২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চৌষট্টি পাখুড়ি’ থেকে

সোহেল হাসান গালিব সোহেল হাসান গালিব

Published : 26 Oct 2022, 12:12 PM

Updated : 26 Oct 2022, 12:12 PM

১

ধূর্ত সে আরব লোকটির কথা ভাবো একবার—

যে এসে আলাদিনের নগরীতে রাষ্ট্র করে দিল :

‘নতুন প্রদীপ পাবে তোমরা, দিলে ঘরের পুরনো

দীপখানা।’ কাঙ্ক্ষিত বস্তু সে তবু পেয়েও হারালো।

একটি সফল পঙ্‌ক্তি—সমস্ত জ্ঞানের বিনিময়ে

চায় কবি। তাই বুঝি গায় গান খিন্ন ফেরিঅলা।

নিজে জ্বলে না-উঠে যে কেবলই জ্বালায় মানুষের

অন্তর্গত বাক্যশিখা—অচরিতার্থতার; পাষণ্ডের

অট্টহাসি-দেয়া মূঢ় দৈত্যের ভাষায়—সে প্রদীপ

আয়ত্ত হবে না কোনোদিনও। শকুন্তলা নাম্নী এক

খণ্ডিতার মতো, খুলে পড়ে-যাওয়া আংটির পেছনে

এ জীবন যাবে ডুবসাঁতারেই; দুষ্মন্ত যদিও

অন্ত্যমিল। সেও প্রাপ্তি বটে। এও কি বাঞ্ছিত তবু?

বুঝে দ্যাখো, ফলত পর্যবসিত হলো প্রত্যেকেই—

ধূর্ত বা সরল! কোন পথে যাব আমি? একদিন

শুধু প্রদীপের জন্য এসেছিলাম তোমার কাছে,

এ সত্য, হে প্রাসাদ-নন্দিনী; সত্য যে এসেছিলাম

অঙ্গুরীয় পেতে, জল-কুমারী হে, মৎস্য-পলাতকা!

২

খরগোশ-ছানা দুটি ভীরু, তবে এত ভীরু নয়

সম্ভাষণ ভুলে যাবে। ফুলঝরা সেই বাক্যালাপ,

খুনসুটি শেষ করে আজ ওরা কোন ভাষা বলে?

জানবে কি সোলায়মান? সে তো নেই। কে বলতে পারে—

খরগোশ দুটি চুপি চুপি এই বিকেলবেলায়

কোনো হিব্রু গাছ থেকে নেমে এল কিনা, তাওরাতের

ভেজা পাতাগুলি ছুঁয়ে? আমিও দূরের দ্রাক্ষাবনে

সরে গিয়ে জাবুর গ্রন্থটি খুলে বসি। কুক পাখি

হয়তোবা লক্ষ করে। তুমিও কি টের পাও কিছু?

পেলে, তোমাকেই সব খুলে বলা যায়—বাদামের

লোনা স্বাদ, মিহি গন্ধ না লুকিয়ে : এইসব গ্রন্থ,

গ্রন্থপাঠ তুমি কতটুকু জানো? জানলে শেখাও।

না জানলে, আজ এই গান্ধর্ব গোধূলি পর্বে ঢুকে

ওই দুটি খরগোশ-ছানা বুকে তুলে রাখো। তুমি

হও তবে অনাথের নাথ। সন্দেহ কী, ওরা ভীরু,

তবে এত ভীরু নয়, ছুঁলেই নির্বাক হয়ে যাবে।

আমার আঙুল ঠিকই চলে তার মূক ইশারায়—

ধীরে ধীরে—শরীরের মগ্ন ব্রেইল পাঠ ক’রে ক’রে...

৩

কতবার উচ্চারণ ভুল করে তোমারই নিষ্ঠুর

কৌতুকে পেয়েছি লজ্জা—মুষড়ে পড়েছি যে কতবার

কত মূর্খ-বাক্যালাপে আর গলা নেমে গেছে খাদে—

কিছুই বলব না, থাক—শুধু এই চাপা আর্তনাদ

গোঙানির ভগ্ন ভায়োলিন—ধ্বনিজড়তার খেলা

খেলব আমি—পালঙ্কে শয়ান রঙ্গে—কুমুদ, তোমার

সরোবরে। তরঙ্গচূড়ায় উঠে পড়েছি কি লুটে

আগুন-চুলায়—লাভাধৌত মোম—ভুবন-গহ্বরে?

শতাব্দীর বিহঙ্গকুলায়ে তুমি তারে তুলে নাও—

ভাবো সেই তড়িৎ-মুহূর্তটাও—যেদিন প্রথম

কেঁপে উঠেছিল অন্ধকার—সিন্ধু-হরপ্পার দেশে—

অসবর্ণ আলোর ছোঁয়ায় যেন মৃত আর্যপ্রাণ—

তেমনি অযোগবাহ যন্ত্রণাসুখের শার্শি খুলে

অকস্মাৎ, শুধু ব্যক্ত হবারই আনন্দে শিউরে-ওঠা

রাতের এ শির্শির হাওয়ায় সারারাত গেয়ে যাও

শঙ্খতান। ধ্বনিতন্তুবায় আমি শব্দকারাগারে—

তন্ত্র থেকে মুক্ত যদি রুদ্রবীণা—ধ্রুপদ, খেয়াল

কে এখন গাবে আর—কে ধরবে বলো—ঠুমরি, টপ্পা...