২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলঙ্গ শহর: নান গোল্ডিনকে দেয়া নবুয়্যোশি আরাকির সাক্ষাৎকার।

shamimabinte_rahman

Published : 08 Jun 2013, 09:53 PM

Updated : 23 Jun 2022, 04:07 PM

জাপানি আলোকচিত্রী নবুয়্যোশি আরাকি'র জন্ম ২৫ মে, ১৯৪০ সালে, টোকিওতে। আরাকি নামেই ব্যাপক পরিচিতি তার। ফটোগ্রাফিতে যৌনতার ব্যবহার নিয়ে সারা দুনিয়াতে তার আলোচনা-সমালোচনা প্রচুর। সাড়ে ৩০০'র বেশি তার ফটোগ্রাফি বিষয়ক বই প্রকাশিত আছে। পাশ্চাত্যে তার ফটোগ্রাফি এখন রীতিমতো গবেষণার বিষয়। দেশে এবং দেশের বাইরে অনেক পুরস্কার আর সম্মাননা পেয়েছেন তিনি, যদিও জাপানের বাইরে গিয়ে কখনই তিনি কাজ করেননি এবং স্পষ্টতই কাজ করতে আগ্রহি নন।
নান গোল্ডিন: মার্কিন ফটোগ্রাফার। ১৯৫৩ সালের ১২ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি'তে জন্মাগ্রহণ করেন। গে এবং ট্রান্স সেক্সুয়াল কমিউনিটি তার কাজের একটা বড় ফোকাস। 'দ্য ব্যালাড অফ সেক্সুয়াল ডিপেনডেন্সি'( The Ballad of Sexual Dependency ) তার খুবই বিখ্যাত ফটো সিরিজ। নান গোল্ডিন কর্তৃক নবুয়্যোশি আরাকির এই সাক্ষাতকারটি বাংলায়
অনুবাদ করেছেন শামীমা বিনতে রহমান। বি.স ।

১৯৯২ সালে জাপানের দেজা ভ্যু ম্যাগাজিনের সম্পাদকেরা আমাকে আমন্ত্রণ জানাল নবুয়্যোশি আরাকির সঙ্গে এক সাক্ষাতের। এরমধ্যেই আমি জাপানি আলোকচিত্রের এই ক্ষেপাটে আলোকচিত্রী সম্পর্কে জেনে গিয়েছিলাম এবং ফটোগ্রাফিতে তার গাঢ় যৌনতার উপস্থাপন সম্পর্কে আমার ধারণা তৈরি হয়েছিল। জাপানে কড়া সেন্সরশিপ আইনের কারণে আমার 'দ্য বালাড অফ সেক্সুয়াল ডেপেনডিন্সি' বইটা দুষ্প্রাপ্য হলেও আরাকির কাছে এর একটা কপি ছিল। দুনিয়ার আরেক প্রান্তে আরেকজন আমার আগ্রহের জায়গায় মগ্নতা নিয়ে কাজ করছে জেনে আমি খুবই বিস্মিত হয়েছিলাম।

আমাদের প্রথম সাক্ষাৎ ঘটে সিনজুকু নামের একটা জায়গায়, ড্যাগ নামের তার নিয়মিত যাতায়াতের একটা জ্যাজ পানশালায়। ওইখানে সে আমাকে তার প্রিয় পানীয় আই. ডব্লিউ. হারপার ব্যোরবান নামে একটা লিকার উপহার দিয়েছিল, যাতে আবার আমার নাম লেখা ছিল। এখন সেটা রবার্ট ফ্রাঙ্কসের পাশেই সংরক্ষিত করে রাখা আছে। সেই রাতে সে আমাকে তার টোকিও শহর দেখিয়েছিল, আমরা গোল্ডেন গাইয়ের পেছনে লাগোয়া একটা পানশালায় গিয়েছিলাম, যেটা বেশ্যালয় হিসেবে ব্যবহৃত হয়। সেখানে ছয়জন লোক বসেছিল। এমনটা বলা হয়ে থাকে যে, আরাকিকে কেউই ধরতে বা বুঝতে পারে না, যেহেতু সে খুবই ঠাট্টা মশকরা করে কথা বলতে পছন্দ করে।

বেশিরভাগ জাপানি নারী তার আলোকচিত্রের যৌনতা নিয়ে কথা বলতে এত সংকুচিত হয় যে তার প্রসঙ্গ উঠলেই আতঙ্কিতভাবে বলে ওঠে, "সে কি আবার তার শিশ্ন নিয়ে কথা বলবে?"

জাপানে আরাকি সুপারস্টার। আপনি সিনজুকুর রাস্তা দিয়ে ঘুরে বেড়ালে আপনি বুঝতে পারবেন, তরুণ নারীরা চেঁচামেচি করছে, ইয়াকুজা গ্যাংস্টারসরা অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে, বেতনভোগী মানুষেরা তাদের নিজস্ব পথে থমকে আছে। পাশ্চাত্যের কোনো আলোকচিত্রীরই এ রকম জনপ্রিয়তা নেই। টোকিওর লোকজন আরাকিকে অনেক ভালোবাসে। সে তাদের নিজস্ব একজন, একান্ত বন্ধু এবং সে তাদের ফিরিয়ে নিতে চায়। একটা দীর্ঘ কবিতার মতো তার জন্মস্থান শহর এবং তার মন পছন্দের দিকে।

