২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকেল হায়দারের একগুচ্ছ কবিতা

আকেল হায়দারের একগুচ্ছ কবিতা

চিত্রকর্ম

আকেল হায়দার আকেল হায়দার

Published : 11 Aug 2022, 07:35 PM

Updated : 11 Aug 2022, 07:34 PM

মোনার্ক ফরেস্টের প্রজাপতি

বৃষ্টি এলে ইচ্ছের বনাঞ্চলে রাশি রাশি মেঘ জমে। সুনির্দিষ্ট কারণ ছাড়াই থৈ থৈ করে বুকের চরাঞ্চল। ভেবেছি এ আষাঢ়ে অলকাপুঞ্জ মেঘে একটা নৌকা বানাবো। নৌকা গড়া হয়ে গেলে শ্রাবণ ঔরসিত সব জল একসাথ করে সুরম্য এক নদী বানাবো। আন্দামান সাগর থেকে হাওয়ার স্বরলিপি এনে উদাসী প্রহরে প্রাঞ্জল সুর বাঁধবো। মোনার্ক ফরেস্টের সব প্রজাপতি একসাথ করে বর্ণিল এক শতরঞ্চি বানাবো। সদ্য ফোঁটা কিশোরী বকুলের দেহ সৌরভ দিয়ে মাতাল এক শয্যা সাজাবো।

বর্ষা সাম্রাজ্যে মহামান্য অতিথি তুমি। গহিন অরণ্যের সবুজ তোরণ অতিক্রম করে চুপিসারে অবতীর্ণ হও হৃদয়পুরে। বৃষ্টি সানাই হয়ে এসে মন ভেজাও হিন্দোলে। তুমি এলে চুম্বন ফুলের সাঁকোয় জলময় অভিবাদন দেবো। কারুময় শালকাঠের কামরায় হৃদয়জ আতিথেয়তা দেবো। কাছে এসে সান্নিধ্যে জড়ালে; উদগ্রীব ঠোঁটে জমে থাকা সমস্ত উচাটন দেবো। বাহুমূলে বেঁধে আঙ্গুলের খাঁচায় ঈষদুষ্ণ কাম জাগাবো। দীর্ঘদিন ধরে রোদজল জমে থাকা শরীরের সব গোপন গ্রন্থি এক এক করে খুলে দেবো। তারপর মহুয়া নেশায় মন ভাসিয়ে রুদ্ধদ্বার ভালবাসা দেবো!

রেমাক্রি

রেমাক্রি কখনো যাইনি আমি

ভেজাইনি শরীর নাফাখুমের স্বচ্ছ জলে

সাঙ্গু নদীতে তিরতির বয়ে যাওয়া স্রোতে-

কোষা নৌকায় ভাসিনি কখনো!

নাকের ডগার মতো শতবর্ষী পাহাড় ছুঁয়ে

পদ্মঝিরির আঁকাবাঁকা পথে-কখনো হাঁটিনি আমি!

ভেলাখুমে জলপাথরের সংসার

বৃক্ষ লতার বর্ণিল ফুলের সভা

ডাকেনি আমায় উষ্ণ আমন্ত্রণে।

চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে-

জলের বুকে গড়া কাঠের মাচাং ঘরে কাটাই নি উভরাত

এঁটেল মাটির ধুলোয় খুঁজে ফিরিনি সুদিনের আশীর্বাদ।

আমি বাংলাদেশ মায়ানমার সীমান্তের আমিয়াখুম জলপ্রপাত দেখিনি

পাহাড়ের গ্রীবা ছুঁয়ে জল, স্তন হয়ে কীভাবে নিন্মনাভিতে যেয়ে থামে-

তারপর প্রপাত হয়ে সমতলে গড়ায়; আগে কখনোই দেখিনি আমি!

দেখিনি দেবতা পাহাড়ে কোমল রোদে জন্ম নেয়া-সোনালী সূর্যোদয়!

