শতবর্ষে নিকানোর পাররা: একটি সাক্ষাতকার
পাবলো নেরুদার পর চিলের সবচেয়ে পরিচিত, জনপ্রিয় এবং বর্ষীয়ান কবি নিকানোর পাররা ৫ সেপ্টেম্বর ১০০ বছরে পা দিলেন। শুধু জনপ্রিয়তা আর বয়সের কারণেই নয়, তিনি বিশ্বকবিতার ইতিহাসেই স্মরণীয় হয়ে আছে তার প্রতি-কবিতা বা এন্টিপোয়েমাস-এর অভিনব ধারণার জন্য। আজ প্রতি-কবিতা বলতেই পাররার নামটি সমার্থক হয়ে উঠেছে। শতবর্ষী এই কবিকে আমাদের শ্রদ্ধাঞ্জলী জানাই লেইলা গেররেইরোর নেয়া এবং 'দ্য প্যারিস রিভিউ' পত্রিকায় ২০১২ সালের ২৬ মার্চ সংখ্যায় প্রকাশিত সাক্ষাতকারটি অনুবাদক যুবায়ের মাহবুবের অনুবাদে প্রকাশের মাধ্যমে। বি. স.
রাজধানী সান্তিয়াগো থেকে ২০০ কিমি দূরে চিলির সমুদ্র উপকূলে ছোট শহর লাস ক্রুসেস। শহরের দক্ষিণে লিংকন স্ট্রিটের যে বাড়িটিতে নিকানোর পাররা থাকেন, সেখানে পৌঁছানো সহজ। পাররা'র নাগাল পাওয়াটাই শুধু কঠিন।
পুরো নাম নিকানোর পাররা ওইয়ুন্দো দে সান ফাবিয়ান দে আলিকো। কবির বাবা ছিলেন হাইস্কুল শিক্ষক – তার নামও নিকানোর পাররা – আর মা ক্লারা সান্দোবাল। আট সন্তানের মধ্যে সবার বড় নিকানোর। জন্ম ১৯১৪ সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভে তিনি ২৫ বছরের যুবক, জন লেনন যেদিন নিহত হন তখন তার বয়স ছিল ৬৬, এবং টুইন টাওয়ার্সে উড়োজাহাজগুলো যেদিন আক্রমন করে, তিনি ৮৭ বছরের বৃদ্ধ। আজ ৫ সেপ্টেম্বর ২০১৪ তিনি শতবর্ষের কোঠায় পা দেবেন। কবি যে এখনো বেঁচে আছেন, সেটাই অনেকের অজানা।
লাস ক্রুসেস-এর জনসংখ্যা দুই হাজারের মত। প্রশান্ত মহাসাগরের বায়ু থেকে আশ্রয় দেয় যে ছোট উপসাগর, তার কোল ঘেঁষে আছে একই রকম আরো ক্ষুদ্র শহর – কার্তাহেনা, এল তাবো, ইত্যাদি। খাড়া পাহাড়ের চূড়ায় পাররা'র বাড়ি, সামনেই সমুদ্র। বাগান থেকে সিঁড়ির ধাপ চলে গেছে সদর দরজা পর্যন্ত। সেখানে পাড়ার মাস্তানরা স্প্রে-ক্যান দিয়ে গ্রাফিটি এঁকে রেখেছে, সতর্কবাণীসূচক, বাড়ির কর্তাকে যেন কেউ জ্বালাতন না করে। গ্রাফিটিতে লেখা 'anti-poesia' ('প্রতি-কবিতা')। দরজার ওপাশে হলঘরে ছেলে-মেয়েদের নাম আর ফোন নম্বর লিখে রেখেছেন কবি।