প্রায় একশ'র মতো আরাকির বই প্রকাশিত হয়েছে। সে একসময় আমাকে বলেছিল, সে বাণিজ্যিক আলোকচিত্রের মতো কাজ করে গেছে। অন্য লোকদের জনপ্রিয় করার জন্য ও এখন সে নিজেকে জনপ্রিয় করার জন্যই একজন শিল্পী। যদিও সে একটা লম্বা সময় ধরে জাপানেই নিজেকে উদযাপন করেছে; এই কেবল, অল্প কিছুদিন আগে সে পাশ্চাত্যের আলোচনায় উঠে এসেছে, পশ্চিমা শিল্পীদের প্রতিনিধিত্বকারী রবার্ট ফ্রাঙ্ক, জিম জারমুচ এবং আমার মাধ্যমে। গত কয়েক বছর ধরে তার গোটা শিল্পময় কর্মকাণ্ড উঠে এসেছে অস্ট্রিয়ার গ্রাজ, জার্মানির ফ্রাঙ্কফুর্ট, লন্ডন, কোলন এবং নিউ ইয়র্ক গ্যালারিতে প্রদর্শিত হয়েছে।

আসলে আরাকির শিল্পকর্ম শুরুই হয়েছিল ছড়িয়ে পড়বার জন্য, আমি নিশ্চিত কারও কারও কাছে এটা মনে হতে পারে, নারীর প্রতি বিদ্বেষ। আমি এটা মনে করি না কারণ সম্ভবত আমি পুরুষদের চিনি– মানুষ এবং জীবন সম্পর্কে আমি তার আগ্রহ এবং মাত্রাবোধ জানি, নারীর প্রতি তার ভালোবাসা এবং গভীর অনুভব সম্পর্কে আমার ধারণা হয়েছে। ধর্মীয় কারণে নিষিদ্ধ অথবা অতি সম্মানবোধ বা মাত্রাতিরিক্ত সচেতনদের প্রতি তার দুষ্ট ছেলের মতো ভঙ্গিও আমি জানি। স্কুলের নির্ধারিত পোশাকে বালিকা, দড়ি দিয়ে নানারকম প্যাঁচের ভেতর মেয়ের শরীর, হোটেলে নারীর ভালোবাসার শরীর– বারবার ফিরে ফিরে আসা আরাকির এসব আলোকচিত্র জাপানি পর্নোগ্রাফিতে ব্যাপক জনপ্রিয়; কিন্তু আরাকি শিল্প আর পর্নোগ্রাফির মধ্যকার বিভাজন রেখা অতিক্রম করে গেছেন। তার শিল্পকর্ম ভালোবাসার রংয়ে রাঙায়িত এবং এটা ভক্তি অর্ঘ্যের মতো–নারীর প্রতি এবং সৌন্দর্য্যের প্রতি এবং তার নিজস্ব আকাঙ্ক্ষার প্রতি। জাপানে, নারীর ভূমিকা ধারাবাহিক পরিবর্তনশীলতার এবং পাশ্চাত্যের নারীসত্ত্বা সম্পর্কিত ধারণা নতুন একেবারেই, অনেক তরুণ নারীর কাছেই আরাকির শিল্পকর্ম নারী স্বাধীনতার প্রতিচ্ছবি। নারীর শরীরের উপস্থাপন, মনোযোগ আকর্ষণের মতো যৌনতাকে তুলে নিয়ে আসা, তাদের কাছে স্বাধীনতার স্বাদ; তাই অল্পবয়সী মেয়েরা পাখির ঝাঁকের মতো আরাকিকে দিয়ে পর্নোগ্রাফি করানোর জন্য ঝাঁপিয়ে পড়ে।

আরাকির সঙ্গে প্রথম সাক্ষাতের পর আমরা প্রায়শই একসঙ্গে কাজের কথা ভাবতাম এবং এই কিছুদিন আগে আমরা যৌথভাবে একটা বই প্রকাশ করেছি : টোকিও লাভ (Tokiyo Love)। আমি বিশ্বাস করি, তিনি অনেকবারই এ রকম বিশালত্ব অর্জন করেছেন– টোকিও ইরোটোমেনিয়া ডায়েরি (Tokyo Erotomania Diary) বইয়ের মাধ্যমে এবং সেন্টিমেন্টাল না টাবি/ফুইয়ো নো টাবি (Sentimental na Tabi/Fuyu no Tabi) ইংরেজিতে যেটার নাম, Sentimental journey/winter journey, 1991; যে বইটাকে তিনি তার বিশুদ্ধতম বই হিসেবে আখ্যায়িত করেছেন, যেটা ১৯৭১ সালে তার স্ত্রী ইয়োকোর সঙ্গে তার মধু চন্দ্রিমা থেকে শুরু করে ১৯৯০ সালে ইয়োকোর ক্যান্সার রোগে মৃত্যু পর্যন্ত সময়ের গভীর, গতিময় উপস্থাপন রয়েছে। আরাকি নিজের দ্বারা পরিচালিত মানুষ। আমাদের ইন্টারভ্যুর দিনে, বিকাল বেলায় একটা ভাড়া করা স্টুডিওতে টানা ছবি তুলে যায়। সবসময়ের মতো সেখানে তার অনুসারিরা ছিল, আমরা সবাই মিলে একটা স্প্যানিশ রেস্টুরেন্টের খেতে গেলাম। কথা বলতে বলতে স্ক্যুইড নাস্তা খেলাম চ্যাপিস্টিক দিয়ে। তারপর আবার আমরা স্টুডিওতে ফেরত আসলাম, সেখানে আগে থেকেই ন্যুড ফটোগ্রাফি নিয়ে এক কর্মশালা পরিচালনা করছিল আরাকি, এক নগ্ন নারী ছিল মডেল। ওখানে টোকিওর নেতৃস্থানীয় পরিচালক, ডিজাইনার, সম্পাদক, অভিনেতারা অংশগ্রহণ করেছিল এবং মধ্যরাত পর্যন্ত তাদের কর্মশালায় ব্যস্ত রাখে আরাকি।

নান গোল্ডিন : পাশ্চাত্যেরা জাপানিদের সম্পর্কে একটা বিষয় মনে করে যে, এরা হল, খুবই মূল্যবোধ, আচার-প্রথায় বিশ্বাসী কনফরমিস্ট সোসাইটির বাসিন্দা। জাপানি একটা প্রবাদ আছে, তুমি একটু ব্যতিক্রম আচরণ কর মানেই অন্য সবার চাইতে আলাদা, হুঁ?

