ভালো লাগার রেখা এঁকে গেছেন তাঁরা
তাদের উভয়ের এরকম চমৎকার আন্তরিকতা ও সরল সুন্দর অভ্যর্থনা আমার মনে সারাজীবনের জন্যে ভালো লাগার দাগ এঁকে গেছে।
শুরুটা করতে চাই বছর খানিক আগে পরলোকগত ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যাংকার আনোয়ারুল আমিন সম্পর্কে কয়েকটি কথা বলে। ব্যাংকিং জগতে প্রায় চারদশক নিষ্ঠার সঙ্গে দেশে এবং বিদেশে কাজ করে কোনো রকম বিতর্কের ধারে কাছে না গিয়ে চূড়ান্ত রকম দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের নজির স্থাপন করে সুন্দর স্বস্তির জীবনযাপন করে ৮৮ বছর বয়সে ২০২২ সালের নভেম্বরের ২৯ তারিখে সকলকে ছেড়ে তিনি চলে গেলেন।
অনেকেই জেনে থাকবেন বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে লন্ডনে তদানীন্তন পাকিস্তানের ইস্টার্ন ব্যাংকিং করপোরেশনের শাখার দায়িত্বে থাকাকালীন তিনি ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে বিলেতের শাখাটিকে বাংলাদেশের মালিকানার ব্যাংক হিসেবে দাবি করেছিলেন এবং ওই শাখায় রক্ষিত বৈদেশিক মুদ্রাও রক্ষা করতে পেরেছিলেন। দেশের ব্যাংকিং খাত আর বৈদেশিক মুদ্রার রিজার্ভের ইতিহাসে এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
এরপর রাতারাতি ব্যাংকটির নাম পরিবর্তন করে উত্তরা ব্যাংক রাখা হয় এবং ১৯৭২ সালের ৩০শে মার্চ এটিকে বাংলাদেশের প্রথম বিদেশি শাখা ব্যাংক হিসেবে চালু করা হয়। অই সময় বিলেতের ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকায় তাঁকে নিয়ে প্রতিবেদনও ছাপা হয়।
এরপর তিনি জাপান এবং চীনে দেশের প্রতিনিধিত্ব করে ব্যাংকিং খাতে কাজ করেছেন। 'বিদেশে প্রথম বাংলাদেশী ব্যাংকের শাখা খোলার নেপথ্য কাহিনী' নাম একটি বইও লিখে গেছেন স্বাধীন দেশের ব্যাংকব্যবস্থার গোড়ার দিকের বাস্তবতা নিয়ে।
সরল সহজ সুন্দর নিরহংকারী নিরেট ভদ্র শান্ত শুভ্র এই মানুষটির সঙ্গে রয়েছে আমার মনে রেখাপাত করে রাখা সামান্য স্মৃতি। সময়টি আজ থেকে প্রায় দুই যুগ আগের। আমি ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। একই সঙ্গে ঢাকার একটি ইংরেজি কাগজে কাজ করি। এই উভয়বিধ কারণে ইংরেজি বিভাগে আমার প্রিয় শিক্ষিকা রাজিয়া খান আমিনের (১৯৩৬ - ২০১১) সঙ্গে যোগাযোগের সৌভাগ্য হয়েছিল। ২৮শে ডিসেম্বর প্রতিভাবান এই লেখিকার মৃত্যুবার্ষিকী।
কোনো এক অদৃশ্য কারণে আমি এই শিক্ষিকার কাছে অগ্রাধিকার পেয়েছিলাম। যে কারণে গুলশানের ২৮ নম্বর সড়কের ২৮ নম্বর বাড়িতে কয়েকবার যাবার সুযোগ হয়েছিল। বাড়িটি এমন ভাবে বানানো হয়েছিল ঠিক বনানী পরিবেশে পাখপাখালির কলকাকলির প্রাকৃতিক আয়োজনকে স্বতঃস্ফূর্ত অবধারিত ভিন্ন এক সুন্দর রূপ দিয়ে। এতে বোঝা যায় এরকম পরিবেশ নিশ্চিত করে গড়ে তোলবার পেছনের মানুষগুলোর রুচি ও নিষ্ঠার তাৎপর্যপূর্ণ মনের জমিন কেমনতর হতে পারে। এই বাসায় ঢুকলে মনে হত আমি যেন কোনো গল্প সিনেমার নিবিড় বনানী ঘেরা গৃহে প্রবেশ করছি। এখান থেকে বের হয়ে দু কদম হাঁটলেই আমাদের চিরচেনা জানা জীবন ও যাপনের শব্দ ও কোলাহলের ঢাকা শহর। এই বাড়িতে পরিবারসহ থাকতেন রাজিয়া খান আমিন।