আমি গিয়েছিয়াম তুমি নামক অনিন্দ্য সুন্দর অরণ্যের কাছে

যেখানে দেখেছি পৃথিবীর সবচেয়ে সুন্দর কোমল দু’টি পাহাড়

উঁচু নিচু মালভূমি, আঁকাবাঁকা পথের সারি, বুনো ফুলের গন্ধ

ঝর্ণা আর জলপ্রপাতে ঘেরা সুবর্ণরাজ্যে জোছনার জলাধার।

দেখেছি নিটোল স্নিগ্ধ তরু

ডালে ডালে মৌ মৌ ঘ্রাণ

রেমাক্রি কখনো যাইনি আমি

আমি গিয়েছিলাম ‘তুমি’ নামক বান্দরবান।

গোলাপ বাগান ও অন্যান্য

কিছু বোঝার আগেই দমকা হাওয়ার মতো

উড়িয়ে নিয়ে গেলে উত্তরের কামরায়

তারপর মধ্যাকর্ষণের মতো ছড়িয়ে দিলে বিদ্যুৎ

দেহের ট্রান্সফর্মারে।

বুভুক্ষের মতো দু'ঠোঁট ভরে খেলে ডজন ডজন চুমু

দুই গালে, ঠোঁটে, ঘাড়ে ও কপালে

তারপর হাত দুটো বুকের কাছে নিয়ে বল্লে-

এই নাও তোমার গোলাপ বাগান

এখানে বারোমাসী ফুল ফোটে।

তুমি চাইলে এগুলোকে ডালিম, আনার, ড্রাগন ফ্রুট যা খুশি ডাকতে পার-

এগুলোর মালিকানা পুরোপুরি তোমার।

তারপর নাভিমূলে হাত এনে বল্লে এই যে দেখছো-

এটা তোমার বীজতলা, এখানটায় শস্য বুনবে তুমি যখন যেভাবে খুশি

তারপর রোদ দেবে, জল দেবে, সার দেবে, এভাবেই উর্বর হবে শস্যভূমি।

হাত দুটো আরো খানিকটা নীচে এনে বল্লে-

এই যে এখানে একটা নদী আছে এটা তোমার জন্যে, এটা একান্ত তোমার

এখানে তুমি ইচ্ছেমতো পা ভেজাবে, স্নান করবে, সাঁতার কাটবে, ডুব দেবে...

আর...তখনো তোমার সবকিছু বলা শেষ হয়নি!

আগপিছু না ভেবে গোলাপ বাগান আর বীজতলা ভুলে

চুমোয় চুমোয় মাখামাখি করে, বাহু বন্ধনীতে তোমায় জড়িয়ে

আমি ডুব দিলাম সে সুগভীর নদীতে;

নদী থেকে কখন যে তীরে উঠেছি তার কিছু মনে নেই আর।

ইচ্ছে পাখি

এক বর্ষায় আমার খুব ইচ্ছে হবে বিছনাকান্দি কিংবা রাতারগুল যেতে। ঝুম বৃষ্টিতে তোমার হাত ধরে নৌকায় ঘুরে বেড়াতে। পিয়াইন কিংবা ডাউকির জলে পা ভেজাতে। অন্য কোন বর্ষায় ইচ্ছে হবে যৌথযাত্রায় বান্দরবান যেতে। কটেজের বারান্দায় বসে সারারাত জোছনা দেখতে আর প্রিয় সব গান শুনতে। আলতো ভেজা পাহাড়ের গন্ধ মেখে যত সব পাগলামি করতে। আরেক দুপুরে ইচ্ছে হবে রাঙামাটি যেতে। জলের ভেতর তোমার চোখ দিয়ে রাজবাড়ি দেখতে। শুভলংয়ের সবুজারণ্যে বিকেল কাটাতে। হ্রদের নীল নীল জল ছুঁয়ে আপ্লুত হতে। প্ল্যান থাকবে শ্রাবণের বৃষ্টিস্নাত কোন দিনে সাজেক যেতে। আঁকাবাঁকা পথ ধরে মেঘেদের সাথে জমিয়ে আড্ডা দিতে। শরত বেলায় দিয়াবাড়ির প্রান্তরে তোমার আঙুল ছুয়ে ঘুরে বেড়াতে। কাশফুলের শুভ্রতা শরীরে মাখতে। হেমন্তের জোছনা রাতে গ্রামের মেঠোপথ ধরে সারা রাত হাঁটতে। জোনাকির মিছিল, নক্ষত্রের সভা, কাঁচপোকাদের উল্লাসে তোমাকে মুঠোয় পুরে রাখতে। শীতের সকালে পাবনা বা সিরাজগঞ্জের সরিষাক্ষেতে তোমাকে হারিয়ে ফেলতে, তারপর পাগলের মতো খুঁজতে। পৌষের মিষ্টি ভোরে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে দুজন দাঁড়িয়ে সূর্যোদয় দেখতে। সেখানে আমাদের গোধূলি স্নান পূর্ব নির্ধারিত থাকবে। সন্ধ্যা হয়ে গেলে নীল সমুদ্রে রুপালী জোছনারা মুখোমুখি হবে। তোমার গালে চুমু এঁকে বঙ্গোপসাগরের লোনা জলে পা ভেজাতে খুব ইচ্ছে হবে। ইচ্ছে হবে হিমছড়ির ধারে ঝর্ণার জলে শরীর ভিজিয়ে ইনানীর বালুকাবেলায় বহুদূর হেঁটে যেতে। আমার ভীষণ ইচ্ছে করবে। ফাগুন দুপুর সামনে রেখে তোমার বুকের কাছে নুয়ে থাকতে মন চাইবে। পৌষী সন্ধ্যায় ফুলের হাটে তোমার হাত ধরে হাঁটার আকাঙ্ক্ষা জন্মাবে। নাট্যশালায় নাটক শেষে তোমাতে বাহু জড়িয়ে ঘরে ফিরতে ইচ্ছে করবে। একদিন তোমাকে আমার ঠিক এভাবেই পেতে ইচ্ছে করবে।