নবুয়োশি আরাকি : না, আমি সেই নখ না যা খসে পড়ে। সম্ভবত আমার জন্মগতভাবে নিয়ে আসা বৈশিষ্ট্যের কারণে এইরকম। আমি একটা দুষ্ট ছেলের চাইতে একটু বেশি কিছু।

না. গো. : টোকিও লাভ নামে আমাদের যৌথ বইয়ে তুমি লিখেছ, তুমি এখন কেবল সুখের ফটোগ্রাফ করতে চাও।

ন. আ. : হঁ্যা। কিন্তু সুখ সবসময় একটা কিছুর মিশ্রণ যেমন সুখহীনতা এর একটা উপকরণ। যখন আমি সুখহীনতার ফটোগ্রাফ করি, তখন আমি কেবল সুখহীনতারই ফটোগ্রাফ করি, জন্ম, মৃত্যু এবং যা যা কিছু এর মধ্য দিয়ে আসে। সুখহীনতা গুরুত্বপূর্ণ আর ভারি; সুখ হাল্কা, কিন্তু সুখের নিজস্ব একটা ভার আছে, মৃত্যুর তাঁত বোনার মতো।

না. গো. : তুমি সবসময়ই এমন বল কেন যে ফটোগ্রাফির নিজরেই একটা মৃত্যু গন্ধ আছে?

ন. আ. : গতি জড়তা কী, তা তৈরি করাটা এক ধরনের মৃত্যু। ক্যামেরা নিজে, ফটোগ্রাফ নিজে, মৃত্যুর ডাক দিয়ে যায়। এছাড়াও, যখন আমি ফটোগ্রাফি করি তখন আমি মৃত্যুর কথা ভাবতে থাকি, যেটা ফটোগ্রাফির প্রিন্টের মধ্য দিয়া বাইর হয়ে আসে। হয়তো বা সেটা প্রাচ্যের, গৌতম বুদ্ধের ভাব ধারণা থেকে আসা। আমার কাছে ফটোগ্রাফি একটা ক্রিয়া, যেটা সাবজেক্টের ভেতর দিয়ে আমার নিজ সত্ত্বাকে বের করে নিয়ে আসে। মৃত্যুর সঙ্গে সম্পর্কিত হওয়ার গন্তব্যে যায় ফটোগ্রাফি। বাস্তবতা রংয়ের মধ্যে অবস্থান করে, কিন্তু ফটোগ্রাফির শুরুতে বাস্তবতাকে সবসময় রংহীন করে ফেলে, এবং সেটা সাদা-কালোয় রূপ নেয়। রং জীবন আর সাদা-কালো মৃত্যু। ফটোগ্রাফির আবিষ্কারের মধ্যেই একটা ভুত লুকায়া ছিল।

না. গো. : অনেক মাস্টার ফটোগ্রাফার আছে, যারা অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন যেমন রবার্ট ফ্রাঙ্ক, ল্যারি ক্লার্ক এবং উইলিয়াম ক্লেইন স্থির আলোকচিত্রের উপর হতাশ হয়ে ফিল্ম বানানো শুরু করেছেন।

ন. আ. : আমি আমার 'আরাকিনামা শো'র মধ্য দিয়ে এই অনুভূতির সমাধান করেছি। অন্য একটা প্রকাশ মাধ্যমে অবস্থান পাল্টানোর এই প্রক্রিয়াটা খুব একটা শৈল্পিক নয় যে আমাকে আকর্ষণ করবে। এটা আবেগের চাইতেও বেশি কিছু– এটা জৈবিক অস্থিরতা যা মৃত্যুকে নিয়ে আসে জীবনের কাছে। ফটোগ্রাফি যেটা হত্যা করেছে, আমি সেটাকে পূনর্জাগরিত করতে চাই। প্রত্যেকটা ফটোগ্রাফ শ্রবণযোগ্য এবং লেখাযোগ্য শব্দকে হত্যা করে, একটা সাদামাটা প্রিন্টের মধ্য দিয়ে। আমি শোনা ও লেখাযোগ্য শব্দ যোগ করতে চাই আমার ফটোগ্রাফিতে। চলচ্চিত্র কাছে টানে, কিন্তু একজন ফটোগ্রাফার দ্বারা চলচ্চিত্র, সাধারণত, ফটোগ্রাফ দেখানোর আলাদা একটা মাধ্যম। ফটোগ্রাফার সেখানে গতিশীলতাকে ব্যবহার করে কেবল ফটোকে প্রাণবন্ত করার জন্য। এমনকি যদি ফ্রাঙ্ক, ক্লার্ক এবং ক্লেইন ছবি বানানোর চেষ্টা করে, আমার যথেষ্ট সন্দেহ আছে তারা চলচ্চিত্রে উৎসাহি হবে কি না। তারা সব সময় ফটোগ্রাফারই থাকবে–কেবলমাত্র তারা তাদের ফটোগ্রাফকে চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রকাশ করবে।

না. গো. : আরাকিনামা কি- একটা চলচ্চিত্র? না কি স্থির চিত্রের ভিডিও?