এই বাড়িতে যাবার আগে আমি জানতাম না কে উনার স্বামী। প্রথম যেদিন উনার বাড়িতে গেলাম সেদিন উনি কিছুটা অসুস্থ ছিলেন। দোতলায় ছিলো উনার শোবার ঘর। উনি খবর পাঠালেন উপরে যেতে। উনি এতটাই অসুস্থ ছিলেন যে উনি উঠে বসে কথা বলার মত শক্তি পাচ্ছিলেন না। তিনি উনার মাথার কাছে একটি চেয়ার টেনে আমাকে বসতে বললেন। উনার স্বামীকে বলে রাখলেন তুমি যখন বের হবে আনিসকে সঙ্গে করে নিয়ে যাবে এবং ওকে তোমার গাড়ি দিয়ে পৌঁছে দিবে। উনি দীর্ঘক্ষণ নানা বিষয় নিয়ে কথা বললেন, মনে হলো কথা বলতে বলতে উনি অনেকটা ভালো বোধ করতে শুরু করেছেন। বাসার কাজে সহায়তাকারী মানুষগুলোর মাধ্যমে সবকিছু আনালেও অসুস্থ অবস্থাতেও নিজ হাতে তুলে আমাকে এগিয়ে দিয়ে দিয়ে বলতেন খাও ঠিক মত। এরকম ছিলো উনার স্নেহের মাত্রা।
তারপর ওই বাসা থেকে বের হলাম উনার স্বামীর সঙ্গে। উনি প্রথমে আমাকে আমার গন্তব্যে নামিয়ে দিয়ে তারপর উনার গন্তব্যে রওনা হলেন। গাড়ির মধ্যে উনার সঙ্গে টুকটাক কথা হলো, উনি আমার খোঁজখবর কিছুটা জানলেন, পড়াশোনা কেমন চলছে, লেখাজোখা নিয়ে উৎসাহব্যাঞ্জক সামান্য কথাবার্তা বললেন। ততক্ষণও আমি উনার নামটাও জানি না। শেষে সঙ্কোচ ঝেড়ে জিজ্ঞেস করলাম আমি কি আপনার নামটা জানতে পারি। তারপর উনি বললেন, 'আমি আনোয়ারুল আমিন, আমি একজন ব্যাংকার।'
এরপর পরিস্কার ধারণা হয়ে গেলো একে একে। আনোয়ারুল আমিন ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিনের ছেলে আর রাজিয়া খান ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার তমিজ উদ্দিন খানের মেয়ে। এরকম উঁচুতলার মানুষের স্নেহের এতটা কাছে যাওয়ার আগ্রহ বা লোভ কোনোটাই কখনোই কাজ করেনি আমার ভেতরে, বরং কাজ করেছে ভয়। ভয়টা নিগৃহীত হবার, উপেক্ষিত হবার, বিব্রত হবার। কেননা আমার বাবা ছিলেন গ্রামের নিতান্ত কৃষক, আমাদের স্ট্যাটাস বলতে গরুর গাড়ি আর সাইকেল। রাজিয়া খানের গুলশানের বাসা থেকে বের হয়ে তাঁর স্বামী আনোয়ারুল আমিনের গাড়িতে ফিরতি পথে এরকম ভাবনা আমার মাথায় কাজ করছিলো। কিন্তু রাজিয়া খান আমিন আর আনোয়ারুল আমিনের এরকম অকৃত্রিম আন্তরিক সাদাসিধে দৃষ্টিভঙ্গিসুলভ আচরণে আমার আশঙ্কা অই মুহূর্তের জন্যে কেঁটে গিয়েছিলো।
এরপর একাধিকবার রাজিয়া খান আমিনের সঙ্গে দেখা করতে তাঁর বাসায় গিয়েছি। কখনো কাজে বিশেষ করে লেখা আনতে বা কোনো সাক্ষাৎকার নিতে। আনোয়ারুল আমিনের সঙ্গে আর কখনো দেখা হয়নি। কিন্তু তাদের উভয়ের এরকম চমৎকার আন্তরিকতা ও সরল সুন্দর অভ্যর্থনা আমার মনে সারাজীবনের জন্যে ভালো লাগার দাগ এঁকে গেছে।
