বর্ষা ও মেঘের কবিতা
ইচ্ছে করে তোমার দিকে মেঘের মত ঝুকি।
বর্ষা ২০২৩
চুলখোলা এক বিকেল
ইচ্ছে করে তোমার দিকে
মেঘের মত ঝুকি।
বিকেল গেল সন্ধ্যা হল
একটু পরে চাঁদ উঠবে
হিংসারা দেয় উঁকি।
একটি সন্ধ্যা ভিজবে বলে
পরেছে লাল টিপ
মন-খারাপ আজ সুখী।
কবির কলম খালি করে
মেঘ পরেছে শাড়ি
খুলবে নাকি, দেখি?
মেঘের চঞ্চলতা
তুই কি আমার চিত্রা নদী
স্বচ্ছ সবুজ জল
তুই কি আমার মন যমুনায়
জোয়ার টলমল?
তুই কি আমার আষাঢ় শ্রাবণ
মেঘের চঞ্চলতা
তুই কি আমার বৃষ্টির ছোঁয়া
দারুণ ব্যাকুলতা
তুই কি জোছনা নূপুর
একলা দুপুর বেলা?
তুই কি আমার রাতের বালিশ
আদর অবহেলা?