ন. আ. : আরাকিনামা, একই সঙ্গে দুইটা স্লাইড প্রজেক্টরে প্রদর্শন করা স্লাইড শো, যাতে করে ফটোগ্রাফগুলো একটার উপর আরেকটা পড়ে। আরাকিনামার জোরের জায়গাটা হল, যখন ফটোগ্রাফগুলো দ্বৈতভাবে হাজির হয়, তখন দেখার মধ্যে এক ধরনের দৃষ্টি সংবেদনশীলতা তৈরি হয়। আমার বিষয়ের সঙ্গে আমার কী সম্পর্ক, সেটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে–যখন আমি কাজ করতে থাকি, তখন বিষয় ও আমার নিজের মধ্যকার সম্পর্কের সঙ্গে সময় ও স্থানের যোগাযোগকে আমি গুরুত্বের সঙ্গে নেই–তাতে করে অনেক বেশি সংবেদনশীল ফটোগ্রাফ তৈরি হয়, যেটা তুলনামূলকভাবে যথার্থ মনে হয়। আমি যদি আগের পুরনো ফটোগ্রাফের সঙ্গে নতুন কোনো একটার সংযোগ ঘটাই, আরাকিনামায়, নতুন কিছু একটা বের হয়ে আসতে পারে হয়তো, জানি না। যখন আমি ছবি তুলি, তখন আমি বিষয়ের সঙ্গ হয়ে উঠি আর যখন আমি ফটোগ্রাফগুলোর প্রদর্শন করি, তখন একটা আরেকটার সঙ্গ হয়ে উঠে। এবং দর্শকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় এর মধ্য থেকেই।

না. গো. : তুমি কি কখনও ফিল্ম বানিয়েছ?

ন. আ. : ১৯৬৩ সালের দিকে আমি একটা ১৬-মিমি ফিল্ম বানিয়েছি বোলেক্স ক্যামেরা দিয়ে। এটা ছিল জন ক্যাসাভিটসের মতো। আমি তখন রবার্তো রোসেলিনি এবং এবং ভিত্তেরিও দি সিকার বানানো ইতালিয়ান নয়া বাস্তববাদী ফিল্ম দেখতাম। রাস্তায় ছেলেমেয়েদের মেলা মেশা নিয়ে তাদের বানানো ডক্যুমেন্টারি আমার অনেক পছন্দ হয়েছিল এবং সাধারণ মানুষদের দিয়ে অভিনয় করানোটা বেশ ছিল। আমার প্রতিবেশির একটা যুদ্ধপূর্ব পুরাতন অ্যাপার্টমেন্ট দেখেছিলাম, সেখানে যে ছেলেটা থাকত, আমি তাকে অনুসরণ করতাম, যেন আমি তার মধ্যে আমার নিজেকে দেখতে পেতাম। ১৬ মিমি ফিল্মে শুট করসিলাম এবং একই সঙ্গে একই বিষয়ের উপর স্টিল ফটোগ্রাফিও করসিলাম। সেসব ফটোগ্রাফ সচিন (আরাকি যার ছবি তুলেছিল, সেই ছেলের নাম) নামের বইতে একসঙ্গে জড়ো করেছি, বইটা কেবল প্রকাশ হয়েছে। তো সত্যিই আমি মুভি দিয়ে শুরু করি– একসঙ্গে ৩টাই করি।

না. গো. : তুমি তখন অনেক তরুণ– কুড়ির মতো বয়স . . .

ন. আ. : ১৯৬৪ সালে, আমার বয়স ২৪ বছর। সম্ভবত সিরিজ বা ধারাবাহিকের মধ্য দিয়ে আমার ফটোগ্রাফ দেখানোর আকাঙ্ক্ষাটা আসছে ১৬ মিমি ফিল্ম বানানোর অভিজ্ঞতা থেকে। বানমেই তাকাহাশির (Banmei Takahashi) সাম্প্রতিক ফিল্ম 'দ্য নিউ ওয়ার্ল্ড অফ লাভ'-এ আমার বেশ কিছু ফটোগ্রাফ আছে। সিনেমার সঙ্গে সেই সম্পর্ক আসলে সবসময়ই আছে।

না. গো. : তুমি কখন থেকে ছবি তোলা শুরু করেছ?

ন. আ. : ফিল্ম বানানোর আগে থেকেই আমি ছবি তুলতাম। কিন্তু যখন আমি ফিল্ম বানানো শুরু করেছি, সেই সময়টায় আমি ফটোগ্রাফিকে গুরুত্বের সঙ্গে নিলাম। আমার প্রাথমিক স্কুলে যাওয়ার বয়সে আমি প্রথম ফটো তুলি, ১৯৫০-র দশকে, স্কুল থেকে বেড়াতে নিয়ে গেছিল তখন। বাবা, যিনি নিজে একজন সৌখিন ফটোগ্রাফার, আমাকে বেবিপার্ল নামে একটা ক্যামেরা দিয়েছিল, ওটা আমি ওই বেড়ানোর সময় সঙ্গে করে নিয়ে যাই। আমার সহপাঠী যাদের পছন্দ করতাম, তাদের ছবি তোলা শুরু করে দেই এবং ধর্মীয় পবিত্র স্থানের।

না. গো. : একটা বেবিপার্ল?

ন. আ. : বেবিপার্ল একটা ক্যামেরা ছিল, সঙ্গে ছিল বাতাসে গতি সৃষ্টিকারী যন্ত্র; জার্মানি না জাপানের তৈরি যেন, আমার মনে নাই কোথাকার। আমি শুধু মেয়েদের ছবি তোলা দিয়েই আমার ফটোগ্রাফি শুরু করিনি, প্রাকৃতিক দৃশ্যেরও ছবি তুলতাম শুরুর দিকে। একেবারে অতি সাম্প্রতিক সময়ে প্রকাশিত 'টোকিও ন্যুড' এ দুই-ই আছে; নগ্নতা এবং প্রাকৃতিক দৃশ্য। সুতরাং সবসময়ই আমি একই কাজ করে যাচ্ছি। আমার তেমন কোনো অগ্রগতি নেই।

না. গো. : তোমার বাবা কি জুতা প্রস্তুতকারী?

