প্যাসেজ ধরে বাইরে বেরুবার দরজা পর্যন্ত। কয়েকগজ জায়গায় এপাশ ওপাশ করেন।

ঠিক তার পাশেই খোলা ড্রয়িংরুমে কাঠের নিচু খাটে আধো ঘুমে বা ঘুমের ভান করে পড়ে আছি আমি।

এমন করে হাঁটাটা সেলিম আল দীনের অভ্যাস। দীর্ঘদিন ধরেই দেখছি। কতক্ষণ হেঁটে কতক্ষণ লিখবেন। আবার শোবেন। আবার উঠবেন, হাঁটবেন, লিখবেন কয়েক পৃষ্ঠা। আবার শোবেন।

দাঁড়ালেন তিনি আমার শিয়রে। আমি নিশ্চিত টের পেলাম। একবার ডাকলেন আমার নাম ধরে। একবারই। চলে গেলেন বেডরুমে। আমি উঠে পড়লাম দ্রুত। বেডরুম থেকে বেরিয়ে এলেন শার্ট পরতে পরতে। বললেন আয়। দরজা খুলে প্রায় নিঃশব্দে বাইরে বেরিয়ে এলেন তিনি। পেছন পেছন আমিও। তালা-চাবি ধরিয়ে দিলেন হাতে। বাইরে থেকে তালা লাগিয়ে দিলাম। ভেতরে ঘুমুচ্ছেন ভাবী বেগমজাদী মেহেরুন্নেসা পারুল।

সতর্ক পায়ে সিঁড়ি বেয়ে উঠে গেলাম দোতলা থেকে চার তলার ছাদে।

ছাদের প্রান্তে দাঁড়ালে চল্লিশ গজের মধ্যেই ঢাকা আরিচা মহাসড়ক। সম্ভবত হেমন্তের শেষ–ঠিক মনে নেই। তবে মনে আছে স্বচ্ছ নীল তারাভরা আকাশ। ঝিরঝিরে ঠাণ্ডা বাতাস। চাঁদহীন রাত। তবুও তারার আলোয় অন্ধকার জমে কালো হয়ে উঠতে পারে নি। মহাসড়কে গাড়ির সংখ্যা খুব কম। ছাদের এ প্রান্ত থেকে হাঁটতে হাঁটতে সেলিম আল দীন ওপ্রান্তে যান। দাঁড়ান। আবার হাঁটেন ঘুরে। আকাশ দেখেন। আকাশে বিভিন্ন গ্রহ-নক্ষত্রের অবস্থান বলেন নির্দিষ্ট নাম ধরে ধরে। মিথ বলেন। আদমসুরত দেখান। সপ্তর্ষি মণ্ডল দেখান। শুকতারা দেখা যায় কোথায় কখন দেখান। আর কতক্ষণ পর পর চোখ রাখেন মহাসড়কে।

বাঁকের আড়াল থেকে কোনো একটি গাড়ির হেডলাইটের চলন্ত আলো দেখলেই বলে ওঠেন–ওই তো মুভ করছে।

কী?

আর কিছু বলেন না তিনি।

নিশ্চুপ রোমাঞ্চকর কিছু সময়। কোনো একটি নিশাচর পাখি ডেকে ওঠে কোথায়। তার নাম বলেন সেলিম আল দীন। তার আকার, আকৃতি, প্রকৃতি, চরিত্র, প্রজনন। তারপর আবার তারাভরা আকাশ। ঢাকা থিয়েটার। গ্রাম থিয়েটার। আবারো কয়েকটি গাড়ি আসতে দেখা যায়। সারিবদ্ধ। সতর্ক হয়ে ওঠেন সেলিম আল দীন।

এগুলো জীপ না? দেখ তো।

নিষ্পলক পর্যবেক্ষণে বোঝার চেষ্টা করি। সত্যিই জীপ? না। একটি দু'টি বাস, একটি প্রাইভেট কার। কটি ট্রাক।

আবার খালি মহাসড়ক।

স্বৈরশাসনের বিরোধী তীব্র আন্দোলনে সহসা সফলতা না আসায় সেলিম আল দীন আক্ষেপ করেন।

তৎকালীন আন্দোলনরত রাজনৈতিক নেতৃত্বের প্রতি তার প্রবল আস্থা ছিল তেমন বলা যাবে না, তবে তিনি আন্দোলনের সফলতা চাইতেন। দেশে গণতন্ত্র আসুক সেটা চাইতেন। রাজপথের আন্দোলন নিষ্ঠুর দমন-নিপীড়নের মাধ্যমে ব্যর্থ করার অপচেষ্টায় স্বৈরাচারী সরকার তখন ভয়াবহ হয়ে উঠেছে। সেলিম আল দীন হয়তো আশা করছিলেন ক্যান্টনম্যান্ট থেকে সেনাবাহিনী মুভ করবে। ওই তো একটু দূরেই সাভার ক্যান্টনম্যান্ট। এখান থেকে সারিবদ্ধ সামরিক গাড়ি মুভ করে গিয়ে দাঁড়াবে জনগণের পাশে। আবার একথাও বলতেন এবং ভালো করে জানতেন তা হবার নয়।

আমি তখন গ্রাম থিয়েটারের চিঠিপত্র লেখালেখি ও অন্যান্য সাংগাঠনিক কাজে সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আল দীনকে সহযোগিতা করার জন্য সপ্তাহে নিয়মিত একদিন করে ঢাকা থেকে জাহাঙ্গীরনগরে যাতায়াত করছি।

……….

