পথ হারানো ধর্মনিরপেক্ষতা
রাষ্ট্র কোনো মসজিদ বানাবে না, মন্দির বানাবে না, গির্জা-প্যাগোডা বানাবে না।
কানে বাজে আহমদ ছফার আর্তধ্বনি-- যদি ধর্মনিরপেক্ষতাই না থাকে তাহলে আমাদের পাকিস্তান থেকে আলাদা হবার কী দরকার ছিল!
যদিও সেক্যুলারিজম শব্দের অর্থ ধর্মনিরপেক্ষতা নয়। তবু আমাদের দেশবাসী সেটিকেই মেনে নিয়েছিল। সেক্যুলারিজম শব্দের ব্যঞ্জনা এবং পুরোপুরি তাৎপর্য ফুটে ওঠে ‘ইহজাগতিকতা’ শব্দটির দ্বারা। রাষ্ট্র হবে ইহজাগতিক। মানুষের বেঁচে থাকার জন্য যা যা দরকার সেগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান। সেইসাথে আইনের যথাযথ প্রযোগ-- দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য। মানুষের পরকালের ব্যাপারে রাষ্ট্রের কোনো ভূমিকা নাই। সেটি মানুষের নিজের এবং গোষ্ঠীগত ভাবনার বিষয়। কোন মানুষ নামাজ পড়বে, কোন মানুষ পুজো দেবে, কোন মানুষ ঈশ্বরে অবিশ্বাস করবে, সেগুলো দেখার কোনো দায়িত্ব রাষ্ট্রের নেই। তবে ধর্মের নামে গোষ্ঠীদ্বন্দ্ব, বিভিন্ন ধর্মের অনুসরণকারীদের মধ্যে সংঘাত ঘটতে দেবে না রাষ্ট্র। সেগুলো রাষ্ট্রের চোখে ফৌজদারি অপরাধ। কাউকে ধর্ম পালনে বাধ্য করবে না রাষ্ট্র। কাউকে ধর্ম পালনে বাধাও দেবে না। পৃষ্ঠপোষকতা করবে না কোনো ধর্মের। বিরোধিতা করবে না কোনো ধর্মের। কারণ ধর্ম রাষ্ট্রের বিবেচ্য বা অন্তর্গত কোনো বিষয় নয়। রাষ্ট্রীয় অর্থ সেইসব খাতে খরচ করা চলবে না যা সর্বজনীন নয়। যেমন মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, সিনাগগ সর্বজনীন নয়। সেগুলো নির্দিষ্ট ধর্মের অনুসারীদের। রাষ্ট্র তৈরি করবে শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া প্রতিষ্ঠান, পাঠাগার, বিজ্ঞান ক্লাব, স্যানাটোরিয়াম, থিয়েটার, হাসপাতাল, কারখানা, খেলার মাঠ, শিশুপার্ক, কমিউনিটি সেন্টার। আর যা যা কিছু জনগণের সবস্তরের মানুষের দরকার। যেমন পরিবেশ রক্ষা, নদী সুরক্ষা, বন সুরক্ষা, প্রকৃতি রক্ষা, মানুষের মৌলিক মানবাধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠান এবং কার্যকর সংগঠন।
রাষ্ট্র ইহজাগতিক বা সেক্যুলার না হলে সাম্প্রদায়িকতা ঠেকানো সম্ভব নয়। আর সাম্প্রদায়িকতা বিদ্যমান থাকলে রাষ্ট্রের স্তম্ভ বা ভিত্তি ঘূণপোকার স্থায়ী বাসভূমিতে পরিণত হবে। তাই ইহজাগতিকতাকে রাষ্ট্রের একমাত্র ধর্ম হিসাবে বরণ করে নিয়েছে উন্নত দেশগুলি।
কিন্তু বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা নামের মাধ্যমে যে জিনিসটির প্রয়োগ আমরা দেখেছি তা হচ্ছে সকল ধর্মের পৃষ্ঠপোষকতার নামে প্রধানত সংখ্যাগুরুর ধর্মকেই ঊর্ধ্বে তুলে ধরা। নিজের জাতি পরিচয়ের সাথে ধর্মীয় পরিচয়টিকেও সমান গুরুত্বের সাথে বহন করা। তার উদাহরণ পাওয়া যাবে পাকিস্তানের কারাগার থেকে স্বাধীন বাংলাদেশে পা রেখেই বঙ্গবন্ধুর আত্মপরিচয়ের ঘোষণা-- ‘আমি বাঙালি। আমি মুসলমান।’ যেখানে সকল রাষ্ট্রীয় অনুষ্ঠান শুধু জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু করাই ছিল প্রত্যাশিত, সেখানে জুড়ে দেওয়া হলো ধর্মগ্রন্থ থেকে পাঠ। সত্য বটে, পাঠ হতো কোরআন, গীতা, ত্রিপিটক, বাইবেল থেকে। কিন্তু কখনোই এমন ঘটনা ঘটেনি যে কোরআনের আগে গীতাপাঠ বা ত্রিপিটক থেকে পাঠ করা হয়েছে। অর্থাৎ সংখ্যাগুরুর ধর্মই প্রাধান্য পেয়েছে। বাংলাদেশ যে বঙ্গবন্ধুর আমলেই ওআইসি-র সদস্য হয়েছে, সেটিকে ধর্মনিরপেক্ষতার সাথে যে মেলানো যায় না, এই সত্য তুলে ধরতেও চেষ্টা করেন না কেউ। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাও তাঁরই আমলে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পরের সরকারগুলো যে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা তুলে দিতে সক্ষম হয়েছিল প্রায় বিনা প্রতিবাদে, তার কারণ ধর্মনিরপেক্ষতার প্রায়োগিক ভিত্তি শুরু থেকেই নড়বড়ে ছিল। একাত্তরে স্বাধীনতাযুদ্ধের পরে এই দেশে ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাংস্কৃতিক, রাজনৈতিক, দার্শনিক এবং প্রায়োগিক লড়াই শুরু করার একটি বাতাবরণ সৃষ্টি হয়েছিল। জনগণ প্রস্তুত ছিল সেই লড়াইতে যোগ দিতে। কিন্তু তদানীন্তন সরকার প্রস্তুত ছিল না। তাদের অসংখ্য ব্যর্থতার মধ্যে সবচাইতে বেদনাদায়ক ব্যর্থতা হচ্ছে সাম্প্রদায়িকতার মূলোৎপাটনের কাজে আত্মনিয়োগ না করতে পারা। রাষ্ট্রকে সব ধর্মের কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার গুরুত্ব না বুঝে তারা রাষ্ট্রের চোখে সব ধর্মের সমান মর্যাদার তত্ত্বটি প্রচারে নামলেন। সেই প্রচারও ছিল লোকদেখানো। কারণ, শেষ পর্যন্ত দেখা গেল যে সাম্প্রদায়িকতা সৃষ্টিকারী সবগুলি প্রতিষ্ঠানই পাচ্ছে রাষ্ট্রের আনুকূল্য।
জওহরলাল নেহরু বলেছিলেন যে সংখ্যাগরিষ্ঠের সাম্প্রদায়িকতা খুব বিপজ্জনক। কারণ অধিকাংশ ক্ষেত্রেই এটিকে সাম্প্রদায়িকতার পরিবর্তে জাতীয়তাবাদ বলে মনে হয়। ধর্মনিরপেক্ষতার নীতি ঘোষণা করেও শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ট মানুষের ধর্মটাকেই প্রাধান্য দেওয়া হলো। আবার বাঙালি সাম্প্রদায়িকতার বেদিতে আত্মাহুতি দিতে আহ্বান জানানো হলো সকল আদিবাসী জাতি-গোষ্ঠীকে। বজায় থাকল নানা ধরনের শিক্ষাব্যবস্থা। শ্রেণী বৈষম্যমূলক এবং ধর্মীয় বৈষম্যমূলক। গরিব মানুষের সন্তানদের জন্য রাষ্ট্র আধুনিক ও ইহজাগতিক শিক্ষার ব্যবস্থা করতে ব্যর্থ হয়ে তাদের ছেড়ে দিল ধর্মীয় পুরোহিতদের খপ্পড়ে। পরবর্তীতে গড়ে উঠল বিশাল মাদ্রাসা শিক্ষাব্যবস্থা। কেমন চেহারা সেইসব মাদ্রাসা, তাদের শিক্ষক এবং শিক্ষার্থীর, তা এখন সব মানুষের চোখেই স্পষ্ট।