ন. আ. : টোকিওতে আমার বাবার নিজের একটা কাঠের তৈরি চাইয়ের দোকান ছিল। তিনি যখন কাজ করতেন না, তখন ছবি তুলতেন। তিনি সাধারণ প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলতে পারতেন ভালো। সাধারণ, গতানুগতিক জাপানি ছবি বলতে যা বোঝায়, সামনে একটা মাঠ, পেছনে ফুজি পাহাড়, এ রকম ছবি তুলতেন তিনি।

না. গো. : তুমি যখন বিখ্যাত হয়ে গেলে, তখন কি তিনি বেঁচে ছিলেন?

ন. আ. : তরুণ আলোকচিত্রীদের জন্য একটা পুরস্কার আছে, তাইয়ো এওয়ার্ড; ১৯৬৪ সালে আমি যখন সেই পুরস্কারটা পাই তখনও তিনি বেঁচে ছিলেন। আমার বাবা টোকিওর সিতামাছি এলাকায় বড় হয়েছেন, যেটা পেশাজীবীদের আবাসস্থান নামে পরিচিত; এবং খুবই লাজুক প্রকৃতির ছিলেন, সে কারণে তিনি কখনও প্রকাশ করতেন না যে তিনি ঠিকঠাক, সুখী মানুষ। তার মৃত্যুর পর প্রতিবেশীরা যদিও আমাকে বলেছিল যে, তিনি আমার কথা প্রায়ই বলতেন। আমার পুরস্কার পাওয়ার খবরটিও সবার সঙ্গে শেয়ার করেছিলেন। এখন যদি তিনি বেঁচে থাকতেন এবং বিদেশি এক ফটোগ্রাফারের সঙ্গে আমাকে দেখতেন, যার নাম নান গোল্ডিন, নিশ্চয়ই তিনি চমৎকৃত হতেন ব্যাপক। যে পথে আমি এখন আছি, আমি তাকে আমার নিজেকে দেখাতে পারব, মনে হচ্ছে।

না. গো. : জাপানের রাস্তা ঘাটে সাধারণ লোকজন তোমাকে চিনতে পারে। তুমি তো সুপারস্টার। আর কোনো জাপানি ফটোগ্রাফার আছে, তোমার মতো এ রকম বিখ্যাত?

ন. আ. : আমি সে রকম তো মনে করি না। বেশিরভাগ বিখ্যাত জাপানিদের ব্যক্তিগত গাড়ি আছে, ওরা গাড়িতে চড়ে। আর আমি এখনও সাব-ওয়ে ব্যবহার করি। আমি রাস্তায় সাধারণ মানুষদের সঙ্গেই চলা ফেরা করতে পছন্দ করি।

না. গো. : তোমার কাজে যৌনতার যে আচ্ছন্নতার প্রকাশ দেখা যায় এবং তোমার দেশে যৌনতার প্রকাশ নিয়ে নিষেধের যে কড়া আইন আছে; তুমি কখনও কর্তৃপক্ষের হাতে নাজেহাল হয়েছ?

ন. আ. : হঁ্যা। শুধু পুলিশের সঙ্গে আমার সেই অভিজ্ঞতা, মানুষের কাছ থেকে না। একবার আমার এক প্রদর্শনীতে পুলিশ এসে হাজির; বলতে পার, আমি লাকিলি তখন ওখানে ছিলাম না, নাইলে অন স্পট অ্যারেস্ট হতাম। গ্যালারির দর্শকদের সরিয়ে ফেলা হয়েছে। এটা ছিল ১৯৯২ সালে আমার 'ফটোম্যানিয়া ডায়রি' প্রদর্শনী। আমরা সেখানে প্রচুর লাইট বক্স লাগিয়েলাম, প্রায় দেড় হাজার ৩৫ মিমি স্লাইড ছিল; এগুলো আসলেই অনেক ছোট ছিল, তার মধ্যে আটটি-ই ছিল যৌনাঙ্গের ফটো। পুলিশ ম্যাগনিফায়িং গ্লাস দিয়ে প্রত্যেকটা স্লাইড দেখেছিল তখন।

না. গো. : তোমার 'Obscenities' এবং 'Bokuju-kitan' সিরিজ কি এরই প্রতিক্রিয়ার ফল?

ন. আ. : হঁ্যা। সেই সময়কার অনুসন্ধানের সময় কর্তৃপক্ষ আমাকে সোজাসাপ্টা জানিয়ে দিল যে, কোনো ফটোগ্রাফে যৌনাঙ্গ দেখানো যাবে না। তো আমার মাথায় একটা বুদ্ধি এল যে, তাহলে জেনিটেলিয়া বা নারীর যৌনাঙ্গের ফটোগ্রাফের মধ্যে হালকা একটা দাগ, মানে স্ক্রাচিং পদ্ধতি খাটানো যায়, যাতে যৌনাঙ্গ সরাসরি দেখা যাবে না। আসলে এটা করে আমি মানুষকে বোঝাতে চাইলাম, যৌনাঙ্গ, অঙ্গ হিসেবে অনৈতিক কিছু নয়, কিন্তু যখনই তুমি একে লুকিয়ে রাখার চেষ্টা করবে, তখনই এটা অনৈতিক মনে হবে।