হাত হদাইনাটকের দৃশ্য
…………
পরবর্তীতে ক্রমে সপ্তাহে একদিনের দৈর্ঘ্য বেড়ে যেতে থাকে হাত হদাই-এর পাণ্ডুলিপি অনুলিখনের সময় তা প্রায় পুরো সপ্তাহে উপনীত হয়। তবুও আন্দোলন শুরু হলে আমি ক্রমে রাজপথে সক্রিয় হয়ে উঠি। তিনি প্রচণ্ড কাজের চাপ সত্ত্বেও আমার সক্রিয়তাকে উৎসাহিত করেন। রাজপথে রক্ত ঝরল অনেক। আন্দোলনকারীদের অনেককে হত্যা করা হলো। লাশ গুম করা হলো বেশ কটি। কিন্তু শেষাবধি আন্দোলন সে বছর ব্যর্থ হলো আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্বসংঘাতে আর ভুল সিদ্ধান্তে। অন্য সবার মতন সেলিম আল দীনও বিচলিত হলেন। তবে তার খুব সামান্য আভাসই আমরা টের পেলাম। তিনি পুরোপুরি ব্যস্ত হয়ে পড়লেন হাত হদাই-এর পাণ্ডুলিপি তৈরির কাজে।

একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'নাটক ও নাট্যতত্ত্ব' বিভাগ প্রতিষ্ঠার চিন্তা ও কাজের ব্যস্ততা চেপে ধরল তাকে।

এর মধ্যে বাংলাদেশ টেলিভিশন পরিচালক নাসির উদ্দীন ইউসুফকে নাটক বানাবার প্রস্তাব পাঠায়। যথারীতি সেলিম আল দীনের কাছে স্ক্রীপ্ট চাইলেন তিনি। সেলিম আল দীন ঢাকায় এসে নাসির উদ্দীন ইউসুফের বাসায় বসে সম্ভবত প্রথমবারের মতো চাকার গল্পটি প্রকাশ করলেন।

ধান কাটার কাজে গরুর গাড়ি নিয়ে বের হওয়া একদল পইরাতের কাছে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে অস্পষ্ট ঠিকানাসহ একটি লাশ ধরিয়ে দেয় এক সরকারি হাসপাতাল। সেই অস্পষ্ট ঠিকানার সন্ধানে দিকে দিকে ঘুরে বেড়ায় পইরাত দল। কিন্তু কোথাও কেউই লাশটিকে আপন বলে গ্রহণ করে না। পরে পইরাত দল নিজেদের উদ্যোগে সেই পচন্ত মরদেহ সমাধিস্থ করে। প্রথমবার গল্প বলার পর সেলিম আল দীন লাশটিকে পূর্ববর্তী বছরের আন্দোলনে গুম করা লাশের সঙ্গেই তুলনা করেছিলেন।

পরবর্তীতে গ্রন্থিক কর্তৃক চাকা গ্রন্থাকারে প্রকাশিত হলে তার 'কথাপুচ্ছে' এ প্রসঙ্গে লেখেন, ''১৯৮৬-৮৭ সালের গণ-অভ্যুত্থান আকস্মিকভাবে স্তব্ধ হলে অন্য সবার সঙ্গে আমিও সমান বিচলিত হই। রাজনৈতিক দলের বাদানুবাদের আবর্তে শহীদদের শব নামপরিচয়হীন দিগন্তের দিকে ভেসে যায়–এরকম বেদনা এই চাকা নাটকের মূলে আছে।"

প্রথম শ্রবণে নাসির উদ্দীন ইউসুফ গল্পটির প্রতি উৎসাহ বোধ না করায় অথবা টেলিভিশন নাটক করার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলায় এ নিয়ে কথাবার্তা বন্ধ হয়ে যায়।