নিকানোর পাররা'র চুল শ্বেত-শুভ্র। গালভরা দাড়ি। কুঞ্চন রেখা নেই, তবে মুখ দেখে মনে হয় যেন মাটির তৈরী, সেখানে আছে লাঙ্গলের গভীর খাঁজ। হাত দুটো সূর্যে পুড়ে তামাটে হয়ে গেছে, কোন দাগ নেই, ভাজ নেই, যেন জলে ধোয়া গাছের দুটো শেকড়। টেবিলে পড়ে আছে তার রচনাসমগ্রের দ্বিতীয় খন্ড, শিরোনাম রচনাসমগ্র এবং আরো কিছু, ১৯৭৫-২০০৬ ('Obras completas y algo mas, 1975–2006')। বইয়ের ভূমিকায় প্রখ্যাত মার্কিন সমালোচক হ্যারল্ড ব্লুম লিখেছেন – 'যদি মেনে নেই যে আজ অব্দি দুই আমেরিকার সবচেয়ে শক্তিশালী কবি ওয়াল্ট হুইটম্যান, আমার দৃঢ় বিশ্বাস যে আলো-আঁধারির এই ভূখন্ডের একজন অপরিহার্য কবি হিসেবে পাররা অবশ্যই তার পাশে দাঁড়ানোর যোগ্য'।
আশির দশকের শেষে পাররা সব রকম ইন্টারভিউ দেয়া বন্ধ করে দেন। তখনো সান্তিয়াগো ছেড়ে যাননি তিনি। তার নিষোধাজ্ঞার ব্যত্যয় যে একদমই ঘটেনি তা নয়। কিন্তু কবির সাক্ষাতকার নেয়া বরাবরই নানা অনিশ্চয়তায় ভরপুর। সরাসরি প্রশ্ন করলে তিনি প্রায়ই অপছন্দ করেন, অপ্রত্যাশিত পথে আলোচনার মোড় ঘুরিয়ে দেন। কিছু কিছু প্রিয় প্রসঙ্গ নিজেই উত্থাপন করেন, সেগুলো নিয়ে ঘুরে ফিরে কারনে অকারনে কথা বলতে পছন্দ করেন – যেমন তার নাতি- নাতনিদের গল্প, সংস্কৃতে লেখা বৈদিক গ্রন্থ মনুস্মৃতি, তাও-ধর্মের অন্যতম ভিত্তিপুস্তক তাও তে চিং, অথবা নেরুদার জীবন ও কবিতা।
তার পরনে আজ জিন্সের শার্ট, হালকা ধুসর সোয়েটার (তাতে আবার কয়েকটি ফুটো), কর্ডের প্যান্ট। বসে আছেন উলের কম্বল দিয়ে ঢাকা নীচু একটি টুলের উপর। তার পেছনে ড্রয়িং রুম আর বারান্দার মাঝে সীমারেখা স্বরূপ কাঁচের দরজা। বারান্দায় দুটো চেয়ার, তারপর ঝোপ-ঝাড়ে ভর্তি উঠোন, আর তারপরেই প্রশান্ত মহাসাগর। আমাকে তার নাতি টলোলো'র গল্প বলতে শুরু করলেন –
"একবার ওর স্কুলের ডিরেক্টর ওর মাকে জরুরী তলব করে পাঠালো। ক্লাসে রোলকলের সময় টলোলো'র নাম ডাকা হয়েছিল, পিচ্চি নাকি উত্তর দেয়নি। আমি ওকে জিজ্ঞেস করলাম –
– তা, নাতি, টিচার যখন তোমার নাম ডাকলো, তুমি জবাব দিলে না কেন বলো তো?
