রাসপুতিনের সম্মোহনী চোখ: ঈর্ষার বলি নাকি প্রাপ্য দণ্ড
ধর্ম, মূল্যবোধের বানোয়াট আইনের ফাঁদে ফেলে নিশ্চিহ্ন করে দেওয়া হয় এইসব মানুষকে।
দৃষ্টিতে যেন সে রাসপুতিন,
খুন হয়ে যাই আমি প্রতিদিন,
নামধাম জানি না তার কিছু,
তবুও নিলাম আমি তার পিছু।।
কালো সানগ্লাসটাই কেন এতো সুখ
হে যুবক।
নব্বইয়ের দশকের জনপ্রিয় এই গানটি ডলি সায়ন্তনীর। মানে তিনি গেয়ে গানটিকে জনপ্রিয় করেছিলেন। গানের কথা মিল্টন খন্দকারের। সুরও তাঁর করা। তিনি তখন উনিশ শতকের জগত বিখ্যাত 'পাগল সন্ন্যাসী' রাসপুতিনের আধ্যাত্মিক এবং সম্মোহনী চোখের ব্যাপারটা জানতেন। গানে জুড়েও দিয়েছেন।
'হে যুবক' গানটি নব্বইয়ের দশকে বাংলাদেশের কেউ শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তবে, আশির দশকের আফ্রো-জার্মান-ক্যারিবিয়ান মিউজিক্যাল ব্যান্ড 'বনি-এম'-এর 'রাসপুতিন' গানটা নব্বইয়ের দশকের বাংলাদেশে এতো পরিমাণ মানুষ শোনেননি হয়তো।
রাসপুতিনের চোখের সম্মোহনী ক্ষমতার বিষয়টি বনি-এমের ওই গানেও ছিল। আমার বিশ্বাস মিল্টন খন্দকার যেহেতু সংগীতের লোক, সেহেতু তিনি গানটি শুনে থাকবেন নিশ্চয়ই। 'রাসপুতিন'কে নিয়ে হলিউডে নব্বইয়ের দশকে সিনেমাও তৈরি হয়েছে 'রাসপুতিন' নামে।
কে এই রাসপুতিন?
ভদ্রলোক কি আসলেই আধ্যাত্মিক গুরু ছিলেন?
নাকি বিশ্বপ্রেমিক, নাকি শ্রেফ লম্পট ছিলেন?
গ্রেগরি ইয়েফেমোভিচ রাসপুতিন। নাম শুনেই রাশান রাশান লাগছে। সত্যি তাই। রাসপুতিনের জন্ম হয় ১৮৬৯ সালে রুশ সাম্রাজ্যের তুরা নদীর তীরে পক্রভস্কায়া নামে সাইবেরিয়ার ছোট্ট একটি গ্রামে। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ছোটবেলা থেকেই রাসপুতিন ছিলেন ভবঘুরে বা উড়নচণ্ডী স্বভাবের। ১৯ বছর বয়সে বিয়ে করে তিন সন্তানের জনক হওয়া সত্ত্বেও তাঁকে কেউ আটকে রাখতে পারেনি। সংসার বিবাগী হয়েছেন।
রাশিয়ার শেষ সম্রাট জার দ্বিতীয় নিকোলাসের দরবারের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব রাসপুতিনের ভাবুক জীবনের শুরু হয়েছিল সাধারণ একটি চাষী পরিবার থেকে। তুরা নদীর তীরে সাইবেরিয়ার ছোট্ট একটি গ্রামে রাসপুতিনের বাবা ঘোড়া পালতেন। সেখানেই পরিবারের সকলে থাকতেন। একবার তাদের কয়েকটা ঘোড়া চুরি হয়। ঠিক সে সময় রাসপুতিন একেবারেই ছোট। সে সময় তিনি ঘোড়া চোরের নাম বলে দিয়েছিলেন। পরে তার কথা অনুযায়ী খোঁজ নিয়ে তাঁর কথার সত্যতা পাওয়া যায়। তখন রটে যায় রাসপুতিনের আধ্যাত্মিক ক্ষমতা আছে। গ্রামের লোকজন তখন বলাবলি করতে থাকে রাসপুতিন খ্রিস্টের আশীর্বাদপুষ্ট। ১৮ বছর বয়সে রাসপুতিনের মধ্যে ধর্মীয় পরিবর্তন