বেঁড়াজাল
ফরিদা ইয়াসমিন সুমির কবিতা
কেন জানি লিখতে মন চাইলো
ঠিকঠাক জানি না
এই যে উদয়াস্ত জপমালা জপি
তুমি তার পুঁতি বাড়িয়ে দাও,
তোমাকেই জপি
এক কোটি একশ', এক কোটি দুইশ'
এক কোটি তিনশ'...
এভাবেই যেতে যেতে অন্দরে প্রবেশ
এই যে উত্তুঙ্গ সাগর তার সাক্ষী,
তানসেনের তানে তানে নাচি
ঘিরে ঘিরে নাচি,
তা তা থৈ, তা তা থৈ, তা তা থৈ
কোমরের বাঁধন খুলে যায়,
ওই যে পাহাড়ি মৌনতা তার সাক্ষী
এভাবেই যেতে যেতে ভূমিতে ফলার কর্ষণ জানে
আমার পাপড়ির নিগূঢ় কম্পন।
কেন জানি লিখতে মন চাইলো
ঠিকঠাক জানি না
এই যে নিবিড় ঝুঁকে থাকা বিস্তীর্ণ দিগন্তের মতো
দীর্ঘশ্বাসের চুমুর মতো
প্রবেশের আদুরে আতিশয্যে দেয়ালে খেয়ালী কুঞ্চনের মতো!
এই যে রাতের তারকার গায়ে বেড়াজাল আঁকি
তুমি তার দ্যুতি কমিয়ে দাও
আমিও টপকাই বেড়াজাল নিরানব্বই, আটানব্বই, ঊননব্বই...