– আমার নাম তো এখন আর ক্রিস্তোবাল না, আমি জবাব দিবো কিভাবে? আমার নাম এখন হ্যামলেট।
"ওর ঐ জবাব শোনার পর থেকে আমি সাহিত্য লেখা ছেড়ে দিয়েছি, বাচ্চাকাচ্চারা কি কি বলে সেটা লিখতেই আমার সবটুকু সময় চলে যায়"।
কথাটা ইয়ার্কির মত শোনাতে পারে, কিন্তু পাররা মোটেও ঠাট্টা করছিলেন না। তিনি সত্যি সত্যিই এসব লিখে রাখেন – তার নাতিপুতিদের মুখের কথা, তার বাড়ি পরিষ্কার করতে আসেন যে মহিলা রোসিতা আবেন্দানো, তার কথা, এমনকি রাস্তায় হেঁটে বেড়ানো অচেনা মানুষের কথাও তিনি টুকে রাখেন, তারপর সেগুলো নিজের মত করে রূপান্তরিত করেন। 'রোসিতা আবেন্দানো' কবিতায় তিনি লিখছেন –
"পরে আমাকে ওরা ঐ স্কুলে পাঠাতে চেয়েছিল
যেখানে অসুস্থ বাচ্চাগুলো থাকে
তবে আমি ওদের কথা শুনিনি
কারণ আমি তো কোন অসুস্থ মেয়ে নই
এমন করে আমি বলতে চাই না
কিন্তু আমি তো একদমই অসুস্থ মেয়ে নই"।
সাধারণ একটা বলপয়েন্ট পেন দিয়ে সাদা নোটখাতায় লিখেন পাররা। ভিটামিন সি খান প্রচুর পরিমানে, আর রোজকার খাদ্যতালিকা তার সবসময় একই – স্যুপ, মাংসের রোল আররোইয়াদো (arrollado), মাংস আর তরি-তরকারির ঘন মিশেলে তৈরী ডিশ কাসুয়েলা (cazuela)। নোবেল সাহিত্য পুরস্কারের জন্যে কয়েকবার মনোনয়ন পেয়েছেন, আর এক সময়ে স্পেনের সের্ভান্তেস পুরস্কারের জন্যেও প্রতি বছরই নির্বাচিত হতেন। অবশেষে ২০১১ সালের ডিসেম্বর মাসে সের্ভান্তেস জিতেন। কয়েক বছর আগে স্বাস্থ্য সচেতনতামূলক একটি টিভি বিজ্ঞাপনে অংশ নেয়ার জন্যে তাকে অনুরোধ করা হয়েছিল। (নিয়মিত দুধ খাওয়ার আহবান জানিয়ে ত্রিশ সেকেন্ডের এই বিজ্ঞাপনে পাররা বলেন – "জিরো প্রবলেম, আমিও দুধ খাই"।) প্রজেক্টে আরো অংশ নিয়েছিলেন বিখ্যাত কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা। পাররা উদ্যোক্তাদের জানান যে শাকিরা'কে যত সম্মানী দেয়া হচ্ছে, তাকেও যেন তাই দেয়া হয়। শোনা যায় যে আধ-মিনিটের জন্যে পাররা সম্মানী পেয়েছিলেন ত্রিশ হাজার ডলার – তাই মজা করে তিনি এখন সবাইকে বলেন যে তার রেট মিনিটপ্রতি হাজার ডলার। সান্তিয়াগোয় তার দুটো বাড়ি আছে, লাস ক্রুসেস-এ একটি আর ইসলা নেগ্রা'য় আরেকটি। যে বাড়িগুলোতে থাকেন না, সেগুলো দিয়ে কি করেন, কেউ বলতে পারে না।