রাজিয়া খানের লেখাজোখা সম্পর্কে কিছুটা ধারণা আমি লাভ করতে পেরেছিলাম। রাজিয়া খানের ক্লাস খুব বেশি পাইনি। তবে সামান্য যে কয়টি ক্লাস পেয়েছি হাজির থেকেছি। অন্য বেশিরভাগ ক্লাসে গরহাজির থাকতে পারলে আমার ভালো লাগতো। তবে আহসানুল হক, খোন্দকার আশরাফ হোসেন, কাশীনাথ রায়ের মতো কিছু শিক্ষকের ক্লাস কেন যেন টানত যেমন টানত রাজিয়া খানের ক্লাস।
তাঁর পড়ানোর মধ্যে একটা স্বতঃস্ফূর্ত স্বতন্ত্র সাবলীল ভঙ্গি থাকত। থাকতো মনে দাগ কেটে যাবার মত কথাবার্তা। ইংরেজি বিভাগের রেওয়াজ ছিলো শিক্ষকরা ক্লাসের পুরোটাই প্রায় ইংরেজিতে কথা বলবেন। কিন্তু রাজিয়া খান আমিন ছিলেন চলনে বলনে পঠনে পাঠনে জীবনে ও দর্শনে কল্পনায় ও সৃজনে ভিন্ন এক স্বাধীন ব্যক্তিত্ব। উনি ক্লাসে ঢুকে মূল আলোচ্য বিষয়ে প্রবেশ করার আগে বেশ কিছুক্ষণ কোনো একটা অনির্ধারিত বিষয় নিয়ে কথা বলতেন বাংলা ভাষায়। এরকম দুই একটি ঘটনার কথা এখানে বলে নিতে চাই।
একদিন ক্লাসে ঢুকে টেবিলের উপর তার বই খাতাপত্তর আর ব্যাগটা রেখে শুরু করলেন, শুনো তোমরা এখানে এসেছো সারাদেশ থেকে। কিছু ব্যতিক্রম ছাড়া তোমরা প্রায় সকলেই অবস্থাপন্ন ঘরের সন্তান এবং তোমরা অগ্রাধিকারপ্রাপ্ত উচ্চশিক্ষা লাভের সুযোগ ভোগী। তোমাদের মনে করিয়ে দিতে চাই এই বিশ্ববিদ্যালয় চলে সারা দেশের কোটি কোটি দরিদ্র খেটে খাওয়া মানুষের শ্রমের টাকায়। তারা কেউ কৃষক, কেউ শ্রমিক। তাদের সন্তানেরা খুব একটা হয়তো এখানে আসার সুযোগই পায় না। তোমরা তাদের অবদানের কথা মনে রেখো, বিশেষ করে পড়াশোনা শেষে যখন নানা ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করবে।
এরকম আরেকদিন ক্লাসের শুরুতেই বলছেন, এই যে তোমরা মূল সাহিত্য বা মূল বইটা পড়বে সবসময়। এই যে আমাদের বিভাগের অমুক শিক্ষক, তোমাদের স্যার অমুক, অরুন্ধতী রায়ের 'গড অব স্মল থিংস' (ক্ষুদ্র বিষয়সমূহের ঈশ্বর) বইটি না পড়েই একটি পত্রিকায় বইয়ের আলোচনা ছেপেছে। যেখানে ছেলে চরিত্রকে মেয়ে হিসেবে এবং মেয়ে চরিত্রকে ছেলে হিসেবে দেখিয়ে গুলিয়ে ফেলেছে। তোমরা কিন্তু কখনো এরকম করো না।
রাজিয়া খান আমিনের কথাবার্তার মধ্যে একটা চুম্বকীয় আকর্ষণ ছিল, সাবলীল সুন্দর এবং স্বতন্ত্র প্রকাশ ছিল। তিনি একবার ক্লাসে ঢুকে নারীবাদীদের ব্যাপারে বললেন, এই যে দেখো আমাদের কিছু শিক্ষিত সুযোগসুবিধা ভোগী কিছু মহিলা নারীবাদী হয়ে গেছে। তাদের নারীবাদের মানে কি সেইটা আমি বুঝি না। উনারা স্বামীর স্ট্যাটাসের জোরে, স্বামীর গাড়িতে চড়ে, স্বামীর উপার্জনের তাবৎ সুযোগ নিয়ে, শহীদ মিনারে গিয়ে পুরুষের বিরুদ্ধে বক্তৃতা করে হয়ে গেলেন নারীবাদী। এসবের মানে কী?