আবার একটু আহমদ ছফার কাছে ফিরে যাওয়া যাক। আমরা জানি যে ধর্মনিরপেক্ষতাকে জাতীয় সংস্কৃতিতে পরিণত করতে না পারলে সেটি টিকসই হয় না। আহমদ ছফা সেই জন্যই স্বাধীনতার পরে রেনেসাঁর প্রয়োজন অনুভব করেছেন। রেনেসাঁর পথে আচারসর্বস্ব এবং অনুশাসনমূলক ধর্মকে এক বড় বাধা মনে করা হয়। ছফা এই বাধা ঠিকই শনাক্ত করতে পেরেছেন। তাই সেদিকে দৃষ্টি আকর্ষণ করার আপ্রাণ চেষ্টা করে বলেছেন-- ‘এই বাঙলাদেশে যেখানে শতকরা আশিজন মানুষ মুসলমান, আশিজনের মধ্যে উনসত্তর জন সংস্কারান্ধ, সেই সমাজে আজকে যদি একটা সাংস্কৃতিক বিপ্লব সাধনের প্রয়োজন হয়ে দাঁড়ায়, তার চেহারা কি হবে? ধর্মীয় সমস্ত অনুশাসনের অনেকগুলো কি রদ করতে হবে না? যদি তাই হয়, জোর করে কি সেসব সম্ভব? জ্ঞানের সাহায্যে নিষ্কলঙ্ক মানবতার বাণী প্রচার করে তার কি একটা ক্ষেত্র রচনা করতে হবে না?’ কিন্তু ‘ধর্মের আওতাভুক্ত বিধি, আচার, বিশ্বাস, সংস্কার, রীতি-নীতি, নিয়ম-কানুন এসব অস্বাস্থ্যকর জেনেও কোনো লেখক শৈল্পিকভাবে বা বিজ্ঞোচিত অথবা মানবোচিতভাবে এ সবকে চ্যালেঞ্জ করেননি। যেখানে পুরনো বিশ্বাস, পুরনো মূল্যবোধের প্রতি সজ্ঞান মেধাবী চ্যালেঞ্জ নেই, সেখানে মহত্তরো সৃষ্টির সম্ভাবনা কোথায়? যে যুথবদ্ধ প্রথায় প্রশস্তি রচনা করে, সে তো দাসত্ব করে, তার অন্তরাত্মা পরাধীন। এই পরাধীন অন্তর থেকে কেমন করে স্বাধীন চিন্তা যা মহত্তরো সৃষ্টির শোণিত, উচ্ছিৃত হবে? আবার সমাজকে পিঠ দিয়ে একা আনমনে নিজের ভাবনা চিন্তা নাড়াচাড়া করার মধ্যেও ব্যক্তির সাধনার পূর্ণতার অভিলাষ কোথায়? পূর্ণতার সাধনা যেখানে নেই, সেখানে ব্যক্তির একান্ত অন্তরঙ্গ আবেগ কিভাবে খেলা করে? এখনো পর্যন্ত কোনো বাঙালী মুসলমান লেখক তাঁর সমাজের প্রাণহীন আচার পদ্ধতি, মূঢ়তা, স্থূলবিশ্বাস এসবকে চ্যালেঞ্জ করেননি।’
ছফার এই রচনাটি আত্মসমালোচনামূলক। নিজে লেখক। তাই তিনি লেখকসমাজকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। কিন্তু রাষ্ট্রের পরিচালক এবং নীতি-নির্ধারকদের ভূমিকা তিনি অনুল্লেখ রেখেছেন। লেখক-সংস্কৃতিকর্মীরা কখনোই রাষ্ট্রের পরিচালনায় অংশগ্রহণের সুযোগ পাননি। তাদের সেই সুযোগ দেওয়া হয়নি। সুযোগ দেওয়ার যে প্রয়োজন আছে এই বোধটিও কারো মধ্যে ছিল বলে প্রমাণ পাওয়া যায়নি। রাষ্ট্রের পরিচালন-শক্তি যদি বিশ্বাস না করে যে রাজনীতি এবং সাহিত্য-সংস্কৃতির মেলবন্ধন ছাড়া রেনেসাঁ অসম্ভব, তাহলে তারা সংস্কৃতির শক্তিকে কেন স্বীকৃতি দিতে চাইবে? বাংলাদেশে সাহিত্য-সংস্কৃতিকে কখনোই এই স্বীকৃতি দেয়নি রাজনীতিবিদরা। এমনকি বাম রাজনীতির ইতিহাসও বলছে যে নেতাদের চোখে লেখক ও সংস্কৃতিকর্মীরা দ্বিতীয় সারির যোদ্ধা। সেই দেশে কীভাবে ধর্মনিরপেক্ষতাকে সংস্কৃতির অপরিহার্য অংশে পরিণত করা সম্ভব?
বাংলাদেশ নামক রাষ্ট্রটির পথচলার শুরুতেই পথ হারিয়েছে ধর্মনিরেপেক্ষতা। কিন্তু তাকে ফিরিয়ে আনতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা কোনোদিনই শক্ত ভিতের ওপর দাঁড়াতে পারবে না। আর মানুষের সার্বিক মুক্তি চিরকাল অপূর্ণই থেকে যাবে।
রাষ্ট্র নিজে কোনো উপার্জন বা উৎপাদন করে না। রাষ্ট্রের টাকা মানে জনগণের করের টাকা। যে স্থাপনা সকল মানুষের জন্য নয় রাষ্ট্র সেগুলো বানাতে গিয়ে সেই টাকা খরচের এখতিয়ার রাখে না। রাষ্ট্র কোনো মসজিদ বানাবে না, মন্দির বানাবে না, গির্জা-প্যাগোডা বানাবে না।