পাররা'র ছোটবেলা কাটে বেশ দুঃখ-কষ্টে। শিক্ষক বাবার বদলির চাকরি ছিল বলে শৈশব আর কৈশোরে একপ্রকার ভবঘুরে ছিলেন তিনি। অবশেষে ১৬ কি ১৭ বছর বয়সে একলা পাড়ি জমান সান্তিয়াগোর উদ্দেশ্যে। গরীব ছাত্রদের জন্যে বৃত্তির সহায়তায় তিনি রাজধানীর অন্যতম মর্যাদাসম্পন্ন হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করেন। কলাবিদ্যার বিষয়গুলোতে ভালো মার্ক থাকলেও বিজ্ঞানে অত ভালো করেননি, তাই চিলি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গণিত এবং পদার্থবিদ্যায় ডিগ্রী নেবার সিদ্ধান্ত নেন। "আমি হারামজাদাদের দেখাতে চেয়েছিলাম যে ওরা আসলে গণিতের কিছুই জানে না"। পাশ করে শিক্ষক হিসেবে জীবিকা নির্বাহ করেন কিছুদিন, এরই মাঝে ১৯৩৮ সালে প্রকাশ করেন তার প্রথম বই Cancionero sin nombre ('নামহীন গীতিমালা')। ১৯৪৩ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রোভিডেন্স শহরে চলে যান, প্রখ্যাত ব্রাউন ইউনিভার্সিটিতে উচ্চতর বলবিজ্ঞান অধ্যয়নের লক্ষ্যে। এরপর বিলেতে স্থানান্তরিত হন ১৯৪৯ সালে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সৃষ্টিতত্ত্ব বা কস্মোলোজি নিয়ে গবেষণা করেন। অবশেষে ১৯৫১ সালে ফিরে আসেন চিলিতে, তার মাতৃ-শিক্ষায়তন চিলি বিশ্ববিদ্যালয়ে গণিত ও পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে নিযুক্ত হন।
১৯৪৯ সালে প্রকাশ করেন কবিতা ও প্রতি-কবিতা ('Poemas y Antipoemas')। এই সংকলনের আপাত-সরল কাব্যিক ভাষা লাতিন আমেরিকান কবিতায় বিপ্লবের সূচনা করে।
"খুব বুদ্ধিমান না, নিরেট গর্দভও না
আমি যা, তাই ছিলাম: মিশ্রণ
তেল আর ভিনেগারের, যা দিয়ে খাওয়া যায়
দেবদূত আর দানবের সসেজ"।
বইটির ভূমিকা লিখেছিলেন পাররা'র স্বদেশী পাবলো নেরুদা, যদিও ভবিষ্যতে দুই কবির সম্পর্কে টানা-পোড়েন দেখা দেয়। এর পেছনে অন্তত একটি কারণ ছিল, সমালোচক আর পাঠকরা পাররা'র কবিতাকে নেরুদা'র বিপরীত প্রতিক্রিয়া হিসেবে দেখতে শুরু করেন। যাই হোক, পরবর্তী বছরগুলো ছিল পাররা'র জন্যে অত্যন্ত ফলপ্রসূ সময়। ১৯৫৮ থেকে ১৯৬৭ পর্যন্ত তিনি চারটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন, এবং ১৯৬৯ সালে চিলির জাতীয় সাহিত্য পুরস্কার জয় করেন।
১৯৭০ সালে কবির বয়স যখন ৫৫, তিনি কিউবার 'কাসা দে লাস আমেরিকাস' সাহিত্য পুরস্কারের জুরি বোর্ডে দায়িত্ব পালন করছিলেন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও পাররা ফিদেল কাস্ত্রোর সমর্থক ছিলেন। এমন সময়ে এক লেখকসভায় অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে যাত্রা করেন। অনেকটা অপ্রত্যাশিত ভাবেই প্রেসিডেন্ট নিক্সনের স্ত্রী প্যাট নিক্সন সমবেত লেখকদের চা-পর্বের নিমন্ত্রন জানান। সবার সাথে পাররা'ও দাওয়াত পান হোয়াইট হাউজে। কিন্তু সময়টা ছিল সঙ্গীন – রক্তক্ষয়ী ভিয়েতনাম যুদ্ধ তখন তুঙ্গে। এমতাবস্থায় মিসেস নিক্সনের কাপ থেকে চা পানের অদূরদর্শিতার জন্যে পাররা'কে মাশুল গুণতে হয়। 'কাসা দে লাস আমেরিকাস' সংগঠন তাকে জুরি দায়িত্বের অযোগ্য ঘোষণা করে এবং বিচারক প্যানেল থেকে অব্যাহতি দেয়। যাবার বেলায় তাকে অপমান আর কটুক্তি করতেও কসুর করেনি তারা।