যুদ্ধের সময়, জাপানে এ রকম নিষিদ্ধতার কোনো আইন ছিল না, তখন Bokuju অথবা চায়না কালি দিয়ে ছবি আঁকত পেইন্টাররা। তাই আমার নতুন বই 'Bokuju-kitan'এ আমি জেনিটেলিয়া বা নারীর যৌনাঙ্গের ফটোগ্রাফের উপর চায়না কালি ঢেলে দিলাম, কেবল এটা বোঝাতে যে, এ রকম প্রকাশ আরও বেশি অনৈতিক।(Bokuju, Chinese ink, kitan, strange stories; Araki in punning on the title Bokuto-kitan, "Strange stories from east of the river," a famous novel by Kafu Nagai.) । শুধুমাত্র সেন্সরশিপকে প্রতিরোধ করার জন্যই আমি এটা করেছিলাম এমন না, এটা আমার একটা ঠাট্টা ছিল। আমি শিল্পের আলাদা একটা ফরম বা ধরন তৈরি করতে পেরেছিলাম এর মধ্য দিয়ে। যদি নিষিদ্ধতার আইন নতুন কোনো একটা ধরনের প্রকাশ ঘটাতে সাহায্য করে, ক্ষতি কী– এ রকম কিছু আইন থাকলে!

আমি যখন প্রথম নারীর যৌনাঙ্গের ফটোগ্রাফি করতে শুরু করলাম তখন, পিউবিক হেয়ার বা যোনি কেশ দেখানোতে কোনো বাঁধা ছিল না। যখন আমাকে বলা হল, আমি নারীর যৌনাঙ্গের কোনো ফটোগ্রাফ দেখাতে পারব না, তখন আমার মনে হল, প্রাপ্তবয়স্কদের খেলনা বা বিদেশি কোনো বস্তু যৌনাঙ্গের মধ্যে রাখলে, এটা লুকিয়ে রাখা হবে এবং তা হয়তো গ্রহণযোগ্য হবে।

তারা বলল, না। সম্ভবত তারা বুঝতে পেরেছিল, শুধু নগ্নতা আসলে যৌন উদ্দীপক নয়, যখন সেখানে কোনো একটা ক্রিয়া থাকে বা কোনো একটা সম্পর্ক দেখা যায়, তখন শরীর উদ্দীপক হয়ে ওঠে। আমি ফটোগ্রাফিতে অনৈতিকতা নিয়ে যা করছি, তা Edo যুগের বসন্ত চিত্রমালার (spring pictures, pornographic woodblock prints) মতো, যেটাতে নারী যৌনাঙ্গ আর মুখ দেখা যেত আর পুরো শরীর কাপড় দিয়ে ঢাকা থাকত। হয়তো ভবিষ্যতে এই বসন্তের চিত্রমালার ধারা না-ও থাকতে পারে, কিন্তু বসন্তের ছবিমালার (spring photos) জন্য এটা ঠিকই আছে।
না. গো. : জাপানের নারীদের তোমার কী মনে হয়? কিছু আমেরিকানদের জানার ইচ্ছে, তোমার বিরুদ্ধে ওদের কোনো অভিযোগ আছে কি না।

ন. আ. : কখনও ছিল না, নেই। আমি যদ্দুর জানি, ওরা আমাকে ভালোবাসে।

না. গো. : কোনো আলোকচিত্রী তোমাকে অনুপ্রাণিত করেছে?

ন. আ. : আমার আগের সব ফটোগ্রাফার, এমনকি তারা খারাপ ছবি তুললেও বা আমার স্টাইলের না হলেও, আমার পছন্দের। বিদেশি ফটোগ্রাফারদের মধ্যে ফ্রাঙ্ক, ক্লেইন, ইউজিন, আটগেট, ওয়াকার ইভান্স, এড ভান দের এস্কান এবং ব্রাসাই ছিল আমার যৌবনের আরাধ্য। ডেনস্টু নামে একটি সংস্থায় বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা আমার আছে, সুতরাং বিদেশি ম্যাগাজিন চোখ বুলানো বা পাঠের অভ্যাস থাকায় এ বিষয়ে বিস্তর তথ্য আছে আমার কাছে। রিচার্ড অ্যাভেডন এবং আইরভিং পেন-এর কাজ দেখার অভিজ্ঞতা আমি স্মরণ করতে পারি।

না. গো. : আমার মনে হয়েছে তোমার কাজের মধ্যে ফ্রাঙ্ক বিশেষভাবে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তার সঙ্গে তোমার সাক্ষাতের অভিজ্ঞতা কেমন?

ন. আ. : কোনো এক জাপানি তাকে আমার 'আরাকিস টোকিও এরোটোমানিয়া ডায়রি' বইটা দিয়েছিল। পরে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, জাপানের কোন ফটোগ্রাফার তোমাকে টানে?

উনি জবাব দিয়েছিলেন, আরাকি। উনি যখন টোকিও এসেছিলেন, তখন তার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল। আমি তাকে আমার বড়ভাইয়ের মতো দেখি। বাট তিনি আমার চেয়ে অনেক বেশি সিরিয়াস।

না. গো. : চিত্রকলায় ফটোগ্রাফিকে ব্যবহার করা আমেরিকান আর্টিস্ট, যেমন সিনডি শ্যেরমানকে তোমার কেমন লাগে?