আসতে শুরু করে। তিনি যখন ভার্কোটারি মনাস্ট্রিতে তিন মাস কাটিয়ে নিজ শহরে ফিরে আসেন, তখন তিনি এক পরিবর্তিত মানুষ। মনাস্ট্রিতেই তিনি আধ্যাত্মিক শক্তির চর্চা করেছিলেন বলে ধারণা করা হয়। ফিরে এসে তিনি বিয়ে করেছিলেন প্রসকোভিয়া ফিয়োদরোভনাকে। তিন সন্তানকে ফেলে এখানে ওখানে বাউলের মতো ঘুরে বেড়াতে লাগলেন তিনি। গ্রিস ও জেরুজালেমও সফর করে ফেলেছেন। মাঝে মধ্যে নিজ শহর পকরভস্কয়িতে ফিরে আসতেন আবার চলে যেতেন। সারাক্ষণ ভবঘুরে বা বাহিরের জন্য উচাটন মুডে থাকতেন।
আসলে এই সময়টায় তিনি ব্যাপক সাধনা করেছিলেন। ১৯০৩ সালে তিনি পেত্রোগ্রাদে তথা সেন্ট পিটার্সবার্গে গিয়ে নিজেকে প্রথম ঘোষণা করেন একজন পবিত্র আধ্যাত্মিক গুরু হিসেবে যার রয়েছে রোগমুক্তিসহ নানা আধ্যাত্মিক ক্ষমতা। সেই সঙ্গে দাবি করেন ভবিষ্যদ্বাণী করার ক্ষমতার কথাও।
শুরু হয় রাসপুতিনের সম্মোহনী ক্ষমতাযোগে জীবনযাত্রা।
রাশিয়ার সম্রাট জার দ্বিতীয় নিকোলাস ও সম্রাজ্ঞী জারিনা আলেক্সান্দ্রা বহু বছর ধরে নানা চেষ্টা করেও কোনো পুত্রসন্তানের জন্ম দিতে পারেননি। পরপর চার কন্যাসন্তান জন্ম দেওয়ার পর তারা পুত্রসন্তানের জন্য অনেক উতলা হয়ে পড়েন। এ জন্য যা যা করা লাগে তার সবকিছু করতেও রাজি ছিলেন তাঁরা। অনেক আধ্যাত্মিক পুরুষ ও সন্ন্যাসীর শরণাপন্ন হন, তুকতাক ঝাড়ফুঁক করতেও পিছপা হননি। শেষ পর্যন্ত জারিনা আলেক্সান্দ্রা ১৯০৪ সালে এক পুত্রসন্তানের জন্ম দেন। তার নাম রাখা হয় আলেক্সি নিকোলায়েভিচ। জার ও জারিনা উত্তরাধিকার পেলেন ঠিকই কিন্তু দুর্ভাগ্যও তাদের দোর-বিচ্যুত হল না। তাদের বহু আকাঙ্ক্ষিত সন্তানটি আক্রান্ত হলো হেমোপিলিয়া রোগে। যখনই আলেক্সির রক্তক্ষরণ শুরু হতো, তা আর বন্ধ হতো না। সে সময় লোকেদের মধ্যে এই বিশ্বাস ছিল যে নিকোলাসের ভুলের কারণেই এমন বিপদ তৈরি হয়েছে। অ্যালেক্সজান্দ্রাকে বিয়ের পর এবং নতুন জার হিসেবে অভিষেকের সময় নিকোলাস তার প্রজাদের জন্য রাজকীয় ভোজের আয়োজন করেছিলেন যেখানে খাবার ও মদ সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে প্রায় দুই হাজার জনগণ মারা গিয়েছিল। রাশিয়ার জনগণ জারের অভিষেক অনুষ্ঠানের এই ট্র্যাজেডিকে অশুভ লক্ষণ ভেবে নিয়েছিল। সন্তানের আরোগ্যের আশায় সম্রাট নিকোলাস হাকিম-কবিরাজ, ফকির-দরবেশ, যাজক-ভিক্ষু আর সন্ন্যাসীদের দরবারে দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত রাসপুতিনকে খুঁজে পান। জারপুত্র আলেক্সিকে সারিয়ে তোলার ভেতর দিয়ে তিনি রাজ পরিবারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। শোনা যায় রাজ্যের বড় বড় চিকিৎসকেরা যখন ব্যর্থ হচ্ছিলেন তখন রাসপুতিনের সাফল্য তাঁর আধ্যাত্মিক ক্ষমতার প্রচার বাড়িয়ে দিয়েছিল। অনেকে আবার মনে করেন জোঁকের লালার হিরুদিন দিয়ে তিনি আলেক্সিকে সারিয়ে তোলেন। এবং এই বিদ্যা তিনি তাঁর কৃষক পরিবার থেকে পেয়েছিলেন।