পাররা'র রাজনৈতিক অবস্থান এতে করে প্রশ্নবিদ্ধ হয়। কবির স্বভাবসিদ্ধ পন্থায় কিছুদিনের মধ্যেই তার লেখালেখিতে সন্দেহের প্রতিক্রিয়া চলে আসে। ১৯৭২ সালে কৃত্রিম সৃষ্টি ('Artefactos') নামে একটি গ্রন্থ প্রকাশ করেন তিনি – অলংকরণসহ বিভিন্ন বাণী আর উক্তির সমাহার। বইটি একাধারে বেয়াদবি, ব্লাসফেমি আর অপ্রীতিকর আলাপে পরিপূর্ণ। সুহৃদ সমালোচকরাও বলেন যে এটি কোন কবিতা হয়নি, আর যারা আরো বৈরী তারা অভিযোগ করেন যে ফ্যাসিবাদী শক্তির স্বপক্ষে এর চেয়ে ভালো প্রোপাগান্ডা আর হতে পারে না। ১৯৭৭ সালে জেনারেল পিনোশে'র সামরিক শাসনামলে পাররা প্রকাশ করেন আরো দুটি বই – 'এলকি'র যিশুর ধর্মোপদেশ ও নীতিবাক্য ("মাথা বাজি রেখে বলতে পারি, ফিলিস্তিনরা যখন ওকে অত্যাচার করে আমার মত কেউ হাসে না") এবং পুলিশকে ধোকা দেয়ার কৌতুক। তবে পিনোশের আমলে যে সব কবি লেখকরা স্বদেশ ছেড়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাদের সকলকেই কিছুটা সংশয়ের দৃষ্টিতে দেখা হতো। তাদের প্রতি অভিযোগ যে তারা সামরিক জান্তার বিরুদ্ধে আরো দৃঢ় প্রতিবাদ করেননি। পাররা'ও এই অভিযোগ থেকে মুক্তি পাননি। ১৯৮৫ সালে তিনি পাররা'র পাতা ('Hojas de Parra') শিরোনামে একটি সংকলন বের করেন, অতপর দুই দশকের দীর্ঘ নীরবতায় চলে যান।
উনিশ বছর যাবত উল্লেখযোগ্য কিছু প্রকাশ করেননি পাররা। অবশেষে ২০০৪-এ মৌনতা ভাঙ্গেন, শেক্সপীয়রের কিং লীয়ার নাটকের একটি নতুন অনুবাদের মাধ্যমে। পাররা'র অনুবাদ বিপুল প্রশংসা কুড়োয়, সমালোচকদের মতে স্প্যানিশ ভাষায় এটিই আজ পর্যন্ত শ্রেষ্ঠ লিয়ার। প্রকাশক মাতিয়াস রিভাস পাররা'র সাথে প্রথম আলাপ করেছিলেন এই নতুন সংস্করণ প্রসঙ্গে। তিনি বলেন – "লিয়ার বেরুবার পর পাররা এক বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, সেখানে হাজার হাজার ছাত্র-ছাত্রী তার পিছু নেয়। রাতারাতি রকষ্টার বনে গিয়েছিলেন তিনি"।