অথচ এই রাজিয়া খান ১৯৫০ এর দশকে মঞ্চনাটকে অভিনয় করেছেন, ১৮ বছর বয়সে ১৯৫৪ সালে লিখেছেন 'বটতলার উপন্যাস' যা প্রকাশিত হয়েছে ১৯৫৮ সালে। এজীবনে আর কিছু না লিখলেও এই একটি বইয়ের কারণেই তিনি স্মরণীয় হয়ে থাকতেন। ১৯৫০ এর দশকে পুরুষ লেখকদের বিপরীতে স্বতন্ত্র নারীকণ্ঠস্বর হিসেবে একটি নাম নিলেও রাজিয়া খানের নাম উচ্ছাচারণ করতে হবে। তিন লিখেছেন কবিতা, বাংলা এবং ইংরেজিতে, লিখেছেন নাটক গল্প প্রবন্ধ। ১৯৫০ এর দশকে উনি প্রথম যেদিন একবার জহুরুল হক হলে মঞ্চনাটকে অভিনয় করছেন আর মনে মনে ভয়ে আছেন বাসায় গেলে তার বাবা তমিজ উদ্দিন খানের রাগের মুখোমুখি কেমনে হবেন। অভিনয়ের এক পর্যায়ে দর্শকসারিতে চোখ পড়তেই খেয়াল ককরলেন তাঁর বাবা তমিজ উদ্দিন খান বসে আছেন প্রথম সারিতে।
এরকম অনেক যুগান্তকারী ঘটনাসমৃদ্ধ তাঁর জীবন। তাঁর সব কাজ ও কথার মধ্যে একটা নিজস্বতা ছিল। যার মধ্যে সমন্বয় ছিল প্রাচ্য ও প্রতীচ্যের। তাঁর বেড়ে উঠা পড়াশোনা গবেষণা কাল ও কর্মের পরিধি ছিল ঢাকা করাচি রাজবাড়ী চট্টগ্রাম রাজশাহী আর বিলেত। জীবনকে দেখার ও বোঝার একটা প্রভাব তাঁর লেখার মধ্যে প্রকাশ পেয়েছে। প্রকাশ পেয়েছে তাঁর জীবনাচরণেও। তিনি ছিলেন প্রচারবিমুখ, নির্মোহ এবং নিভৃতের মানুষ। সুখের খবর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার আর একুশে পদকের মত গুরুত্বপূর্ণ দুটি পুরস্কারসহ বেশকিছু স্বীকৃতি তিনি পেয়ে গেছেন জীবদ্দশাতেই। তিনি ১৯৭৫ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৯৭ সালে লাভ করেন একুশে পদক।
তিনি আমাকে স্নেহ করতেন। কিন্তু কোনো প্রয়োজন বা সঙ্গত কারণ ছাড়া তাঁর কাছে ভিড়তাম না। বিষয়টি উনি বুঝতেন। উনি সরাসরি কথা বলার মানুষ ছিলেন। তিনি একদিন বিভাগের করিডোরে আমাকে সামনে পেয়ে বললেন, এই আনিস তুমি সেই কবে আমার বাসায় গিয়েছিলে তারপর তো একটিবার খবরও নিলে না আমি কেমন আছি। আমার তো বয়স হয়েছে, আমি তো চাইলেও কারো খোঁজ নিয়ে উঠতে পারি না।
তোমরা কম বয়সী ছেলেমেয়েরা বেশি মান অভিমান নিয়ে থেকো না। আমি কি আর বলি? স্যরি ম্যাডাম। নিশ্চই যাবো ম্যাডাম। কিন্তু কথা রাখিনি, রাখতে পারিনি। শেষের দিকে এইরকম দিলখোলা একজন বিরল মানুষের খোঁজ খুব বেশি নিয়ে উঠতে পারিনি। উনি চলে যাবার পরে এখন করি অনুতাপ।
জীবন এক অচিন ঘোড়া, চলে যায় দৌড়ের উপর, ঘোরের ভেতর।চলে গেলেন ম্যাডাম আজ থেকেএক যুগ আগে, চলে গেলেন তাঁর স্বামী আনোয়ারুল আমিন বছর খানিক আগে। উভয়েই আমার মনের ভেতর রেখে গেলেন ভালোলাগার অকৃত্রিম স্বাভাবিক সুন্দর নিরহংকার জীবন ধারার সুন্দর এক ছাপ।