আবার অনেকে বলে অ্যাসপিরিন দিয়ে নাকি আলেক্সিকে সারিয়ে তুলেছিল রাসপুতিন। অ্যাসপিরিন ১৮৯৮ সাল থেকেই ইউরোপে পাওয়া যেত।
যা দিয়েই সারান না কেন, লোকের আস্থা যে তিনি অর্জন করতে পেরেছিলেন তা কেবল ঔষধ বা জবরদস্তিমূলক মুখের কথায় নয়। মানুষকে নিয়ন্ত্রণ করার প্রবল ক্ষমতা ছিল বলেই তিনি পেরেছিলেন মানুষকে বশ করতে। এই বশ করার ক্ষমতা যেমন পুরুষে ছিল তেমনি নারীতেও ছিল। কিন্তু
সম্রাজ্ঞী আলেক্সান্দ্রা থেকে শুরু করে দেশ বিদেশের অভিজাত কিংবা সাধারণ শিষ্য বহু নারী তাঁর সঙ্গ লাভের জন্য উদগ্রীব হয়ে থাকতো। বিষয়টা সে সময়কার সাধারণ কোনো পুরুষের কাছেই ভালো লাগতে লাগতে আর লাগত না।
ফলে পুরুষদের মনে হিংসা দানা বাঁধতে শুরু করে দিল। কেননা, রাসপুতিনের মতো নারী ও ক্ষমতাকে নিয়ন্ত্রণ করবার ভাগ্য কোন পুরুষের কাছে কাঙ্ক্ষিত নয়? এমন নির্ভার ভবঘুরে জীবন কোন পুরুষ না চান? ব্যতিক্রম থাকলেও থাকতে পারে তবে তাকে উদাহরণের জায়গা দিতে চাই না।
ফলে, রাসপুতিনের উচ্ছৃঙ্খল জীবন-যাপনের বরাত দিয়ে অনেকেই শত্রুতা শুরু করে তাঁর বিরুদ্ধে। প্রিন্স ফেলিক্স ইউসুপভ এমন একজন। গ্র্যান্ড ডিউক দিমিত্রি প্যাভলোভিচ ছিলেন আরেকজন। তিনি জার দ্বিতীয় নিকোলাসের চাচাতো ভাই। তাদের কথা পরামর্শ না শুনে কেন সম্রাট নিকোলাস ও সম্রাজ্ঞী আলেক্সান্দ্রা রাসপুতিনের উপদেশ শোনে--মূল হিংসার কারণ এটি।
রাসপুতিনকে খুন করার পরিকল্পনা করে তারা। যেহেতু মদ্যপান এবং মেয়েমানুষ পটানোর ব্যাপারে রাসপুতিন ছিলেন সর্বকালের পুরুষের কাছে অনুকরণীয়, সেহেতু তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনে ফেলিক্স ও প্যাভলোভিচ সুসংগঠিত হয়।
রাসপুতিনের আরেক শত্রু হচ্ছেন ভ্লাদিমির পুরিশকেভিচ। তিনি ছিলেন রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার একজন স্পষ্টবাদী সদস্য। তাকে উসকে দিয়েছিলেন ফেলিক্সেরা। রাজ্য রক্ষার লক্ষমাত্রাকে সামনে রেখে গোপন হিংসা ও ক্ষমতার লোভকে হৃদয়ে রেখে রাসপুতিনকে হত্যার ষড়যন্ত্র এগোতে থাকে।
আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে রাসপুতিন ছিলেন প্রবলভাবে যৌনতার ভক্ত। তার এই দুর্ববলতাকে ব্যবহার করে ফেলিক্স তার সুন্দরী স্ত্রী ইরিনাকে টোপ হিসেবে ব্যবহার করেন। ইরিনা অবশ্য এ কাজে রাজি হননি। যদি স্বামীর কথায় হতেনও তাহলে কোন কারণে রাসপুতিনের অনুরাগী হয়ে উঠলে ফেলিক্স স্ত্রীকেও হত্যা করতে পিছপা হত না। ইরিনা ছিলেন বুদ্ধিমতী নারী। ঠিক এ জন্য তিনি রাজি হননি। যে স্বামী এতো জঘন্য কাজের সঙ্গে নিজের স্ত্রীকে জড়াতে পারে সে সব করতে পারে।