……

চাকা নাটকের দৃশ্য
……
গ্রাম থিয়েটারের সাংগঠনিক কাজে সেলিম আল দীন নানা স্থানে ভ্রমণ করতেন। বলতে গেলে সারাদেশই তিনি ভ্রমণ করেছিলেন। গিয়েছিলেন পাবনা, বগুড়া, রাজশাহী, কুষ্টিয়াতেও। চাকা নাটকের ভূগোলকে তিনি বেছে নেন উত্তরবঙ্গ থেকে। কাকেশ্বরী গাঙ, এলংজানি গঞ্জ। এলংজানি হাসপাতাল থেকেই লাশ উঠানো হয়। এলংজানির গ্রাম ছাড়িয়ে গাড়ি রওনা করে নয়ানপুর বা নবীনপুরের উদ্দেশ্যে। এলাকা নির্দিষ্ট করতে আমরা একটা চরিত্রও পেয়ে যাই–সাঁওতাল ধরমরাজ। পথে পথে শুধু যে পথ, গ্রাম, মানুষ–তাই নয়। আছে কুকুর, মৌমাছির ঝাঁক। প্রকৃতি। ঋতু। আছে মিথ–মানবসৃষ্টি তত্ত্ব। সেলিম আল দীনের এক একটি লেখায় যেন জীবনের সকল অভিজ্ঞান, অভিজ্ঞতা এসে ভিড় করে দাঁড়ায়। কিন্তু কখনো কোথাও কোনোভাবেই তারা অপ্রাসঙ্গিক হয়ে ওঠে না।

১৯৮৮ সালে ভয়াবহ বন্যা আঘাত হানে দেশে।

১৯৮৯ সালের গ্রীষ্মকালে মানিকগঞ্জ জেলার হরগজ-এ এক প্রলঙ্কারী টর্নেডো আঘাত হানে, এতে করে হরগজ-এর কৃষিজীবী জনপদের প্রায় সামগ্রিক বিনষ্টি ঘটে। সেলিম আল দীন যান হরগজ-এর অবস্থা দেখতে। এখানেই সেলিম আল দীনের মনে প্রোথিত হয় হরগজ-এর বিষয়বস্তু–সৃষ্টি হয় হরগজ-এর গল্প। এটি লেখেন তিনি চাকা লেখার পরে।

১৯৮৯-৯০ সালে সেলিম আল দীন ব্যস্ত হয়ে পড়েন তার গবেষণাপত্র তৈরির কাজে। একই সঙ্গে ছিল 'নাটক ও নাট্যতত্ত্ব' বিভাগকে পূর্ণাঙ্গ রূপ দেয়ার কাজ। দুদিক থেকেই অভিজ্ঞতা সঞ্চয় করেন তিনি। একদিকে গবেষণাপত্র 'মধ্যযুগের বাংলা নাটকে'র জন্য পাঠ বা পুনঃপাঠ করা অসংখ্য বইপত্র থেকে অন্যদিকে বিভাগের ছাত্রদের ক্লাস নেয়ার সময় নাটকের বিভিন্ন ফর্মের পরীক্ষা-নিরীক্ষা থেকে। এ সময়ে আমি তাঁকে সংস্কৃত কথাসরিৎসাগর বিশেষভাবে পাঠ করতে দেখেছি। অব্যবহিত পরবর্তীকালে রচিত চাকা নাটকের দৃশ্য বা অধ্যায় বিভাজন করা হয়েছে ধ্রুপদী কথাসরিৎসাগরকে ভিত্তি করে।

এরই কাছাকাছি সময়ে মঞ্চাভিনেত্রী শাঁওলী মিত্রের কাজের সঙ্গে সেলিম আল দীনের ঘনিষ্ঠ যোগাযোগ হয়। তার কথামৃত-এর অভিনয়ের বিষয়টিও তাঁর চিন্তার মধ্যে এসে যোগ হয়।

এভাবে ১৯৮৭ সালের গণআন্দোলনে গুম হওয়া লাশের প্রেক্ষাপটে সেলিম আল দীনের মনে যে গল্পের বীজ বপিত হয়েছিল ১৯৯০ সালের বসন্তকালে মাত্র পাঁচ দিনে তিনি 'কথানাট্য' শীর্ষক নাট্যআঙ্গিকে চাকা নাটকটি রচনা করেন। এতে করে সৃষ্টি হলো নাট্যকলার একটি নতুন ধারা বা আঙ্গিক–কথানাট্য। যা নাটক, কবিতা, নাচ, গীত, উপন্যাস, উপকথা ও কথকতার সমাহার। এ ধারার প্রথম নাটক চাকা।

আজ যদি কোনো পাঠক চাকা পড়তে বসেন বা কোনো দর্শক চাকার অভিনয় দেখতে বসেন তবে ১৯৮৬-৮৭ সালের গণ আন্দোলনের কোনো ঘটনাই তার মনে রেখাপাত করবে না–এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। কিন্তু এই যে নামপরিচয়হীন লাশ তার হন্তারকের প্রতি, তাকে যারা ভুল ঠিকানায় দিকে দিকে প্রেরণ করেছে তাদের প্রতি পাঠক-দর্শকের হৃদয়ে ধিক্কার জন্মাবে। সহানুভূতি আর সহমর্মিতায় সিক্ত হবে মৃতের প্রতি জীবিতের হৃদয়।

এই অনুভূতির বোধকরি দেশ নেই কাল নেই।

ঢাকা, ১৮/১/২০০৮