১৯৪০ সালে আনিতা ত্রংকোসো'কে বিয়ে করেন পাররা, তাদের তিনটি সন্তান হয়। ১৯৫১ সালে দ্বিতীয়বারের মত বিয়ে করেন, স্ত্রী ইঙ্গা পামেন ছিলেন সুইডেনের নাগরিক। বাড়ির হাউজকিপার রোসিতা মুনোজের গর্ভে তার একটি পুত্রসন্তান জন্ম নেয়। নুরি তুকা'র সাথে আরো দুটি সন্তান হয় – পাররা'র সাথে নুরির বয়সের ব্যবধান ছিল ৩৩ বছর। ১৯৭৮ সালে আনা মারিয়া মোলিনারে নাম্নী ত্রিশোর্ধ এক মহিলার সাথে কবির পরিচয় হয়। মোলিনারে তাকে ছেড়ে চলে যাবার পর পাররা তার স্মৃতি ভোলার জন্যে লেখালেখিতে ডুবে যান। সে সময়ের সৃষ্টি তার মন্ত্রবত তেজস্ক্রিয় কবিতা "কাল্পনিক মানুষ" –
"কাল্পনিক মানুষটি
থাকে কাল্পনিক এক অট্টালিকায়, কাল্পনিক গাছে ঘেরা
কাল্পনিক এক নদীর তীরে"।
তিন বছর পর আনা মারিয়া মোলিনারে আত্মহত্যা করেছিলেন। ১৯৯৮ সাল থেকে কম বেশি একাই আছেন কবি –
"আমার আসলে প্রয়োজন
একজন মারিয়া কোদামা
যে আমার লাইব্রেরিটা গুছিয়ে রাখবে"
শেষ বয়সে এসে খাম-খেয়ালী খ্যাপাটে বুড়ো হিসেবে পরিচিত হয়েছেন পাররা। নিজের জন্যে জামা-কাপড় কিনেন পুয়ের্তো সান আন্তোনিওর এক সেকেন্ড-হ্যান্ড কাপড়ের দোকান থেকে। সান আন্তোনিও পাড়া হিসেবে খুব একটা সুবিধার না হলেও কবি সবার সাথে সুসম্পর্ক রাখেন, শুধু সান আন্তোনিও না, সবখানেই। কিছুদিন আগে তার বাড়ি থেকে লেখালেখির কয়েকটি নোটখাতা চুরি গিয়েছিল। পাররা খবর পান যে স্থানীয় কিছু ডিলারের হাতে সেগুলো গেছে, পাওনার পরিবর্তে। পাররা তাদের খুঁজতে বের হন এবং নোটখাতাগুলো পুনরুদ্ধার করেন। কবির কাছে ক্ষমা চেয়ে নেয় ডিলাররা।
বই প্রকাশে তার অনিচ্ছা প্রবাদপ্রতিম। দিয়েগো পোর্তালেস বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার দুটি বই ছাপার উদ্যোগ নেয়া হয়েছিল – ভোজন পরবর্তী ভাষণ (২০০৬) এবং এলকি'র যিশুর প্রত্যাবর্তন (২০০৭)। চুক্তিতে স্বাক্ষর করতেই পাররা'র কয়েক বছর লেগে যায়, আর চূড়ান্ত পান্ডুলিপি মন-মতো গ্রহণযোগ্য করে তুলতে আরো কয়েক মাস। তার রচনাসমগ্র সংকলন ও সম্পাদনা করে প্রকাশ করতে সময় লেগেছিল প্রায় এক দশক।
"আপনার রচনাসমগ্র নিয়ে আপনি কি সন্তুষ্ট?"
"আশ্চর্যান্বিত। কবিতাগুলো আমি পড়ি, অথচ আমার মনে হয় না এই কবিতাগুলো যে মানুষ লিখেছিল, আমি সেই মানুষ। আমার মনে হয় যে আমি আসলে কখনোই সেভাবে কিছু লিখিনি – বরং সব সময় যেটা করে এসেছি, স্রেফ হাওয়া থেকে শব্দ তুলে এনেছি"।
"এই জায়গাটা বেশ সুন্দর, তাই না?" আমাকে জিজ্ঞেস করেন।
"হ্যাঁ, এখানে থাকতে পারলে মন্দ হতো না"।
"বলো, মরতে পারলে মন্দ হতো না। চিন্তা করো, মানুষ এত কিছু করে ফেলেছে, বুঝে ফেলেছে, কিন্তু এই একটা জিনিস তারা এখনো ঠাহর করে উঠতে পারলো না"।
"কোন জিনিস?"
"মৃত্যু। অন্যান্য জিনিস ঠাহর হয়ে গেছে। কিন্তু মৃত্যুকে আরো বেশি মনোযোগ দেয় না কেন ওরা?"