স্ত্রীকে সশরীরে উপস্থিত না করে কেবল স্ত্রীর উপস্থিতির মিথ্যা বরাত দিয়ে রাসপুতিনকে হত্যার ষড়যন্ত্র করে ফেলিক্স। পেস্ট্রি, মদে বিষাক্ত সায়ানাইড মিশিয়ে হত্যার চেষ্টা করে। ব্যর্থ হয়। একজন আধ্যাত্মিক গুরুকে হত্যা করা এতো সহজ? তারপর গুলি করা হয়। গুলি খেয়ে বাইরে দৌড়াতে থাকেন রাসপুতিন। ফেলিক্স ও প্যাভলোভিচ দুজনে মিলে রাসপুতিনকে ধরে বেঁধে মেরে, চোখ উপড়ে ফেলে, যৌনাঙ্গ কেটে দিয়ে বস্তায় ভরে বরফের নদীতে ফেলে দিয়ে আসে।
১৯১৬ সালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মেডিকেল রিপোর্ট থেকে শরীরের বিষ ও বিক্ষত শরীরের ইতিহাস চিহ্নিত হয়।
মৃত্যুর আগে রাসপুতিন জার নিকোলাসের কাছে এক অদ্ভুত ভবিষ্যদ্বাণী করে যান। তিনি বলেছিলেন, “যদি আমি সাধারণ জনগনের হাতে মারা যাই, তুমি, রাশিয়ার জার, তোমার সন্তানদের জন্য কোনো চিন্তা কর না, তারা আরও শত শত বছর রাশিয়া শাসন করবে। আর যদি আমার মৃত্যুর কারণ হয় তোমার আত্মীয়দের মধ্যে কেউ, তাহলে শুনে রাখ, তোমার পরিবারের সবাই আগামী দুই বছরের মধ্যে খুন হবে, খুন হবে রাশিয়ার জনগণের হাতে।”
রোমানভ পরিবারের সদস্যের হাতে রাসপুতিনের খুন হওয়ার তিন মাস পর ১৯১৭ সালের মার্চ মাসে জার নিকোলাস দ্বিতীয় ক্ষমতা ছাড়তে বাধ্য হোন এক বিপ্লবের মাধ্যমে। আমরা সবাই জানি সে বিপ্লবটি ঐতিহাসিক রুশ বিপ্লব নামে পরিচিত। আশ্চর্যের বিষয়টি হলো এই যে এরও দুই বছরেরও কম সময়ের মধ্যে নিকোলাসের পরিবারের সবাই নিহত হয়েছিলেন। এর মধ্যে দিয়েই রাশিয়ায় জারতন্ত্রের অবসান হয়।
জারতন্ত্রের অবসান ইতিহাসের প্রয়োজনেই হয়েছে হয়তো। কিন্তু রাসপুতিনকে এভাবে হত্যার কী মানে?
আর যুগে যুগে গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা রাষ্ট্রপ্রধানদেরকে এভাবে গুপ্তহত্যা করা হয় তাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে নষ্ট করার জন্য। ধর্ম, মূল্যবোধের বানোয়াট আইনের ফাঁদে ফেলে নিশ্চিহ্ন করে দেওয়া হয় এইসব মানুষকে। রাসপুতিনের বিরুদ্ধে আনা অভিযোগকে কোনো কংক্রিট রূপ দিতে পারা যায়নি। আইনি ব্যবস্থা নেয়া যায়নি। তাই গুপ্তহত্যার মতো নৃশংস চিন্তা মাথায় এলো। পৃথিবীতে সম্মুখ যুদ্ধের চেয়ে গুপ্ত হত্যাগুলো তাই এতো বেশি আলোচিত হয়।
রাসপুতিনকে নিয়ে গান সিনেমা হবে না তো কি ফেলিক্সকে নিয়ে হবে?