ন. আ. : আমার সিনডি শ্যারমানের কাজ ভালো লাগে। ওর কাজকে ফটোগ্রাফি থেকে দূরত্বের মনে হয় না।

না. গো. : জাপানি ফটোগ্রাফারদের নিয়ে বলো এবার।

ন. আ. : ফটোগ্রাফি যখন শুরু করি ইয়হি কিমুরা এবং কেন ডোমন তখন খুব সক্রিয় ছিল; কিন্তু তাদের কাজের ধরন আমার চেয়ে একেবারেই আলাদা। যেসব ফটোগ্রাফারদের কাজ আমি পছন্দ করেছি এবং তাদের সঙ্গে যুক্ত ছিলাম, তাদের মধ্যে শোমিই তোহমাতসু, ডেইডো মোরিয়ামা এবং আরেকজন খুব অল্প পরিচিত তাকুমা নাকাহিরা ছিলেন। কিন্তু ১৯২০, ৩০-এর দশকে জাপানি ফটোগ্রাফি ইউরোপ এবং এরপর আমেরিকান ধারা দ্বারা প্রভাবিত ছিল। ৬০ এবং ৭০-এর দশকে আমরা সবাই ফ্রাঙ্ক আর ক্লেইনের কাজের দিকে তাকিয়ে থাকতাম এবং আমেরিকান ফটোগ্রাফি প্রদর্শনীর একটা ক্যাটালগের কথা মনে আছে, 'কনটেম্পরারি ফটোগ্রাফারস–টুয়ার্ডস এ সোস্যাল ল্যান্ডস্কেপ' (জর্জ ইস্টম্যান হাউজ, রচেস্টার, ১৯৬৬); আমি সম্ভবত সেসব ফটো দ্বারা প্রভাবিত হয়ে থাকতে পারি। আমি অবশ্য এটাকে প্রভাব হিসেবে দেখতে চাই না, যদিও আমি আমার সাবজেক্ট নারী এবং রাস্তা দ্বারা খুবই প্রভাবিত, অন্যসব ফটোগ্রাফারদের চাইতে। বিদেশের ফটোগ্রাফাররা আমার কাজ নিয়ে খুব আগ্রহী কারণ আমি সব সময় টোকিওতেই কাজ করে যাচ্ছি। পশ্চিমাদের কোনো প্রভাব আমার কাজের মধ্যে নাই, এটা একেবারেই আমার সাবজেক্টের সঙ্গে আমার সম্পর্কের উপর নির্ভরশীল।

না. গো. : ইউরোপ বা আমেরিকায় সাফল্য তোমাকে কতটা আগ্রহী করে?

ন. আ. : খুব একটা না। আমি বিদেশে ভ্রমণ করিনি। সারা পৃথিবীর লোকজনদের আমার কাজ দেখানোর খায়েস তেমন নাই। আমার নতুন বই Bokuju-kitan মাত্র ১ হাজার কপি ছাপানো হয়েছে, সেটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়।

না. গো. : তোমার কি শুধুমাত্র ভ্রমণ বা আনন্দ করা বা আমাকে দেখতে আসার জন্য বেড়াতে বের হতে ইচ্ছে করে না?

ন. আ. : এটা যদি কেবল তুমি-আমি দুজনের জন্যই হয়, কাল থেকে ইংরেজি ক্লাস শুরু করব।

না. গো. : কিন্তু তুমি কি ছবি তোলার জন্য ভ্রমণ করতে চাও না?

ন. আ. : আমি ১৯৭৯ সালে একবার নিউ ইয়র্কে গিয়েছিলাম ছবি তুলতে। সেটা সত্যি দারুণ উত্তেজনার ছিল। কিন্তু আমি আমার ফটোগ্রাফি প্রক্রিয়ার মধ্যে কিছু শব্দ ব্যবহার করি, যেটা বিদেশে করতে যাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। আমি সাধারণত যখন ছবি তুলি, আমার মডেলের সঙ্গে কথা বলতে থাকি; এটাকে আমি বলি 'শব্দপর্ব'। শব্দ আসলে জরুরি হত না, যদি আমি আমার সাবজেক্টকে একটা নিতান্ত জিনিস বা অবজেক্টের মতো দেখতাম; কিন্তু আমি আসলে ছবি তুলি আমার সাবজেক্টের সঙ্গে আমার সম্পর্কের, আমাদের মধ্যকার ক্রিয়াকাণ্ড, সময় এবং ভাবের মধ্যকার প্রবাহ, আদান-প্রদানের। যদি আমি বিদেশিদের ছবি তুলি আমাকে প্রথমেই ভাষা শিখতে হবে।

না. গো. : কতগুলো বই তুমি প্রকাশ করেছ?

ন. আ. : শ'খানেকের মতো।

না. গো. : ইউরোপ, অ্যামেরিকায় তোমার ৫টা কি ৬টা বই পাওয়া যায়, তারা এখন তোমাকে নিয়ে ভাবতে শুরু করেছে তুমি এত জনপ্রিয় কেন– তুমি ওভার এক্সপোজড কি না এটাও তারা ভাবছে, অন্য জাপানি ফটোগ্রাফাররা কি এত বেশি প্রকাশনায় গেছে তোমার মতো?

ন. আ. : না, কিন্তু আমি আসলে এক ধরনের ফটো উপস্থাপন করতে উৎসাহি টাইপ, photo-play-aholic। মানুষজন ভাবে যে আমি এত প্রকাশনায় গেছি কেন, কিন্তু ফটোগ্রাফি আমার কাছে মনে হয়, এটা প্রথমত তোলা এবং তার পরপরই প্রকাশনার বিষয়। এই মাধ্যমের ধরনটাই এ রকম যে, যাবতীয় সব বিষয় নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই, শুধু কাজটা করে যাওয়া ছাড়া।

না. গো. : একটা বই প্রকাশ করতে তুমি কী রকম সময় নাও?

ন. আ. : কোনো নির্দিষ্ট সময়ঘণ্টা বাঁধা নেই–কখনও একমাস, কখনও একবছর নির্ভর করে, তুমি কী মনে কর।

না. গো. : তুমি যেমন আমার সঙ্গে যৌথভাবে একটা প্রকাশনায় গিয়েছ, এ রকম অন্য কোনো ফটোগ্রাফারের সঙ্গে কি তুমি যৌথ প্রকাশনায় গ্যাছ?

ন. আ. : যৌথ কাজ এক ধরনের ভালোবাসার সম্পর্ক। না, আমি অন্য কারও সঙ্গে এ রকম যৌথ কাজে যাইনি।

না. গো. : তোমার বইগুলোর মধ্যে আলাদা করে প্রিয় কোনো বই আছে কি?

ন. আ. : সেন্টিমেন্টাল না টাবি/ফুইয়ো নো টাবি (Sentimental na Tabi/Fuyu no Tabi (Sentimental journey/winter journey) বইটা। আমি এই বইটাকে বেছে নিলাম, কারণ এটাকে আমি চিহ্নিত করি আমার কাজের আরেকটা ভিন্ন ধাপ হিসেবে। আমি এর আগেই তোমাকে যেটা বলেছিলাম, আমার কাজের আকাঙ্ক্ষা হল, সুখ এবং বেঁচে থাকার আনন্দকে শুট করা, যেটা আমি মৃত্যুর ভেতর দিয়ে এখানে উপস্থাপন করেছি। আমি তখন থেকে অনেক ধরনের ছবি তুলি কিন্তু ফটোগ্রাফি একটা ডায়রির মতো, দৈনন্দিন দিনপঞ্জীর রেকর্ড–এই ধারণার কাছে সেগুলা বাষ্পের মতো উড়ে যায়।

না. গো. : তোমার এখন সব শেষ আচ্ছন্নতা কী, তোমার সব শেষ কাজ কোনটা এখন?

ন. আ. : আমার একটা আচ্ছন্ন করা সাবজেক্ট হল, মৃত্যু থেকে জীবনের দিকে যাত্রা। ডায়রির মতো এ কাজটা করে যাচ্ছি। একটা সাধারণ ক্যামেরা দিয়ে সব ছবি তুলেছি। আগামী বসন্তে বইটা বের হবে।

না. গো. : আমার কাছে মনে হয়েছে, তোমার এত প্রকাশনায় যাওয়ার একটা অনুপ্রেরণা আছে। আরেকটা দিক হচ্ছে, তুমিই আমার দেখা একমাত্র ফটোগ্রাফার, যে তার নিজের ইচ্ছামতো ফরমেট ভাঙে-গড়ে।

ন. আ. : ফটোগ্রাফি হল ক্যামেরার সহযোগিতায় একটা কাজ। প্রত্যেক ক্যামেরাই আলাদা। আমাদের সময়কে কেবল একটা ক্যামেরা দিয়ে ধারণ করা সম্ভব নয়। একটা নির্দিষ্ট পরিকল্পনার জন্য একটা ক্যামেরা ব্যবহার করা ঠিক আছে। আমি যদি ৬ বাই ৭ ক্যামেরা দিয়ে একজন নারীর ছবি তুলি, তারপর একটা সাদামাটা ক্যামেরা দিয়ে আবার তার ছবি তুলি; সেটা ভিন্ন রকম হবে। তুমি যদি ক্যামেরাকে ‌'পুরুষ' মনে কর, তাইলে অনেক ক্যামেরায় এক বিষয়ের ছবি তোলা হবে, একজন নারীর দিকে ৪-৫ জন পুরুষকে ছুড়ে দিচ্ছ। অবশ্যই তার প্রতিক্রিয়া হবে ভিন্ন রকমের। এটা ক্যামেরার উপরও নির্ভর করে, ক্যামেরা নিয়ে আমার বিস্তর অভিজ্ঞতা; প্রথম দিকে আমি যে ক্যামেরা ব্যবহার করেছিলাম, সেটার ব্যবহার অনেক জটিল ছিল।

না. গো. : পুরনো প্রেমিক আর নতুন প্রেমিকের মতো।

ন. আ. : ভালোবাসা নির্ভর করে তুমি আসলে কোন ধরনের মানুষ ডিল করছ।

না. গো. : তুমি কখনও পুরুষ অথবা ছেলের ছবি তুলেছ কি?

ন. আ. : খুব অল্প, কিন্তু আমি আরও বেশি তুলতে চাই। আমি সাবজেক্টের সঙ্গে সম্পর্কের ছবি তুলি। যখন আমি পুরুষের সঙ্গে যাই, তখন আমি অনেক দেরিতে বোঝা মানুষ, একই সঙ্গে অপূর্ণ মানসিকতা সম্পন্ন ছিলাম। আমি এখন শুরু করতে পারি মনে হয়।

না. গো. : তুমি কি ওসাকায় কোনো বক্সারের ছবি তুলতে যাওনি?

ন. আ. : হঁ্যা, তার নাম তাতসুয়েসি জৈচিরো। একজন আমাকে বলল তার সঙ্গে কুস্তি করতে, আমি খুবই আগ্রহী হলাম। আমি যে রকম ছবি তুলতে চাচ্ছিলাম, সেটা তার সঙ্গে যায় না, কিন্তু তার পৃথিবীর ছোট্ট পরিসরের সঙ্গে একটা ট্রেনিং হয়ে গেল বলা যায়। সে তখন তার ক্যারিয়ারে একটা নিরাপত্তাহীন জায়গায় ছিল, সে নিশ্চিত ছিল না, সে জিতবে কি না। আমি পুরুষের দুর্বলতার ব্যাপারে আগ্রহী।

না. গো. : তুমি কি তোমার মডেলের সঙ্গে সেক্স করেছ?

ন. আ. : বলা যায় সবসময়। ফটো শুট করা খুবই উত্তেজনাকর, বলা যায় এটা পুরো পরিবেশের অংশ।

(১৯৯৫ সালে আর্ট ফোরামের (Art Forum) জানুয়ারি সংখ্যায় সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।)